আর্জেন্টিনা, কোচ, লিওনেল স্কালোনি, চুক্তি, বিশ্বকাপ
লিওনেল স্কালোনি। সংগৃহীত

বিশ্বকাপের পরই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কালোনি। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউট ছাড়ছেন না সাবেক বিশ্বকাপজয়ী কোচ। নতুন চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। শর্ত পূরণ হলে যার মেয়াদ গড়াতে পারে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সাথে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরের নতুন চুক্তিতে সম্মত হয়েছেন স্কালোনি। চুক্তিতে দুই পক্ষের সম্মতিতে মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

সম্প্রতি ফিফা উইন্ডোতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সাথে বৈঠক করেন স্কালোনি। সেখানে চুক্তির বিভিন্ন শর্ত ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেগুলোতে সমঝোতায় পৌঁছানোর পরই স্কালোনির দায়িত্ব চালিয়ে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর স্কালোনির অধীনে বদলে যায় দলটির চেহারা। তার কোচিংয়ে দুটি কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ এনে দেন তিনি।

২০২৬ বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল স্কালোনির। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন ৪৮ বছর বয়সী এই কোচ। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তা কাটিয়ে আর্জেন্টিনার ডাগআউটে থাকার সিদ্ধান্তই নিয়েছেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকতে পারেন স্কালোনি। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এএফএ। আগামী কয়েক দিনের মাঝে বা নভেম্বরের পরে আন্তর্জাতিক বিরতিতে নতুন চুক্তির ঘোষণা আসতে পারে।

আগামী নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে ২০২৬ সাল শেষ করবে আর্জেন্টিনা। ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। চার দিন পর ১৭ নভেম্বর কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রতিপক্ষ কোস্টারিকা।