
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে প্যারিসের রাজপথ এখন উত্তাল, কোথাও কোথাও চলছে কারফিউ। এমন আবহেই ফুটবলের উত্তাপ ছড়াতে প্রস্তুত পার্ক দে প্রিন্সেস। বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও বার্সেলোনা।
পরিস্থিতি উত্তপ্ত হলেও ম্যাচ আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। পার্ক দে প্রিন্সেস ও আশপাশের এলাকা কারফিউয়ের আওতামুক্ত রাখা হয়েছে। ম্যাচ ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থাও।
ইতোমধ্যে প্যারিসে পৌঁছে গেছে বার্সেলোনা। কঠোর নিরাপত্তার মধ্যেই দলটিকে নেয়া হয়েছে টিম হোটেলে। অনুশীলন থেকে ম্যাচ—পুরো সময়জুড়েই থাকবে বিশেষ নিরাপত্তা।
লেকর্নু জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে পুরো প্যারিসে কারফিউ জারির প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। তার মতে, নির্দিষ্ট কিছু এলাকায় আংশিক কারফিউই পরিস্থিতি সামাল দেয়ার জন্য যথেষ্ট।
মাঠের উত্তাপ অবশ্য নতুন নয়। পিএসজি ও বার্সেলোনার দ্বৈরথে নাটকীয়তার কমতি নেই। ২০১৭ সালের শেষ ষোলোয় প্যারিসে ৪–০ গোলে হেরেছিল বার্সেলোনা। কিন্তু ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে ৬–১ গোলের অবিশ্বাস্য জয়ে সেই ম্যাচের হিসাব উল্টে দিয়ে পরের রাউন্ডে উঠেছিল কাতালান ক্লাবটি।
সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে কিছুটা এগিয়ে পিএসজি। এবারো ঘরের মাঠে আত্মবিশ্বাসী তারা। তবে হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। বরং প্যারিসের এই রাত হতে পারে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ।
শহরের অস্থিরতার মাঝেই তাই অপেক্ষা ইউরোপীয় ফুটবলের বড় এক মহারণের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








