২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল মিসর
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল মিসর। সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের ক্ষত শুকানোর আগেই মিসরের জন্য এলো আরেক ধাক্কা। ম্যাচে রেফারিং নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের শাস্তি পেলেন দলের কোচ হোসাম হাসান, তার যমজ ভাই ও জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো।

Advertisement

রেফারির সমালোচনার দায়ে কোচ ও পরিচালককে তিন ম্যাচ করে এবং জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিষয়টি নিশ্চিত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল মিসর। ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। ম্যাচে রেফারিংয়ের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি ছিল মিসরের।

ম্যাচে মিসরের হয়ে গোল করেছিলেন জিকো। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বিল্ডআপে ফাউলের অভিযোগে গোলটি বাতিল করা হয়। পরে আবার ২-২ সমতায় থাকা অবস্থায় মিসরের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন করেন। সেটিও মঞ্জুর হয়নি।

এমতাবস্থায় ম্যাচ শেষে রেফারিং নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন মিসর কোচ হোসাম হাসান। রেফারির কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলকে প্রভাবিত করেছে বলে দাবি করেন তিনি। এমনকি তার মন্তব্যে ইঙ্গিত ছিল, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার স্বার্থে সিদ্ধান্ত প্রভাবিত হয়ে থাকতে পারে।

জিকোও ম্যাচের পর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে নিয়ে কটূক্তি করেন। সেই মন্তব্যের জন্য তাকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর হোসাম হাসানের যমজ ভাই ইব্রাহিম হাসান, যিনি মিসর জাতীয় দলের পরিচালক, পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

এ ঘটনায় গত আগস্টেই তিনজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। তদন্ত শেষে এবার চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত জানানো হয়েছে।

শাস্তির বিস্তারিত কারণ জানতে ফিফার শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। সিদ্ধান্তের আইনি দিক পর্যালোচনা করে আপিল করা হবে কি না, সেটিও খতিয়ে দেখছে তারা।

এই নিষেধাজ্ঞার কারণে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মিসরের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে হোসাম ও ইব্রাহিম হাসানকে পাওয়া নাও যেতে পারে। অন্যদিকে জিকোর নিষেধাজ্ঞা আরো দীর্ঘ, আগামী জুন পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে হতে পারে তাকে।