সারিনা উইগম্যান
সারিনা উইগম্যান। সংগৃহীত

ইংল্যান্ড নারী ফুটবল দলের প্রধান কোচ সারিনা উইগম্যানের সাথে আরো দুই বছরের চুক্তি করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

Advertisement

২০২১ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার পর উইগম্যানের অধীনে ২০২২ ও ২০২৫ সালের ইউরো শিরোপা জিতেছে দলটি। এছাড়া ২০২৩ সালে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ইংল্যান্ড।

৫৬ বছর বয়সী এই ডাচ কোচ টানা পাঁচটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দলকে তুলেছেন। এর মধ্যে নিজের দেশ নেদারল্যান্ডসের হয়ে ২০১৭ সালের ইউরো শিরোপা জয় করেছেন।

নতুন চুক্তিতে উচ্ছসিত উইগম্যান বলেন, ‘এই দলটির সাথে কাজ চালিয়ে যেতে পারব বলে আমি খুবই আনন্দিত। ফুটবলে এর চেয়ে ভালো কাজের কথা আমি ভাবতেও পারি না।’

২০২৩ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরেছিল ইংল্যান্ড। আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে নভেম্বর ও ডিসেম্বরে দুই লেগের প্লে-অফে ইউক্রেনের মুখোমুখি হবে দলটি।

উইগম্যান আরো বলেন, ‘যারা আমাকে চেনেন, তারা বুঝবেন যে এই মুহূর্তে আমার প্রধান মনোযোগ বিশ্বকাপের দিকেই। আগামী বছরগুলোতে এই দলকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরা পর্যায়ে পৌঁছাতে সাহায্য করাই আমার লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘ব্রাজিলে জায়গা নিশ্চিত করতে আমাদের গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। আশা করি, আমরা সেটি করতে পারব এবং আগামী বছর দেশকে আরো একটি স্মরণীয় গ্রীষ্ম উপহার দিতে পারব।’

উইগম্যানের নতুন চুক্তির মেয়াদে ২০২৭ সালের নেশনস লিগও অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের বাছাইপর্ব হিসেবে কাজ করবে এই প্রতিযোগিতা।

এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে উইগম্যানের সাথে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। বাসস