
পায়ের চোটের কারণে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড এন্টনি সেমেনিওকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন কোচ এনজো মারেস্কা।
গত সপ্তাহে ইপসউইচের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে চোট পান ঘানার এই ফরোয়ার্ড। ওই জয়ের মাধ্যমে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড গড়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটি।
মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে এথেন্সের ক্লাব এইকের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে কথা বলেন মারেস্কা। আর্লিং হালান্ড, মাতেও কোভাচিচ, মাথিয়াস নুনেস ও নিকো ও’রেইলির ফিটনেস নিয়ে আশাবাদী থাকলেও সেমেনিওর বিষয়ে তেমন আশার কথা শোনাতে পারেননি তিনি।
মারেস্কা বলেন, ‘বাকি খেলোয়াড়েরা মোটামুটি সবাই ঠিক আছে। একমাত্র সেমেনিওকে সম্ভবত আট সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে।’
তবে সেমেনিওর স্ক্যান পরীক্ষার ফল প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে বলে জানিয়েছেন এই কোচ। তার ভাষায়, ‘পরীক্ষায় দেখা গেছে, চোটটি আমাদের আশঙ্কার মতো গুরুতর নয়।’
ইপসউইচের বিপক্ষে ম্যাচ শেষে তারকা স্ট্রাইকার হালান্ডকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল।
এ বিষয়ে মারেস্কা বলেন, ‘সে খেলতে পারে। এখন আমাদের একটি অনুশীলন সেশন রয়েছে, তারপর দেখা যাবে। রোববারের ম্যাচের পর কয়েকজনকে নিয়ে আমাদের কিছুটা সংশয় রয়েছে। গতকাল সে বেশ ভালো ছিল, আগের চেয়ে উন্নতি করেছে। আজ দেখা যাক কী হয়।’
তিনি আরো বলেন, ‘প্রথমত সেমেনিও বা আমাদের যেকোনো খেলোয়াড়কে হারানো ভালো কিছু নয়। আর্লিংয়ের ক্ষেত্রে আমরা বলেছি, প্রয়োজনে সেমেনিওকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানো যায়। তবে আমাদের আরো কয়েকজন খেলোয়াড় রয়েছে, যাদের নিয়ে নতুন পরিকল্পনা করা সম্ভব।’
মারেস্কা বলেন, ‘আবারো বলছি, এখন আর্লিং আছে। সে থাকতে অন্য কোনো সেন্টার ফরোয়ার্ড নিয়ে ভাবার প্রয়োজন কী? তবে যদি কিছু ঘটে এবং আমাদের বিকল্প পরিকল্পনা বা অন্য কোনো সেন্টার ফরোয়ার্ডের প্রয়োজন হয় তখন দেখা যাবে।’
নতুন ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে প্রথম সাতটি ম্যাচেই জয় পাওয়া প্রথম কোচ মারেস্কা।
তবে সিটির দুর্দান্ত শুরুর পাশাপাশি ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে আর্থিক নিয়ম লঙ্ঘনের শতাধিক অভিযোগে অভিযুক্ত হওয়ার বিষয়টিতেও আলোচনায় রয়েছে ক্লাবটি। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে সিটি। মারেস্কাও বারবার বলেছেন, ক্লাবের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








