
গত রাতটা মোটেও ভালো কাটেনি হামজা চৌধুরীর। লাল কার্ড দেখে আগেভাগেই মাঠ ছাড়তে হয়েছে তাকে, এরপর হার নিয়ে মাঠ ছেড়েছে তার দল শেফিল্ড ইউনাইটেডও। মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে নিষেধাজ্ঞা। আগামী ম্যাচে খেলা হবে না তার।
বুধবার রাতে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। আর এই ম্যাচের প্রথমার্ধেই দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হামজাকে। তবে হামজার লাল কার্ড দেখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার।
এদিন ম্যাচের ৩৫তম মিনিটে প্রতিপক্ষের রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন বাংলাদেশের এই মিডফিল্ডার। এরপর ৪৪তম মিনিটে একই খেলোয়াড়কে ঘিরে আরেকটি ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।
তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হামজাকে। এমতাবস্থায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন হামজা। ফলে আগামী শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
তবে হামজার লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কোচ ক্রিস ওয়াইল্ডার। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওয়াইল্ডারের দাবি, শুরুতে তাদের জানানো হয়েছিল হামজাকে লাল কার্ড দেখানো হবে না। পরে সিদ্ধান্ত বদলানো হয়।
কোচের ভাষায়, ‘আমাদের বলা হয়েছিল, হামজাকে লাল কার্ড দেখানো হবে না। প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে গিয়ে আবেদন করতেই পারে, খেলার অংশ হিসেবেই এসব হয়। কিন্তু আমাদের মনে হচ্ছে, আমরা অন্যায়ের শিকার হয়েছি।’
ম্যাচে শুরুটা অবশ্য শেফিল্ডের জন্য মোটেও ভালো ছিল না। ২ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। ৫৯তম মিনিটে জাফেট টাঙ্গাঙ্গার গোলে ব্যবধান কমায় তারা। আর ৬৭তম মিনিটে টম ক্যাননের গোলে সমতায় ফেরে শেফিল্ড।
তবে ৮৯তম মিনিটে এবু অ্যাডামসের গোলে আবার এগিয়ে যায় পোর্টসমাউথ। শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি শেফিল্ডের। একজন কম নিয়ে খেলার প্রভাব বেশ চোখে পড়ে মাঠে।
এই হারে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫তম স্থানে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে পোর্টসমাউথ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








