
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গলায় সবুজ মাফলার। তাতে আরবি লেখা। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে ম্যাচ জয়ের পর তার গলায় মাফলারটি দেখা যায়।
বুধবার (১৪ অক্টোরব) ডেইলি জংগ জানায়, এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফারগোনাকে ১-৩ গোলে হারায় আল নাসর। পরে জয় উদযাপনের সময়ই রোনালদো বিশেষ ওই মাফলারটি পরেন।
তবে, ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল যে, কেন এই মাফলার পরলেন রোনালদো? মূলত, মাফলার পরিধানের ব্যাপারটি ছিল, সৌদি আরবের প্রতি সংহতি জানানোর একটি বিশেষ প্রতীকী পদ্ধতি।
কেননা, সৌদি আরব জুড়ে নিরাপত্তা উদ্বেগ চলছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করে ওই মাফলারটি পরেন সিআর-সেভেন। আর মাফলারে লেখা ছিল- ‘আল মামলাকাতুল আরাবিয়্যাতুস সাউদিয়্যাহ’। এটি হলো- সৌদি রাষ্ট্রের পূর্ণাঙ্গ আরবি নাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রোনালদোর এমন পদক্ষেপ স্থানীয় সমর্থক ও সংবাদমাধ্যমের বেশ প্রশংসা কুড়ায়।
কারণ, রিয়াদে নিরাপত্তা উদ্বেগের কারণে এই ম্যাচটি শুরু হতে কিছুটা বিলম্ব হয়। এজন্য গোটা ম্যাচজুড়েও দর্শক ও খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। এমন পরিস্থিতিতেই ম্যাচ শেষে সৌদি আরবের প্রতি এমন অভিনব সংহতি প্রকাশ করেন রোনালদো।
উল্লেখ্য, ৪১ বছর বয়সী রোনালদো এই ম্যাচে নিজের দলের দ্বিতীয় গোলটি করেন। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








