
নিজেকে মেলে ধরতে শুরু করেছেন লামিনে ইয়ামাল। স্পেনের জার্সিতে নিয়মিত গোল পেতে শুরু করেছেন ১৯ বছর বয়সী এ তারকা। এবার তার চোখধাঁধানো গোলে চেকিয়াকে ৩-১ গোলে হারিয়ে নেশনস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
শনিবার ঘরের মাঠে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্পেন। ষষ্ঠ মিনিটেই দানি ওলমোর পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে দলকে এগিয়ে দেন ইয়ামাল। গোলটি এতটাই দৃষ্টিনন্দন ছিল যে ডাগআউটে মাথায় হাত দিয়ে বিস্ময় প্রকাশ করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
এটি স্পেনের জার্সিতে ইয়ামালের ১১তম গোল। এর পাঁচটিই এসেছে ম্যাচের প্রথম ১০ মিনিটে। শুধু তাই নয়, টানা তৃতীয় ম্যাচে দলের প্রথম গোল করেছেন তিনি। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে দ্বিতীয় মিনিটেই গোল করেছিলেন বার্সেলোনার এই উইঙ্গার।
৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রদ্রি। পেদ্রির পাস প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে তার সামনে চলে এলে জোরাল শটে বল জালে পাঠান স্পেনের অধিনায়ক। প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
বিরতির পর ইয়ামাল ও অ্যালেক্স বায়েনাকে তুলে নেন কোচ দে লা ফুয়েন্তে। তাতে স্পেনের আক্রমণের ধার কিছুটা কমে যায়। সুযোগ পেয়ে ৬৯তম মিনিটে ব্যবধান কমায় চেকিয়া। দুরূহ কোণ থেকে নিচু শটে গোল করেন স্লামা।
এরপর সমতায় ফেরার চেষ্টা করেছিল চেকিয়া। একবার স্পেনের জালেও বল পাঠিয়েছিল তারা, তবে আক্রমণের শুরুতে ফাউল হওয়ায় গোলটি বাতিল হয়। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চেকিয়ার অধিনায়ক লাজিস্লাভ ক্রেইচি মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে চলে যায়।
শেষ পর্যন্ত ৮৯তম মিনিটে স্পেনের জয় নিশ্চিত করেন মিকেল মেরিনো। মুনিয়োসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বল জালে পাঠান তিনি।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় এবং ৩ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া তৃতীয়। তিন ম্যাচের সবকটিতেই হেরেছে চেকিয়া।
আন্তর্জাতিক ফুটবলে স্পেনের অপরাজিত থাকার ধারাও বেড়ে হয়েছে ৪১ ম্যাচ—৩২ জয় ও ৯ ড্র। এর মাঝে সর্বশেষ ১০ ম্যাচেই জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








