
এক দশক ধরে ক্রিস্টিয়ানো রোনালদোকেই এগিয়ে রেখেছিলেন থমাস মুলার। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বদলে গেছে তার পছন্দ। লিওনেল মেসি ও রোনালদোর দীর্ঘ দ্বৈরথে এবার আর্জেন্টাইন তারকার পক্ষেই রায় দিয়েছেন জার্মানির কিংবদন্তি ফরোয়ার্ড।
এ মুহূর্তে তার মতে, সবকিছু বিবেচনায় মেসিই সর্বকালের সেরা। সম্প্রতি এক পডকাস্টে মুলার মেসিকে সর্বকালের সেরা ঘোষণা দিয়ে বলেন, ‘মেসি নাকি ক্রিস্টিয়ানো? আমাকে এ প্রশ্নটা অসংখ্যবার করা হয়েছে, প্রয়োজনের চেয়েও অনেক বেশি।’
এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করে মুলার বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম ১০ বছর আমি ক্রিস্টিয়ানোর পক্ষেই ছিলাম। কিন্তু যখন পুরো দিকটা বিবেচনা করি, তখন মনে হয় লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। বিশেষ করে ২০২২ সালে তিনি যা অর্জন করেছেন, বিশ্বকাপে যা করে দেখিয়েছেন ও এখনো যা করে যাচ্ছেন, এরপর তিনি একজন বিজয়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’
মেসিকে এগিয়ে রাখার কারণ হিসেবে শুধু ট্রফি কিংবা পরিসংখ্যান দেখছেন না মুলার। ফুটবল উপভোগের আনন্দ ও দীর্ঘ সময় ধরে সেই মান ধরে রাখাকেও গুরুত্ব দিয়েছেন তিনি।
মুলারের ভাষায়, ‘তারকা হওয়ার বহু আগে থেকেই ফুটবল খেলা দেখতে যে আনন্দ পাওয়া যায়, তা কোনো লোক দেখানো বিষয় বা এক বছরের জন্য স্থায়ী কোনো চমক ছিল না। এটি প্রায় দুই দশক ধরে টিকে আছে; এর মধ্যে আছে পরিসংখ্যান আর খেলার নিখাদ আনন্দ। আর সে কারণেই আমি বলি, লিওনেল মেসিই সেরা।’
মেসিকে বেছে নেয়া মুলারের জন্য অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ারের প্রথম দশকে রোনালদোর পক্ষেই ছিলেন। সময়ের সাথে মেসির খেলার সৌন্দর্য ও ধারাবাহিকতায় মুগ্ধ হয়ে নিজের অবস্থান বদলেছেন তিনি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








