
লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা হলো দাপুটে জয় দিয়ে। আক্রমণে ধার, মাঝমাঠে নিয়ন্ত্রণ আর রক্ষণে দৃঢ়তায় বলিভিয়াকে শুরু থেকেই চাপে রেখেছিল। শেষ পর্যন্ত দুই অর্ধে ২টি করে গোল করে ৪-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কর্দোবার মাঠে হওয়া ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মার্তিনেস, নিকো পাজ, ক্রিশ্চিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেস।
শুরু থেকেই বলিভিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে গোলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন লাউতারো। মাঝমাঠ থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল প্রথম স্পর্শে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলেও পরে বল নিজের দখলে নেন তিনি। এরপর ডি-বক্সে ঢুকে পোস্ট ঘেঁষা শটে পরাস্ত করেন গোলরক্ষককে।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এজেকিয়েল পালাসিওসের রক্ষণচেরা পাস ধরে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে প্রথম স্পর্শেই বল জালে পাঠান নিকো পাজ। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল।
প্রথমার্ধের শেষ দিকে আরো একবার গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে হুলিয়ান আলভারেসের শট দুরূহ কোণ থেকে বলিভিয়ার গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও একই দাপট ধরে রাখে আর্জেন্টিনা। ৫৪তম মিনিটে পাজের ফ্রি-কিক থেকে চমৎকার হেডে গোল করেন নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপরও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা। লাউতারোর বদলি হিসেবে নামা হোসে মানুয়েল লোপেস ৮৫তম মিনিটে বল জালে পাঠায়, যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অবশ্য এক মিনিট পরই আর ভুল করেননি পালমেইরাসের এই স্ট্রাইকার। ডি-বক্সে বল পেয়ে নিজের দ্বিতীয় সুযোগে গোল করে আর্জেন্টিনার জয় ৪-০ করেন তিনি।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লিওনেল ফ্লোরেসের হেড ঠেকিয়ে বলিভিয়াকে আরো বড় ব্যবধানের হার থেকে বাঁচান গোলরক্ষক।
বলিভিয়াকে হারিয়ে মেসিকে ছাড়া নতুন পথচলায় জয় দিয়ে শুরু করল আর্জেন্টিনা। সামনে আরো দু’টি ম্যাচ রয়েছে তাদের। মঙ্গলবার বুর্কিনা ফাসোর বিপক্ষে খেলবে স্কালোনির দল। এরপর বুধবার বেনিনের বিপক্ষে মাঠে নামবে তারা। ওই ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে অবসর নেয়া মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








