
নিজে করলেন জোড়া গোল, মাঝে সতীর্থের গোলেও রাখলেন অবদান। লামিন ইয়ামালের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে উড়িয়ে উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন।
সেভিয়ায় মঙ্গলবার ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারায় স্পেন। ইয়ামালের জোড়া গোলের পাশাপাশি মার্ক পুবিল ও নিকো উইলিয়ামস করেন অন্য ২টি গোল। ক্রোয়াটদের একমাত্র গোলদাতা দিওন বেলিয়ো।
এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। দ্বিতীয় মিনিটেই ফের্মিন লোপেসের সহায়তায় দূরের পোস্ট দিয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ইয়ামাল। ২৮তম মিনিটে ইভান পেরেসিচের ক্রসে হেড করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান বেলিয়ো।
তবে সমতা বেশিক্ষণ টেকেনি। ৩১তম মিনিটে কর্নার থেকে ইয়ামালের দেয়া ক্রস লাফিয়ে হেডে জালে পাঠান পুবিল। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের এটি প্রথম গোল।
বিরতির পর আবারো আলো ছড়ান ইয়ামাল। ৬৩তম মিনিটে পেদ্রির রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান বার্সেলোনার এই উইঙ্গার। দেশের হয়ে ৩৫ ম্যাচে এটি তার ১০ম গোল। অ্যাসিস্ট আছে ১২টি।
শেষ দিকে ইয়ামাল মাঠ ছাড়ার পরও গোলের ধারায় ছেদ পড়েনি স্পেনের। ৮৯তম মিনিটে মিকেল মেরিনোর পাস ধরে বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে গোল করেন নিকো উইলিয়ামস।
এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার রেকর্ড ৪০ ম্যাচে নিয়ে গেল স্পেন। এর মধ্যে ৩১টি জয় ও ৯টি ড্র। সর্বশেষ টানা ৯ ম্যাচেই জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। একই রাতে চেকিয়াকে ২-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ইংল্যান্ড। সমান ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া, চেকিয়া এখনও পয়েন্টহীন।
নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে চেকিয়ার মুখোমুখি হবে স্পেন। একই দিন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








