ছিটকে গেছে বাংলাদেশ দল
ছিটকে গেছে বাংলাদেশ দল। সংগৃহীত

ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এর গ্রুপ ‘এ’তে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। রোমাঞ্চকর লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। আর তাতেই গ্রুপের শীর্ষ দুইয়ে ওঠার সমীকরণ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

Advertisement

মূলত এই ড্রয়ে মালেশিয়া ও ইন্দোনেশিয়ার পয়েন্ট এখন সমান ৪। অন্যদিকে, দুই ম্যাচে পয়েন্টশূন্য বাংলাদেশ শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৩ পয়েন্টে পৌঁছাতে পারবে। ফলে গ্রুপের শীর্ষ দুইয়ে ওঠার আর কোনো সুযোগ নেই বাংলাদেশের—নিশ্চিত হয়েছে বিদায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল ইন্দোনেশিয়া। এমনকি চতুর্থ মিনিটেই গোলের দেখা পেয়েছিল স্বাগতিকেরা। বক্সের ভেতর জটলার মধ্য থেকে জাস্টিন হুবনার বল জালে পাঠালেও ফাউলের কারণে তা বাতিল হয়।

এরপরও আক্রমণের ধার কমেনি ইন্দোনেশিয়ার। ঘরের মাঠের দর্শকদের সমর্থনে মালয়েশিয়ার রক্ষণে একের পর এক চাপ তৈরি করে তারা। ষষ্ঠ মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। কেভিন ডিক্স ও বার্গসন দা সিলভার সংঘর্ষের পর দুই দলের খেলোয়াড়েরা জড়ো হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রেফারি।

৩৭ মিনিটে বড় ধাক্কা খায় ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার আরিফ আইমানকে ফাউল করার ঘটনায় ভিডিও সহকারী রেফারির পরামর্শে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয় থম হায়েকে। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

একজন বেশি নিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে মালয়েশিয়া। ইন্দোনেশিয়ার রক্ষণে চাপ বাড়াতে থাকে তারা। বারবার আক্রমণে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি মালয়েশিয়া। বরং ১০ জনের ইন্দোনেশিয়া দৃঢ় রক্ষণে প্রতিপক্ষের সব আক্রমণ ঠেকিয়ে দেয়।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ। ফলে দুই ম্যাচে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পয়েন্ট দাঁড়ায় ৪ করে। অন্যদিকে, সিঙ্গাপুরের কাছে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১–০ গোলে হেরে বাংলাদেশ এখনো পয়েন্টশূন্য। শেষ ম্যাচে জিতলেও বাংলাদেশের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৩।

তাই মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ৪ পয়েন্টে থাকায় গ্রুপের শীর্ষ দুইয়ে ওঠার আর কোনো সুযোগ নেই বাংলাদেশের। অর্থাৎ, গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল।

বাংলাদেশের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে ১ অক্টোবর। একই দিনে মালয়েশিয়ার মুখোমুখি হবে সিঙ্গাপুর। বাংলাদেশের জন্য সেই ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতা।