আয়ারল্যান্ড, ইসরায়েল, নেশনস লিগ
ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলাকালে মাথা নিচু রেখে আয়ারল্যান্ডের প্রতিবাদ। সংগৃহীত

মাঠের বাইরের তীব্র বিতর্কের আবহেই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড ও ইসরায়েল। তবে মাঠে সেই উত্তাপ ছাপিয়ে শুরু থেকেই দাপট দেখায় আয়ারল্যান্ড। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতে ম্যাচ শেষ করে হেইমির হালগ্রিমসনের দল।

Advertisement

রোববার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগের এই ম্যাচটি শুরুর আগেই আলোচনায় ছিল দুই দলের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন। ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়েরা করমর্দন করেননি। ইসরায়েলের জাতীয় সঙ্গীত চলার সময় আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। পুরো ম্যাচে কালো আর্মব্যান্ডও পরেছিলেন তারা।

এর আগে ম্যাচটি বয়কট করা হবে কিনা, তা নিয়ে আইরিশ শিবিরে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটে ম্যাচটি খেলার সিদ্ধান্ত হয়। তবে নিয়মিত গোলরক্ষক গ্যাভিন বাজুনু গাজা যুদ্ধ নিয়ে নিজের নীতিগত অবস্থানের কারণে দল থেকে সরে দাঁড়ান।

মাঠে অবশ্য শুরু থেকেই দাপট দেখায় আয়ারল্যান্ড। মাত্র ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। জেমস আবানকওয়ার পাস থেকে গোল করেন ট্রয় পারট। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডাম ইদাহ। জ্যাক ময়লানের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

২৫তম মিনিটে তৃতীয় গোলটিও আসে। এবার গোলদাতা ময়লান নিজেই। তিন গোলই আসে প্রথমার্ধের ১২ মিনিটের মাঝে। এরপর আর গোল না হলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আয়ারল্যান্ড।

গোলের পর ময়লানের উদযাপনও আলাদা করে নজর কাড়ে। তিনি বাহু থেকে কালো আর্মব্যান্ড খুলে ইসরায়েলি দর্শকদের দিকে তুলে ধরেন ও তাতে চুমু দেন। পরে আয়ারল্যান্ডের জার্সির ব্যাজেও চুমু দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইসরায়েল। কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তবে আয়ারল্যান্ডের গোলরক্ষক কাওহিন কেলেহার একাধিকবার দলকে রক্ষা করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আয়ারল্যান্ড।

এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট হলো আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে কসোভোর কাছে ১-০ গোলে হেরেছিল তারা। অন্যদিকে অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও হারল ইসরায়েল। ফলে দুই ম্যাচে কোনো পয়েন্ট ছাড়াই গ্রুপের তলানিতে তারা।

গ্রুপের শীর্ষে আছে অস্ট্রিয়া, দুই ম্যাচে তাদের পয়েন্ট ৬। কসোভো ও আয়ারল্যান্ডের ৩ পয়েন্ট। গোল ব্যবধানে আয়ারল্যান্ড তৃতীয়।

নেশনস লিগে পরের ম্যাচে আগামী ১ অক্টোবর নিজেদের মাঠে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আয়ারল্যান্ড। একই দিনে ইসরায়েল খেলবে কসোভোর বিপক্ষে।