জার্মানি, গ্রিস, জার্মানি-গ্রিস ম্যাচ, নেশন্স লিগ, দিমিত্রিয়স কুরবেলিস, জার্মানির বিপক্ষে গ্রিসের জয়
জার্মানির মাঠে ইতিহাস গড়ল গ্রিস ফুটবল দল। সংগৃহীত

জার্মানির বিপক্ষে আগের ১০ দেখায় কখনো জিততে পারেনি গ্রিস। এবার সেই অপেক্ষার অবসান ঘটাল তারা। দিমিত্রিয়স কুরবেলিসের গোলে জার্মানিকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা, নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গ্রিস।

Advertisement

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে আউসবুর্গের ডব্লিউডব্লিউকে অ্যারেনায় ‘এ’ লিগের ম্যাচে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল জার্মানি। তবে গ্রিসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৭৪তম মিনিটে কুরবেলিসের শটই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।

গ্রিসের বিপক্ষে আগের ১০ ম্যাচে জার্মানি জিতেছিল সাতটিতে, বাকি তিনটি হয়েছিল ড্র। ফলে এটি শুধু চলতি নেশন্স লিগে গ্রিসের দ্বিতীয় জয় নয়, জার্মানির বিপক্ষে তাদের ইতিহাসের প্রথম জয়ও।

ম্যাচের শুরুতে অবশ্য প্রথম সুযোগটি পায় গ্রিস। অষ্টম মিনিটে কনস্তান্তিনোস কারেতসাসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। কারিম আদেইয়েমি একাধিকবার সুযোগ পেলেও গ্রিসের গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিসকে পরাস্ত করতে পারেননি। ৩২তম মিনিটে আদেইয়েমির শট দুর্দান্তভাবে ঠেকান জোলাকিস।

বিরতির পরও জার্মানির চাপ অব্যাহত ছিল। ৪৯তম মিনিটে বামবাসে কন্তের শট ও ৫৩ তম মিনিটে ইয়োশুয়া কিমিখের ফ্রি-কিক ঠেকিয়ে গ্রিসকে বিপদমুক্ত রাখেন জোলাকিস। এরপরও একের পর এক আক্রমণ করেও গ্রিসের রক্ষণে ফাটল ধরাতে পারেনি জার্মানি।

এরপর ৬৭তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। জার্মানির বল হারানোর সুযোগে ফোটিস ইওয়ানিদিস গোলরক্ষক আলেক্সান্ডার নিউবেলের সামনে একা চলে যান। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

সেই সুযোগ নষ্টের সাত মিনিট পরই গোল পেয়ে যায় গ্রিস। বক্সের বাইরে থেকে কুরবেলিসের নেয়া শট জার্মানির এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ১-০ গোলে এগিয়ে যায় গ্রিস।

গোল হজমের পর ৭৬তম মিনিটে সার্জ গ্নাব্রিকে নামান ক্লপ। পরে আরো পরিবর্তন করেও জার্মানিকে সমতায় ফেরাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্রিস।

ক্লপের অধীনে দুই ম্যাচেও জয় পেল না জার্মানি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ১-১ গোলে ড্র করেছিল তারা। ফলে দুই ম্যাচে জার্মানির সংগ্রহ ১ পয়েন্ট। অন্যদিকে গ্রিস নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে।

প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারানোর পর এবার জার্মানিকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। একই দিনে সার্বিয়াকে ২-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, জার্মানি ১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও সার্বিয়া পয়েন্টশূন্য।

নেশন্স লিগে পরের ম্যাচে ১ অক্টোবর জার্মানি নিজেদের মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে। একই দিনে গ্রিস খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।