কালো বাহুবন্ধনী পরে ইসরাইলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড
ইসরাইলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, কালো বাহুবন্ধনী পরবেন ফুটবলাররা। সংগৃহীত

ইসরাইলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ বয়কট করা হবে কি না- এ নিয়ে তুমুল আলোচনা ও অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। খেলোয়াড়দের ভোটাভুটিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা ম্যাচটি খেলার পক্ষে মত দেয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে গাজা সঙ্ঘাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচে কালো বাহুবন্ধনী পরে খেলবেন আইরিশ ফুটবলাররা।

রোববার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ড ও ইসরাইলের ম্যাচটি। ম্যাচটি ঘিরে অনিশ্চয়তার সূত্রপাত হয় আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনুর অবস্থানকে কেন্দ্র করে। ইসরাইলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে তিনি দল থেকে সরে দাঁড়ান। নিরপরাধ মানুষের প্রাণহানি ও গাজা সঙ্ঘাত নিয়ে নিজের নৈতিক অবস্থানের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাজুনু।

বাজুনুর অবস্থানের পর দলের ভেতরে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা শুরু হয়। খেলোয়াড়, কোচিং স্টাফ ও আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মাঝে প্রায় চার ঘণ্টা বৈঠক হয়। এ সময় আরো কয়েকজন খেলোয়াড় ম্যাচ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছিলেন। পরে খেলোয়াড়দের মধ্যে ভোটাভুটি হলে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা ম্যাচটি খেলার পক্ষে যায়।

আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড কোরেল জানান, খেলোয়াড়দের মতামতের ভিত্তিতেই ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে তিনি ভোটের সুনির্দিষ্ট ফল প্রকাশ করেননি। সংস্থাটি জানিয়েছে, খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন মতামতকে তারা সম্মান করে ও ম্যাচগুলো ঘিরে সংবেদনশীলতার বিষয়টিও তারা বিবেচনায় নিয়েছে।

মাঠে নামার সিদ্ধান্ত হলেও প্রতিবাদের অবস্থান পুরোপুরি বাদ দিচ্ছেন না আইরিশ ফুটবলাররা। গাজা সঙ্ঘাতে নিহত সব মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে কালো বাহুবন্ধনী পরার পাশাপাশি ম্যাচ-পূর্ব আনুষ্ঠানিকতার কিছু অংশেও অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আন্তর্জাতিক বিরতির বাকি সময়টিতে খেলোয়াড়দের গণমাধ্যমের কার্যক্রম থেকেও দূরে থাকার সিদ্ধান্ত হয়েছে।

আয়ারল্যান্ড ও ইসরাইলের এই ম্যাচটি শুরু থেকেই বিতর্কের মাঝে রয়েছে। ম্যাচ বয়কটের দাবিতে আয়ারল্যান্ডে বিক্ষোভও হয়েছে। এর আগে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা ইসরাইলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচগুলো আয়োজনের পক্ষে ভোট দিয়েছিলেন। দুই দলের ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হচ্ছে; রোববারের ম্যাচটি হবে হাঙ্গেরিতে ও ফিরতি ম্যাচটি ৪ অক্টোবর সার্বিয়ায় হওয়ার কথা রয়েছে।