বেলিংহাম
বেলিংহাম। সংগৃহীত

 

সর্বশেষ ফিফা বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের সুবাদে টানা দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বর্ষসেরা (২০২৫-২৬) ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহাম।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অফিসিয়াল অ্যাপে ভক্তদের ভোটে গত মৌসুমে ‘থ্রি লায়ন্স’-এর সেরা খেলোয়াড় নির্বাচিত হন বেলিংহাম।

সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বেলিংহাম বলেন, ‘খুব ভালো লাগছে। স্বাভাবিকভাবেই, ভক্তদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়াটা অনেক বড় সম্মানের বিষয়। দেশের হয়ে খেলার সময় সাধারণত এসব নিয়ে ভাবা হয় না, তবে আমাদের দারুণ এক গ্রীষ্মের জন্য এটি নিঃসন্দেহে সেরা অর্জন।’

এবারের মৌসুমে ইংল্যান্ডের হয়ে ১২ ম্যাচে ৭ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন বেলিংহাম। সবগুলোই করেছেন ২০২৬ ফিফা বিশ্বকাপে। বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। 

গ্রীষ্মে বেলিংহামের পারফরমেন্স নিয়ে ইংল্যান্ড দলের প্রধান কোচ টমাস টুখেল বলেন, ‘আমার মতে, সে কেবল আমাদের দলের জন্য নয় বরং পুরো টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিল। সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সে একজন লড়াকু খেলোয়াড় এবং সে কতটা দুর্দান্ত পারফরমার, তা সহজেই বোঝা গেছে।’

তিনি আরো বলেন, ‘চাপের মুখে বেলিংহাম বেশি ভালো খেলে। বড় মঞ্চ খুব পছন্দ করে এবং যেকোনো পরিস্থিতিতে নিজের সেরাটা উজাড় করে দেয় সে।’

বিশ্বকাপে বেলিংহামের করা সাতটি গোলের মধ্যে ছিল ‘আজতেকা’ স্টেডিয়ামে আয়োজক দেশ মেক্সিকোর বিপক্ষে ‘রাউন্ড অফ ১৬’-এর সেই স্মরণীয় ৩-২ ব্যবধানের জয়ে জোড়া গোল এবং নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানের জয়ে জোড়া গোল।

বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ইংল্যান্ড। মেক্সিকোর বিপক্ষে জয়টি এই মৌসুমে সেরা মুহূর্ত ছিল বলে জানান বেলিংহাম।

তিনি বলেন, ‘মেক্সিকো ম্যাচের আগে অনেক আলোচনা হয়েছে। ওই ম্যাচে জয় পাওয়া এবং ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারাটা সত্যিই অবিশ্বাস্য ছিল।’

এর আগে, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। ২২ বছর ৩৫৩ দিন বয়সে চারটি বড় টুর্নামেন্টে অংশ নেয়া কনিষ্ঠ ইউরোপীয় খেলোয়াড় হওয়ার নজির গড়েন বেলিংহাম। 

ছয় দিন পর, গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নেমে ইংল্যান্ডের কনিষ্ঠ খেলোয়াড়ে হিসেবে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন বেলিংহাম। 

ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ ফুটবলার :

২০০৩- ডেভিড বেকহ্যাম (ম্যানচেস্টার ইউনাইটেড)

২০০৪- ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি)

২০০৫- ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি)

২০০৬-ওয়েন হারগ্রিভস (বায়ার্ন মিউনিখ)

২০০৭-স্টিভেন জেরার্ড (লিভারপুল)

২০০৮-ওয়েন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড)

২০০৯-ওয়েন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড)

২০১০-অ্যাশলে কোল (চেলসি)

২০১১-স্কট পার্কার (টটেনহ্যাম হটস্পার)

২০১২-স্টিভেন জেরার্ড (লিভারপুল)

২০১৪-ওয়েন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড)

২০১৫-ওয়েন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড)

২০১৬-অ্যাডাম লালানা (লিভারপুল)

২০১৭-হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার)

২০১৮-হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার)

২০১৯-জর্ডান হেন্ডারসন (লিভারপুল)

২০২০-২১-ক্যালভিন ফিলিপস (লিডস ইউনাইটেড)

২০২১-২২-বুকায়ো সাকা (আর্সেনাল)

২০২২-২৩-বুকায়ো সাকা (আর্সেনাল)

২০২৩-২৪ কোল পামার (চেলসি)

২০২৪-২৫-জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ)

২০২৫-২৬-জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) 

সূত্র : বাসস