রোনালদো
১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান রোনালদো সংগৃহীত

ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলের ইতি টানার ঘোষণা দিলেও, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ থেকে শুরু হওয়া উয়েফা নেশনস লিগ দিয়ে দেশের জার্সিতে আবারো মাঠে মাতানোর লক্ষ্য স্থির করেছেন তিনি।

২০১৬ ইউরোজয়ী পর্তুগাল অধিনায়ক রোনালদো জানান, ফুটবল ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি এবারের নেশনস লিগ জিততে চান।

উয়েফা নেশনস লিগে গ্রুপ-এ৪-এ নিজেদের প্রথম ম্যাচে আজ ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। এর আগে দুবার নেশনস লিগ জিতেছে রোনালদোর পর্তুগাল। ২০১৮-১৯ সালে ও গত মৌসুমে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। দেশের হয়ে তৃতীয়বার নেশনস লিগ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

ওয়েলসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, ‘এক হাজার গোল করার পাশাপাশি জাতীয় দলের হয়ে নেশনস লিগ জিততে চাই। দুটি লক্ষ্যই গুরুত্বপূর্ণ। নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে।’

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত ৯৭৯টি গোল করেছেন রোনালদো। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে আর ২১ গোল প্রয়োজন তার।

তিনি আরো বলেন, ‘আমি জানি, ১ হাজার গোলের মাইলফলক আমি অর্জন করতে পারবো। কিন্তু এটি অর্জনের জন্য আমি অস্থির নই। আমি ফুটবল উপভোগ করতে চাই। তবে হ্যাঁ, আমি সত্যিই এই রেকর্ড গড়তে চাই।’

অবসর ভেঙে আবারো আন্তর্জাতিক অঙ্গনে ফেরার বিষয়ে খোলামেলা কথা বলেছেন রোনালদো। তিনি বলেন, ‘হ্যাঁ, অবসরের কথা বলেছিলাম। অবশ্যই আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে ভাবি। আমি চিন্তাশীল মানুষ, এগুলো নিয়ে ভাবতে হয়। আমি এখনো বিশ্বাস করি, জাতীয় দল যা কিছু অর্জন করতে চায়, সেগুলো অর্জন করার পেছনে অবদান রাখতে আমার সামর্থ্য আছে।’

নেশনস লিগে ফাবিও সিলভা, রেনাটো ভেইগা, নুনো মেন্ডেস, হোয়াও নেভেস এবং ফ্রান্সিসকো কনসেইসাওর মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে পর্তুগাল।

দেশের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের সহায়তা করার জন্য পর্তুগালের হয়ে নিজের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান রোনালদো।

তিনি বলেন, ‘এটি তরুণ প্রজন্ম। আমার কাছে মূল বিষয় হলো মাঠে নেমে গোল করা এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি জানি আমি কে। এই অবস্থানে পৌঁছাতে এবং যে সাফল্য আমি অর্জন করেছি, তার জন্য আমাকে কী করতে হয়েছে, তা আমি জানি।’

তরুণ খেলোয়াড়রা তাকে আদর্শ হিসেবে দেখে বলে মনে করেন রোনালদো, ‘আমি জানি তরুণরা কেন রোনালদোকে এত পছন্দ করে। কারণ তারা আমাকে আদর্শ হিসেবে দেখে। আমি ভবিষ্যতেও সেই ভূমিকা পালন করে যাব। এমনকি অবসর নেয়ার পরও, অর্থাৎ আগামী ১০ বছর পরও।’

তিনি আরো বলেন, ‘আমি নিজের বর্তমান অবস্থা নিয়ে খুশি। আগামীকাল আমি খেলব কি না, বা পরের ম্যাচে বিশ্রাম নেব কি না, সেটা কোনো বড় বিষয় নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি যেন ভালো বোধ করি।’