ক্রিস্টিয়ানো রোনালদো, অবসর, গোল, পর্তুগাল, নেশনস লিগ
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এখনই বিদায় নিচ্ছেন না পর্তুগিজ এই তারকা। ওয়েলসের বিপক্ষে নেশনস লিগ ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, জাতীয় দলকে আরো কিছু দেয়ার সামর্থ্য তিনি অনুভব করছেন।

বুধবার লিসবনের কাছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সদর দফতরে আয়োজিত পর্তুগাল ফুটবল সামিটে সাংবাদিকদের মুখোমুখি হন রোনালদো। সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সরে যাওয়ার কথা তিনি ভেবেছিলেন কিনা।

জবাবে রোনালদো বলেন, ‘হ্যাঁ, ভেবেছিলাম। আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে ভাবি। আমাকে ভাবতেই হয়। এ কারণেই আপনারা আমাকে এখানে দেখছেন।’

বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ নিয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও নতুন কোচ জর্জ জেসুসের সাথে কথা বলেছিলেন বলেও জানান রোনালদো। সেই আলোচনার পরই জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি আরো নিশ্চিত হন।

রোনালদোর ভাষায়, ‘আমি আমাদের সভাপতির সাথে, আমাদের কোচের সাথে কথা বলেছি। আমি এখনো বিশ্বাস করি, জাতীয় দলকে তারা যেখানে নিতে চায়, সেখানে পৌঁছাতে আমি সাহায্য করতে পারি।’

জাতীয় দলে নিজের ভূমিকা নিয়েও পরিষ্কার করে দেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি জানান, শুধু গোল করাই নয়, তরুণ খেলোয়াড়দের পাশে থেকেও দলকে সহায়তা করতে চান। তবে মাঠে গোল করে দলকে জেতানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘নতুন একটি তরুণ প্রজন্ম এসেছে। আমি জাতীয় দলকে শুধু গোল দিয়ে নয়, মাঠের বাইরেও সমর্থন দিতে পারি। তবে আমার জন্য মূল বিষয় হলো মাঠে গোল করা ও দলকে ম্যাচ জিততে সাহায্য করা।’

অবসরের নির্দিষ্ট সময় নিয়েও প্রশ্ন করা হয় তাকে। তবে কোনো সময়সীমা দিতে রাজি হননি রোনালদো। বরং বর্তমান নিয়েই থাকতে চান বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমি গত কয়েক বছর থেকে একটি বিষয় শিখেছি—বর্তমানে বাঁচতে হয়, আগামীকাল নিয়ে ভাবতে হয় না। অবসর নেয়া সম্ভব? হ্যাঁ। খুব সম্ভব? হ্যাঁ। কিন্তু সেটা হবে কিনা, আমি জানি না।’

এর মাঝেই রোনালদোর সামনে রয়েছে আরেকটি বড় ব্যক্তিগত লক্ষ্য—ক্যারিয়ারে এক হাজার গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন তার গোল ৯৭৯টি। অর্থাৎ চার অঙ্কের মাইলফলক থেকে ২১ গোল দূরে তিনি।

এ নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘আমি আগেই বলেছি, আমি সেখানে পৌঁছাতে চাই এবং পৌঁছাবও। তবে এটা কোনো আবেশ নয়। আমি প্রতিটি দিন উপভোগ করতে চাই।’

পর্তুগালের জার্সিতে হাজারতম গোল করতে পারলে সেটিকে ক্যারিয়ারের বিশেষ পূর্ণতা হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘জাতীয় দলের হয়ে আমার হাজারতম গোল করতে পারলে সেটা হবে কেকের ওপর চেরি। এটি একটি সুন্দর গল্পের পরিপূর্ণতা হবে।’

রোনালদোর সামনে অবশ্য শুধু ব্যক্তিগত লক্ষ্য নয়, পর্তুগালের সাফল্যও গুরুত্বপূর্ণ। নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নরা নতুন আসর শুরু করছে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ম্যাচ দিয়েই জাতীয় দলের নতুন কোচ জর্জ জেসুসের অধ্যায়ও শুরু হচ্ছে।

সামিটে রোনালদোর পাশে থাকা জেসুসও তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। নতুন পর্তুগাল কোচ বলেন, ‘ক্রিস্টিয়ানো পর্তুগাল ও জাতীয় দলের প্রতীক।’ তবে একই সাথে স্পষ্ট করেন, দলে কে খেলবেন সেই সিদ্ধান্ত কোচেরই।

জেসুস আরো নিশ্চিত করেন, ওয়েলসের বিপক্ষে ম্যাচে রোনালদো খেলবেন। ম্যাচটি হতে যাচ্ছে পর্তুগালের হয়ে তার ২৩৪তম আন্তর্জাতিক উপস্থিতি।

অর্থাৎ বিশ্বকাপের পরই অবসরের দরজা খোলার কথা ভাবলেও আপাতত সেটি বন্ধ রাখছেন রোনালদো। জাতীয় দলের হয়ে আরো কিছু অর্জনের পাশাপাশি এখন তার চোখ ১ হাজার গোলের মাইলফলকেও।