
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। সেই ম্যাচকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে বিশেষ জার্সি। এবার সেটির প্রথম ঝলক নিজেই প্রকাশ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। এর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে বিশেষ জার্সিটি দেখিয়েছেন মেসি। ভিডিওটির সাথে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ... সারাজীবনের জন্য একটি জার্সি।’
বিদায়ী ম্যাচের জন্য তৈরি জার্সিটিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রং রাখা হয়েছে। তবে সাধারণ জার্সির তুলনায় এতে রয়েছে বেশ কিছু বিশেষ সংযোজন। মূল অংশে আকাশি রঙের সাথে মাঝ বরাবর রয়েছে একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ।
সবচেয়ে নজরকাড়া পরিবর্তন পেছনের দিকে। সেখানে মেসির নাম ও বিখ্যাত ১০ নম্বরটি রাখা হয়েছে সোনালি রঙে। পাশাপাশি পেছনের অংশে রয়েছে ‘সান অব মে’র বিশেষ নকশা, যা বেস-রিলিফের মতো করে ফুটিয়ে তোলা হয়েছে।
এই বিশেষ জার্সি মেসি ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচেই পরবেন। ওই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে তার দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা অবশ্য আরো দুটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মেসির থাকার কথা শুধু ৬ অক্টোবরের বেনিন ম্যাচে।
মেসির বিদায়কে ঘিরে ম্যাচটিকে বিশেষ করে তুলতে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ৬ অক্টোবর মনুমেন্টালে মেসির বিদায়ী ম্যাচ ঘিরে থাকছে বাড়তি আয়োজন ও আবেগ।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির শেষ উপস্থিতির সাক্ষী হবে মনুমেন্টাল।








