
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পৌঁছে গেছে ইন্দোনেশিয়ায়। শনিবার রাতে ঢাকা ছাড়ার পর রোববার সকালে রাজধানী জাকার্তায় পৌঁছান জামাল ভূঁইয়ারা।
তবে দলের সাথে ছিলেন না হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম ও ইংল্যান্ডপ্রবাসী নতুন মুখ ফারহান আলি ওয়াহিদ। এই তিন ফুটবলার সোমবার দলের সাথে যোগ দেবেন।
এদিকে দল জাকার্তায় পৌঁছানোর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে উঠতে দলের প্রায় বেলা ১১টা বেজে যায়। কোচ টমাস ডুলির সাথে সফর করেছেন ২২ ফুটবলার।
ভিসা জটিলতার কারণে দলের সাথে যেতে পারেননি সোহেল রানা জুনিয়র। জটিলতা কাটিয়ে সোমবার তাকে জাকার্তায় নেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশের জন্য এবারের আসিয়ান কাপের গুরুত্বও আলাদা। প্রথমবারের মতো এই প্রতিযোগিতার মঞ্চে নামতে যাচ্ছে লাল-সবুজের দল। জাকার্তায় পৌঁছে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ এখন মূল লড়াইয়ের প্রস্তুতিতেই মনোযোগ জামাল ভূঁইয়াদের।
আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান।
এবারের আসিয়ান কাপ অনুষ্ঠিত হচ্ছে দু’টি বিভাগে। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে জাকার্তায়। আর ছয় দলের ডিভিশন-২-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হংকংয়ে।







