
ক্রীড়া ডেস্ক
ইতালির সর্বকালের সেরা ফুটবলারদের একজন এবং ইন্টার মিলানের ‘আইকন’ সান্দ্রো মাজ্জোলা মারা গেছেন। ৮৩ বছর বয়সে তার মৃত্যুর খবর গতকাল নিশ্চিত করেছে ইন্টার। ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের পুরো সময় ইন্টার মিলানেই খেলেছেন তিনি। ইতালির জার্সিতে খেলেছেন প্রায় এক যুগ।
মূলত ফরোয়ার্ড হলেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও অনেক ম্যাচে খেলেছেন মাজ্জোলা। মাঠ তার গতি, সারা মাঠ ছুটে বেড়ানো, সৃষ্টিশীলতা, টেকনিক্যাল দক্ষতা এবং গোল খোঁজার প্রবণতা মিলিয়ে তাকে মনে করা হয় ইতালির সর্বকালের ফুটবলারদের একজন। অনেকের চোখেই তার প্রজন্মের সেরা ছিলেন তিনি।
ইন্টার মিলানের জার্সিতে তিনি খেলেছেন ১৯৬০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত। এ সময় ৫৬৫ ম্যাচ খেলে গোল করেছেন ১৫৮টি। ক্লাবের হয়ে জিতেছেন চারটি সিরি আ শিরোপা, দু’টি ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়ন্স লিগ) ও দু’টি ইন্টারকন্টিনেন্টাল কাপ।
দেশের জার্সিতে ১৯৬৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছেন মাজ্জোলা। এ সময়ের মধ্যে ৭০ ম্যাচে গোল করেছেন ২২টি। এর মধ্যে ১৯৬৮ ইউরোতে চ্যাম্পিয়ন ও ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে খেলা ইতালি দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। খেলেছেন ১৯৬৬ ও ১৯৭৪ বিশ্বকাপেও।
১৯৭৭ সালে খেলোয়াড়ি জীবন শেষে ওই বছর থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ইন্টার এবং তার পর জেনোয়াতে নির্বাহী পদে ছিলেন মাজ্জোলা। পরে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আবার ছিলেন ইন্টারের ক্রীড়া পরিচালক। ওই অধ্যায় শেষে ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ছিলেন তুরিনোর ক্রীড়া পরিচালক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








