
৪১ বছর বয়সি ক্রিস্টিয়ানো রোনালদোকে রেখেই উয়েফা নেশনস লিগের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস।
গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের পর রোনালদো জানিয়েছিলেন, এবারের আসরই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা স্পষ্ট করেননি তিনি।
আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে ১৪৬টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড। ২০১৬ সালে দেশকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাতেও বড় অবদান রাখেন তিনি।
বিশ্বকাপ দল থেকে চারজনকে বাদ দিয়েছেন কোচ জেসুস। হোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, হোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।
বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর পর্তুগালের কোচের দায়িত্ব ছাড়েন রবার্তো মার্তিনেজ। তার বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব নেন জেসুস।
নেশনস লিগে ‘ডি’ গ্রুপে খেলবে পর্তুগাল। ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা।
২৭ সেপ্টেম্বর খেলবে নরওয়ে বিপক্ষে।
এরপর ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ৪ অক্টোবর ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে আবারো খেলবে জেসুসের দল।
পর্তুগাল দল
গোলরক্ষক : দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার : রুবেন দিয়াস, টমাস আরাউয়ো, দিয়োগো দালোত, রেনাটো ভেইগা, গনসালো ইনাসিও, হোয়াও ক্যানসেলো, নুনো মেন্ডেস ও নুনো তাভারেস।
মিডফিল্ডার : ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, হোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া ও হোয়াও পলহিনহা।
ফরোয়ার্ড : ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, হোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেড্রো নেটো, ফাবিও সিলভা ও ফ্রান্সিসকো কনসেইকাও। বাসস







