
২০২৬ এশিয়ান গেমসে স্বর্ণ জিতলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভির হাত থেকেই পদক নিতে হতে পারে ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দলকে। অন্যথায় মুখোমুখি হতে হবে কড়া শাস্তির।
কেননা অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) নিয়ম অনুযায়ী, নির্ধারিত ব্যক্তি পদক প্রদান করলে তা গ্রহণে অস্বীকৃতি জানালে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। আর এটাই কাল হতে পারে ভারতের জন্য।
সম্প্রতি এশিয়া কাপের পুরস্কার বিতরণীতে নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতের নারী দল। এর আগে, গত বছর ভারতীয় পুরুষ দলও নকভির কাছ থেকে ট্রফি নেয়নি। তবে এশিয়ান গেমসে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওসিএ সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি যদি আনুষ্ঠানিকভাবে নকভিকে পদক প্রদানের দায়িত্ব দেন, তাহলে ভারতীয় ক্রীড়াবিদদের তার কাছ থেকেই পদক গ্রহণ করতে হবে।
ওসিএর সংবিধান ও সনদের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিজয়ীদের পদক তুলে দেন ওসিএ সভাপতি অথবা তার মনোনীত প্রতিনিধি। একই সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণবাদী প্রচার ও প্রতিবাদ নিষিদ্ধ।
নির্ধারিত ব্যক্তিকে সম্মান না জানিয়ে পদক গ্রহণে অস্বীকৃতি জানালে সেটিকে এশিয়ান গেমসের প্রতি অবমাননা হিসেবে বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘আমাদের মূল নজর এখন কেবল ম্যাচের ওপর। আগে দলকে পদক জয়ের মঞ্চ পর্যন্ত পৌঁছাতে হবে। সময় এলে আমরা সব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’
এশিয়ান গেমসে ভারত স্বর্ণ জিতলে নকভির কাছ থেকে পদক গ্রহণের বিষয়টি নতুন করে আলোচনায় আসতে পারে। তবে ভারত এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।







