
ক্রীড়া ডেস্ক
ইউরোপা লিগের নতুন মৌসুমে গত পরশু মাঠে নেমেছিল ইউরোপের বেশ কয়েকটি পরিচিত ক্লাব। দ্বিতীয় দিনের ম্যাচে সবচেয়ে বড় জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ঘরের মাঠে নেদারল্যান্ডসের এনইসি নাইমেখেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সিরি ‘আ’র দলটি। মার্সেইয়ের বিপক্ষে বড় জয় বেসিকতাসের। স্বস্তির জয় পেয়েছে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসও।
তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলে নিয়ন্ত্রণে নেয় জুভেন্টাস। এর মাঝে ৯ মিনিটে নিকোলাস গঞ্জালেসের গোলে এগিয়ে যায়। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেরিম আলাজবেগোভিচ। ৩৬ মিনিটে পেনাল্টি গোলে দলের হয়ে ৩-০ ব্যবধান করেন নিক ভল্টেমাডে। স্বাগতিকদের হয়ে ৭৫ মিনিটে হালি পূর্ণ করেন জেকি চেলিক। প্রতিপক্ষের জালে শেষ পেরেক ঠুকেন ৮২ মিনিটে রান্দাল কোলো মুয়ানি। আর তাদেই বড় জয় নিশ্চিত হয় জুভেন্টাসের।
তুরস্কের ইস্তাম্বুলে বড় জয় পেয়েছে স্বাগতিক বেসিকতাস। মার্সেইকে ৪-১ গোলে হারিয়েছে তারা। ১৫ মিনিটে ইলহান ফাকিলির গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধে কাইলিয়ান আবদাল্লাহর সমতা ফেরায় মার্সেইকে। বিরতির পর দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে বেসিকতাস। ৫৬ মিনিটে ভাকলাভ চেরনি, ৩ মিনিট পর আমির মুরিলো ও ৮১ মিনিটে আর্নেস্ট পোকু জালের দেখা পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে তুর্কি ক্লাবটি।
স্বস্তির জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেসও। লেচ পোজনানকে ৪-০ গোলে হারিয়েছে তারা। স্পেনে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে আরেক ইংলিশ ক্লাব বোর্নমাউথ। স্কটল্যান্ডে অবশ্য হতাশ হয়েছে সেল্টিক। ঘরের মাঠে ফেরেনকোভার্সের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। ওএফআই ক্রিটে ২-০ গোলে হারিয়েছে হফেনহাইমকে। রেড বুল সালজবুর্গর ১-০ গোলের জয় লেভস্কি সোফিয়ার বিপক্ষে। ভিক্টোরিয়া প্লজেনকে ৩-০ গোলে হারিয়েছে ইউনিয়ন সেন্ট-গিলোইজ। আর লিলেস্ট্রোমের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে তোরেন্সে।







