বিশ্বকাপের পর স্কোয়াডে চমক স্পেনের

 ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০তে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের ট্রফি জয় করেছিল স্পেন। এরপর দুই মাস পেরিয়ে গেলেও আর মাঠে নামা হয়নি লা রোজাদের। বিশ্বকাপের পর আবার আগামী ২৬ সেপ্টেম্বর মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ ২৪ সেপ্টেম্বর শুরু হলেও তার দুই দিন পর মাঠে নামবে ২০২৩ সালের চ্যাম্পিয়নরা। নেশন্স লিগের এই ম্যাচের জন্য গতকাল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। যেখানে বিশ্ব জয়ী দলের ২৬ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন।
দে লা ফুয়েন্তের ঘোষিত স্কোয়াড থেকে ডান হাঁটুর চোটের কারণে বাদ পড়েছেন বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া। রেসিংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি। তার জায়গায় দলে সুযোগ হয়েছে ইন্টার মিলান গোলরক্ষক হোসেপ মার্টিনেজ। ২০২১ সালের জুনে শেষবার স্পেনের জার্সি পরেছিলেন গোলপোস্টের নিচের এই অতন্ত্র প্রহরী। গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেছেন মার্কোস লরেন্তে। তার জায়গায় এসেছেন এরিক গার্সিয়া। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর এবার ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডিন হুইসেন। চোটের কারণে বাদ পড়েছেন বার্সেলোনার ডিফেন্ডার গাভিও। আর নতুন করে অন্তভুক্ত হয়েছেন ফেরমিন লোপেজ। বোরহা ইগলেসিয়াসের বাদ পড়া চমক। তার জায়গায় এসেছেন এস্পানিওল স্ট্রাইকার রবার্তো ফার্নান্দেজ। 
আন্তর্জাতিক বিরতিতে স্পেনের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। এরপর আরো তিন ম্যাচ খেলবে ফুয়েন্তের দল। ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে তারা আতিথেয়তা দেবে ক্রোয়েশিয়াকে। ৩ অক্টোবর ওভিয়েদোতে স্পেনের প্রতিপক্ষ চেক রিপাবলিক। এই সিরিজ শেষ হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ দিয়ে।
স্পেনের স্কোয়াড : গোলরক্ষক- উনাই সিমন, ডেভিড রায়া, জোসেপ মার্টিনেজ; ডিফেন্ডার- পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, লাপোর্তে, ভিভিয়ান, ডিন হুইসেন, কুকুরেলা, গ্রিমাল্ডো; মিডফিল্ডার- রদ্রি, জুবিমেন্ডি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি ওলমো, বেনা, ফেরমিন লোপেজ; ফরোয়ার্ড- নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, ফেরান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিনে ইয়ামাল ও ভিক্টর মুনোজ।