আবাহনীর হোঁচট ফর্টিসের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক
নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গতকাল ঠিকই বাংলাদেশ ফুটবল লিগ মাঠে গড়িয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। আর এই উদ্বোধনী দিনেই পয়েন্ট হারিয়েছে লিগ রানার্সআপ ঢাকা আবাহনী। তাদের গোলশূন্যতে রুখে দিয়েছে পিডব্লিউডি। তবে আগে ক্যাম্প করার পূর্ণ সুবিধাই আদায় করে নিয়েছে ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে কোয়ালিফাই করা ফর্টিস কাল বড় জয় পেয়েছে। তারা ৬-০তে হারিয়েছে নবাগত সিটি এফসিকে। ফর্টিসের মতোই এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলেছিল বাংলাদেশ পুলিশও। তাদেরও জয়ে শুরু। ১-০ গোলে হারিয়েছে  রহমতগঞ্জকে। নতুন ভেনুতে জয় পেয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলও। তাদের ২-১ গোলে জয় ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। এবারের লিগের আরেক নবাগত সিটি ক্লাবও পেয়েছে সহজ জয়। তাদের ৩-০তে জয় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
গত সিজনে দেশী ফুটবলার দিয়েই লিগ শুরু করেছিল ঢাকা আবাহনী। এবার বিদেশী খেলোয়াড় নিয়েছে তারা। তবে এখনো তারা দেশে এসে পৌঁছায়নি। ফলে স্থানীয়দের নিয়েই মাঠে নামা আকাশি-নীল শিবিরের। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ইয়াসিন খান দলের নেতৃত্বে। অবশ্য মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জয়ে শুরু করা সম্ভব হয়নি মারুফুল হকের দলের। পিডব্লিউডির সাথে তাদের গোলশূন্য ড্র করা। পিডব্লিউডি অবশ্য একজন ক্যামেরুন ও একজন জার্মান খেলোয়াড় নিয়ে মাঠে নামে।
কিংস এরিনায় ফর্টিসের প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম সিটি এফসি। বাংলাদেশ ফুটবল লিগে নতুন আসা এই দলটির প্রস্তুতি কম সময়ের। এর ফলই ভোগ করতে হয়েছে। তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়েই গোল উৎসবে মেতেছে মাসুদ পারভেজ কায়সারের দল। ম্যাচে জোড়া গোল করেছেন পা ওমর ও আকাদা। একটি করে গোল মোহাম্মদ ইব্রাহিম ও রাফায়েল টুডুর। ৪৭ ও ৮৭ মিনিটে গোল করেন গাম্বিয়ার পা ওমর বাবোউ। জাপানী নরিকি আকাদার দুই গোল ৫২ ও ৭৭ মিনিটে। এ ছাড়া ৭৯  মিনিটে ইব্রাহিম ও ৮২ মিনিটে রাফায়েল টুডু গোল করেন। ম্যাচে চট্টগ্রাম সিটি এফসির কোচের দায়িত্ব পালন করেন নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশী নাগরিক এলিটা কিংসলে। দলের কানাডার কোচ জুলিও মরিনো না আসায় বাংলাদেশ দলের হয়ে দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংসলে কোচিং করাচ্ছেন। যদিও কোচ হিসেবে তালিকায় নেই তার নাম।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ইনজুরি টাইমে এসে গোলের দেখা পায় বাংলাদেশ পুলিশ। ৯১ মিনিটে জয়সূচক গোল করেন আরিয়ান। স্বল্পসময়ের প্রস্তুতি নিয়ে রহমতগঞ্জের পক্ষে সম্ভব হয়নি হার এড়ানো।
আবার পেশাদার লিগের ভেনু পেয়েছে গোপালগঞ্জ। এই মাঠে মাত্র তিন দিনের অনুশীলন নিয়ে ব্রাদার্সও পারেনি সুবিধা করতে। তাদের ৩-০তে উড়িয়ে দিয়েছে নবাগত সিটি ক্লাব। আবদুল কাইয়ুম সেন্টুর দলের হয়ে ২৮ মিনিটে এনামুল গাজী গোল করেন। ৩৪ মিনিটে নাইজেরিয়ান ওকাফোর ব্যবধান দ্বিগুণ করার পর ৭৪ মিনিটে রফিকুল স্কোর ৩-০ করেন।
চাঁদপুরে গাম্বিয়ার সোলেমান সিল্লার জোড়া গোলে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল ২-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল করেন অস্ট্রেলিয়ার আনগুস জন বেইলি।