আল নাসরের বড় হার

ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস প্যালাসিওসের ঝামেলা নতুন নয়। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আল আইনের মাঠে। তবে এবারের রাতটি রোনালদোর জন্য ছিল হতাশার। এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছে আল নাসর। ক্লাবে যোগ দেয়ার পর এটিই রোনালদোর সবচেয়ে বড় হার।
আল আইন ২-০ গোলে এগিয়ে থাকার সময় স্বাগতিকদের বক্সে ঢুকছিলেন রোনালদো। বাঁ প্রান্ত থেকে ক্রসের অপেক্ষায় থাকা পর্তুগিজ তারকাকে বাধা দেয়ার চেষ্টা করেন প্যালাসিওস। এ সময় দু’জনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। রোনালদোর কনুইয়ের চাপে প্যালাসিওস মাটিতে পড়ে যান। রোনালদোও পড়ে যান। পরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
২০২৪ সালের নভেম্বরে একই প্রতিযোগিতায় দু’জনের মধ্যে প্রথম বড় ধরনের ঝামেলা হয়েছিল। সেবার কর্নার থেকে বল দখলের লড়াইয়ে রোনালদো পড়ে গেলে প্যালাসিওসের গলা চেপে ধরেন। রেফারির কাছে অভিযোগ উঠলেও রোনালদো শাস্তি পাননি; বরং প্যালাসিওস দেখেছিলেন হলুদ কার্ড। ম্যাচটি আল নাসর ৫-১ গোলে জিতেছিল।
এবার অবশ্য রোনালদোর রাতটা ভালো কাটেনি। ফ্রি-কিক থেকে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ম্যাচে তার শট ছিল মাত্র তিনটি। ফলে ৯৭৯ গোলের ব্যক্তিগত পরিসংখ্যানও অপরিবর্তিত থাকে। ২০২২ সালে ব্রেন্টফোর্ডের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪-০ গোলের হারের পর এবারই রোনালদোর ক্যারিয়ারে একই ব্যবধানে আরেকটি হার। ক্লাব ক্যারিয়ারে তার সবচেয়ে বড় পরাজয় অবশ্য ৫-০ ব্যবধানে ২০২১ সালে লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২০১০ সালে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের হয়ে।