
ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। ৩৫ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় কলম্বিয়া জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
২০১১ সালে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক রদ্রিগেজের। অভিষেকেই জয়সূচক গোল করে নিজের আন্তর্জাতিক যাত্রার শুরুটা স্মরণীয় করে রেখেছিলেন তিনি। এরপর কলম্বিয়ার ১০ নম্বর জার্সিতে একের পর এক সাফল্য ও স্মৃতি যোগ করেছেন এই তারকা।
কলম্বিয়ার হয়ে রদ্রিগেজ খেলেছেন ১৩১টি ম্যাচ, যা দেশটির হয়ে সর্বোচ্চ। জাতীয় দলের জার্সিতে তার গোল ৩১টি এবং অ্যাসিস্ট ৪৩টি। গোলসংখ্যায় কলম্বিয়ার হয়ে তার ওপরে আছেন শুধু রাদামেল ফালকাও, যার গোল ৩৬টি।
রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ২০১৪ বিশ্বকাপ। মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে তিনি জিতেছিলেন গোল্ডেন বুট। উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোয় তার করা দুর্দান্ত ভলি গোলটি এখনো বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সেই বিশ্বকাপের পরই তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে।
কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন রদ্রিগেজ- ২০১৪, ২০১৮ ও ২০২৬ সালে। ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে এখনই থামছেন না রদ্রিগেজ। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো নাসিওনালের সাথে চুক্তি করেছেন তিনি।







