
বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর তুরস্ক সফর করবে বাংলাদেশের ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল।
তুরস্কের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন অ্যাজেন্সির (টিকা) সমন্বয়ে এ সফরের আয়োজন করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকীর নেতৃত্বে প্রতিনিধিদলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন বলে টিকা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তুরস্ক সরকারের সহযোগিতায় আয়োজিত পাঁচ দিনের এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ এবং উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা।
সফরকালে বাংলাদেশের কর্মকর্তারা তুরস্কের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এ সময় শিক্ষা, গবেষণা, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে দেশটির অভিজ্ঞতা ও চর্চা সম্পর্কে জানার পাশাপাশি এসব খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাব্য ক্ষেত্রগুলো আলোচনায় গুরুত্ব পাবে।
এ সফরের মাধ্যমে জনপ্রশাসন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিতে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
টিকা জানায়, এ সফর বাংলাদেশের ও তুরস্কের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি সহযোগিতার বাস্তবসম্মত ক্ষেত্র চিহ্নিত করতে সহায়ক হবে।
উল্লেখ্য, তুরস্কের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা টিকা বিভিন্ন অংশীদার দেশের সাথে কাজ করে টেকসই উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








