জ্বালানি তেল, পেট্রোল পাম্প, বিএসটিআই
অভিযানে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। ইন্টারনেট

রাজধানীতে পেট্রোল পাম্পে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেয়ার প্রমাণ পাওয়ায় তিনটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

Advertisement

আজ বুধবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অনিয়ম শনাক্ত করে সংস্থাটি। 

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে চারটি ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে মালিবাগ অটো সার্ভিস, চৌধুরীপাড়ার তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে তেল কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। টিকাটুলির এ হাই অ্যান্ড কোংয়ের তিনটি ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিট যাচাই করে দু’টি অকটেন ইউনিটে তেল কম দেয়ার প্রমাণ মেলে।

বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো: লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিএসটিআই’র নজরদারি ও সার্ভিল্যান্স কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত ফিলিং স্টেশনগুলোর পরিমাপযন্ত্র যাচাই ও তদারকি করা হচ্ছে বলে জানায় বিএসটিআই।

সূত্র : বাসস