জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, এমডি
জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংক লোগো। ইন্টারনেট

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আরো এক বছর এ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো: মাহবুব আলম। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে বেসিক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল হুদা। আর অগ্রণী ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও হয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নূর মোহাম্মদ।

এই তিন কর্মকর্তা নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন।

এদিকে পৃথক এক আদেশে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো: শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার।

এর আগে গত ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের নির্দেশ দিয়েছিল। সোমবার নতুন আদেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর বিধান অনুযায়ী, নবনিযুক্ত ও বহাল থাকা কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।