
দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ নিলাম পরিচালনা করে। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগেই বাজার থেকে সরকারের বিদ্যমান ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম শুরু হলো।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় সরকারি ঋণ ব্যবস্থাপনার একটি আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগে বাজার থেকে সরকারি সিকিউরিটিজ কিনে নেয়া সম্ভব হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমের এটি একটি গুরুত্বপূর্ণ উপকরণ।
এ কার্যক্রমের ফলে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ কমবে। একইসাথে পুনঃঅর্থায়নের ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের সময়সূচি আরো সুষম করা এবং সরকারি সিকিউরিটিজের বাজারকে আরো দক্ষ করার সুযোগ সৃষ্টি হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় কার্যক্রম পরিচালনা সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরো সক্রিয়, আধুনিক ও বাজারভিত্তিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি সিকিউরিটিজের বাজার উন্নয়নে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান এবং ঋণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বিবেচনা করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের কাঠামো বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম পরিচালনা করা হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








