চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর। সংগৃহীত

 

Advertisement

চট্টগ্রাম বন্দরের কনসাইনী বিল পরিশোধে অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। এরপর ১ নভেম্বর থেকে এসব বিল শতভাগ অনলাইনে পরিশোধ করতে হবে।

বুধবার চট্টগ্রাম বন্দর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইন ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।

তবে ১ নভেম্বর থেকে বাধ্যতামূলকভাবে শতভাগ ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। ওই তারিখ থেকে কোনো ধরনের পে-অর্ডার বা ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে এসব বিল গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরের অনলাইন সিস্টেমের সাথে সোনালী ব্যাংকের কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। ফলে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করেও চট্টগ্রাম বন্দরের যেকোনো বিল অনলাইনে পরিশোধ করা যাবে।

সংশ্লিষ্ট সব সি অ্যান্ড এফ এজেন্ট, কনসাইনি ও বন্দর ব্যবহারকারীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে বিল পরিশোধ নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বাসস