জ্বালানি তেল
জ্বালানি তেল। সংগৃহীত

জ্বালানি সরবরাহ ব্যবস্থা সঙ্কটকালীন ও পরবর্তী সময়ে একই থাকার পরও শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির মাধ্যমে দেশে সৃষ্ট সঙ্কট কীভাবে কেটে গেল, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে তার ব্যাখ্যা চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

Advertisement

একইসাথে বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি ও মূল্য সমন্বয়ের কারণ, জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখার উপায় এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় দেশের জ্বালানি সংরক্ষণ ও সরবরাহ সক্ষমতার বিস্তারিত তথ্য চেয়েছে কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির প্রথম বৈঠকে বিপিসি ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনাকালে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি এবং মূল্য সমন্বয়ের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখার উপায় নিয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা। পাশাপাশি জ্বালানির মূল্য হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে জ্বালানি সঙ্কট সৃষ্টির কারণ জানতে চাওয়া হয়। বিশেষ করে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সঙ্কটকালীন ও পরবর্তী সময়ে একই থাকার পরও শুধু জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে কীভাবে ওই সঙ্কটের অবসান হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

এ সময় দেশের বর্তমান জ্বালানি চাহিদা সম্পর্কে কমিটিকে অবহিত করার পাশাপাশি জ্বালানি সংরক্ষণের সক্ষমতার বিস্তারিত তথ্য উপস্থাপনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যতে জ্বালানির চাহিদা মোকাবেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তুতি কী—পরবর্তী বৈঠকে সে বিষয়ে বিস্তারিত তথ্য কমিটির কাছে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও তা কমিটির কাছে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। একইসাথে পেট্রোলিয়াম পণ্যের মূল্য হ্রাস-বৃদ্ধি ও মূল্য সমন্বয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো: আখতারুজ্জামান মিয়া, মোসা: তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।

বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।