
ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত তার দায়িত্ব পালনের সময়ে গাজায় চলেছে ভয়াবহ সামরিক অভিযান। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, প্রাণ হারিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় পুরো গাজার মানুষ। লেবাননেও ইসরাইলি হামলায় প্রাণ গেছে হাজার হাজার মানুষের। এসব ঘটনার জন্য গ্যালান্টকে দায়ী করে এবার যুক্তরাষ্ট্রে তার বিচার চেয়েছে হিন্দ রাজব ফাউন্ডেশন।
মিডলইস্ট জার্নাল জানায়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে এ আবেদন করেছে ফিলিস্তিনি শিশু হিন্দ রাজবের নামের সঙ্গে জড়িয়ে থাকা মানবাধিকার সংগঠনটি। গাজায় গণহত্যা এবং গাজা ও লেবাননে যুদ্ধাপরাধের অভিযোগে গ্যালান্টের বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরুর দাবি জানিয়েছে তারা।
শেষ ফোনকলে বাঁচার আকুতি
২০২৪ সালের ২৯ জানুয়ারি। গাজার তেল আল-হাওয়া এলাকা থেকে পরিবারের সদস্যদের সাথে গাড়িতে করে পালানোর চেষ্টা করছিল পাঁচ বছর বয়সী হিন্দ রাজব। পথে ইসরাইলি সেনাদের গুলিতে গাড়িটি ঝাঁঝরা হয়ে যায়। নিহত হন পরিবারের পাঁচ সদস্য। গাড়ির ভেতর আটকা পড়ে বেঁচে থাকে শুধু হিন্দ। ভীতসন্ত্রস্ত শিশুটি ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি সেবায় ফোন করে সাহায্য চায়। ফোনে বারবার বলতে থাকে, ‘আমি খুব ভয় পাচ্ছি। দয়া করে আমাকে বাঁচাতে আসুন।’
হিন্দকে উদ্ধারে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। কিন্তু অ্যাম্বুলেন্সের দুই কর্মী ইউসুফ আল-জেইনো ও আহমেদ আল-মাধুনও নিহত হন। প্রায় দুই সপ্তাহ পর হিন্দ, তার পরিবারের সদস্য এবং ওই দুই উদ্ধারকর্মীর পচনশীল লাশ পাওয়া যায়। হিন্দের শেষ ফোনকলের রেকর্ডিং পরে বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ছোট্ট শিশুটির অসহায় আকুতি হয়ে ওঠে গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার এক মর্মান্তিক প্রতীক।
হিন্দের কণ্ঠ পৌঁছেছে চলচ্চিত্রে
হিন্দের সেই শেষ মুহূর্তের ঘটনা নিয়ে ২০২৫ সালে চলচ্চিত্র নির্মাণ করেন তিউনিসিয়ার পরিচালক কাওথার বেন হানিয়া। ছবির নাম ‘দ্য ভয়েস অব হিন্দ রাজব’। এতে হিন্দের সাহায্যের জন্য ফোন করার আসল অডিও ব্যবহার করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীদের ভূমিকায় অভিনয় করেছেন শিল্পীরা। ২০২৫ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনী শেষে দর্শকেরা ২৩ মিনিটের বেশি সময় দাঁড়িয়ে করতালি দেন। ২০২৬ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়নও পায় ছবিটি।
হিন্দ রাজবের নামেই প্রতিষ্ঠিত হিন্দ রাজব ফাউন্ডেশন। এবার সেই সংগঠনই গ্যালান্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে।
গাজা ও লেবাননে অপরাধের অভিযোগ
ফাউন্ডেশনটির আবেদনে বলা হয়েছে, গ্যালান্টের দায়িত্বে থাকার সময় গাজায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ধ্বংস হয়েছিল ৯০ শতাংশ আবাসিক ভবন। বাস্তুচ্যুত হয়েছিলেন প্রায় পুরো জনসংখ্যা।
লেবাননেও গ্যালান্টের নেতৃত্বাধীন ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ এনেছে সংস্থাটি। তাদের দাবি, সেখানে ইসরাইলি হামলায় ২ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। স্বাস্থ্যসেবা কেন্দ্র ও জরুরি চিকিৎসার যানবাহনেও হামলা চালানো হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে পেজার বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হওয়ার ঘটনাতেও ইসরাইলি বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ করেছে ফাউন্ডেশনটি।
গণহত্যায় উসকানির প্রমাণ হিসেবে ২০২৩ সালের অক্টোবরে গ্যালান্টের দেয়া একটি ঘোষণার কথাও উল্লেখ করেছে তারা। ওই সময় গাজায় ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করে বিদ্যুৎ, পানি, খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধের কথা বলেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের কাছে বিচার দাবি
হিন্দ রাজব ফাউন্ডেশনের বক্তব্য, যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ ও গণহত্যাসংক্রান্ত আইনে গ্যালান্টের বিচার করার সুযোগ রয়েছে। অভিযোগে উল্লেখিত অপরাধ যুক্তরাষ্ট্রের বাইরে সংঘটিত হলেও তিনি দেশটির ভূখণ্ডে প্রবেশ করলে তার বিচার করা সম্ভব। জেনেভা কনভেনশন অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের তদন্ত ও বিচারের দায়িত্ব পালনের জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গ্যালান্টের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। ফিলিস্তিন নিয়ে আইসিসির তদন্তে সহযোগিতার সুযোগ তৈরি করতে মার্কিন আইন সংশোধনেরও দাবি জানিয়েছে হিন্দ রাজব ফাউন্ডেশন।
এদিকে, ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করছে, অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এসব ঘটনায় অন্তত ১ হাজার ৬৫০ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৭৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








