
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলে টানা ১৭ বছর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন খুদুর আহমেদ রউফ ওয়েলি। একসময় তার অধীনে ছিল এক হাজার সেনা ও ৩৬ জন দেহরক্ষী। কিন্তু যুদ্ধ, হামলা, স্ত্রীকে হারানো, অপহরণ ও নির্যাতনের অভিজ্ঞতা তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। ৬০ বছর বয়সী এই সাবেক জেনারেল এখন তুরস্কের ইস্তাম্বুলে একটি গাড়ি ধোয়ার প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলার আরো জানায়, ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জোট বাহিনী ইরাকে আগ্রাসন চালিয়ে বাগদাদ দখল করে। ক্ষমতাচ্যুত হয় সাদ্দাম সরকারের। এরপর থেকেই কঠিন সময় শুরু হয় কিরকুকের বাসিন্দা ওয়েলির জীবনে। তিনি জানান, প্রাণভয়ে প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন। পরে মার্কিন সেনারা তাকে খুঁজে বের করে। একপর্যায়ে তাদের সাথে কাজও করতে হয় তাকে। ইরাকে একের পর এক হামলা ও বিপদের মুখে পড়ে শেষ পর্যন্ত ২০১৩ সালে দেশ ছেড়ে তুরস্কে আশ্রয় নেন তিনি। সেখানে নতুন করে জীবন শুরু করেন।
স্কুলের পড়াশোনা শেষ করেই জেনারেল
ওয়েলি জানান, ইরাকে সাদ্দাম হোসেনের আমলে তিনি পাইলট জেনারেল ছিলেন। সামরিক জীবনে কাজ করেছেন সাদ্দামের ভাই ওয়াতবান ইব্রাহিম আল-হাসানের সাথে। ইরান, কুয়েত ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে তার।
নিজের অতীতের কথা বলতে গিয়ে ওয়েলি বলেন, ‘আমি কিরকুকের মানুষ। ২০১৩ সালে ইরাক থেকে তুরস্কে আসি। প্রথমে এখানে এক মাস ছিলাম। পরে আমাকে সিভাসে পাঠানো হয়। সেখানে আড়াই বছর ছিলাম। ২০১৭ সালে আবার ইস্তাম্বুলে ফিরে আসি এবং বিয়ে করি। বিয়ের পর আমরা নাগরিকত্ব পেয়েছি, আল্লাহর রহমতে। আমার নাম ছিল খুদুর, এখন হয়েছে ফাতিহ।’
সাদ্দাম হোসেনের ভাই ওয়াতবান ইব্রাহিম আল-হাসানের সাথে কাজ করতেন ওয়েলি। পরে সামরিক বাহিনীতে যোগ দেন। তার ভাষ্য অনুযায়ী, পরে তিনি জেনারেল হন। জেনারেল হওয়ার পর ইরান, কুয়েত ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ হয়েছে।
ইরানের সাথে যুদ্ধের স্মৃতিচারণা করে ওয়েলি বলেন, সে সময় তাদের ওপর সত্যিই নিপীড়ন চালানো হয়েছিল। ইরাক-ইরান সীমান্তের একটি হ্রদ নিয়ে দুই দেশের বিরোধের কথা উল্লেখ করেন তিনি। ইরান বলেছিল, হ্রদটি তাদের। সাদ্দাম বলেছিলেন, সেটি ইরাকের। এরপর ইরান তাদের ওপর বোমা হামলা চালায় বলে দাবি করেন। সেনাদের প্রশিক্ষণকেন্দ্রেও বোমা ফেলা হয়। এতে অনেক মানুষ মারা যান। এরপর সাদ্দাম ইরানের সাথে আট বছরের যুদ্ধে জড়িয়ে পড়েন। আট বছর পর তারা সেই যুদ্ধে জয়ী হন বলে দাবি করেন ওয়েলি।
সাদ্দাম যেভাবে ধরা পড়েছিলেন, জানালেন সাবেক জেনারেল
সাদ্দাম হোসেনের গ্রেফতার নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেছেন ওয়েলি। তার দাবি, সাদ্দাম কোথায় আত্মগোপন করে আছেন, সেই তথ্য মার্কিন সেনাদের দিয়েছিলেন তারই এক আত্মীয়।
ওয়েলির বর্ণনা অনুযায়ী, যুদ্ধের পর সাদ্দাম আত্মগোপনে চলে যান। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টেলিভিশনে এসে ঘোষণা দেন, যে ব্যক্তি সাদ্দামের অবস্থান জানাতে পারবেন, তাকে ২ কোটি ৫০ লাখ ডলার এবং মার্কিন নাগরিকত্ব দেয়া হবে।
ওয়েলি বলেন, ‘সাদ্দামের এক চাচাতো ভাই তার সাথে বিশ্বাসঘাতকতা করে অবস্থান জানিয়ে দেয়। এরপর মার্কিন সেনারা সাদ্দাম হোসেনকে ডাকতে থাকে। তিনি সাড়া দেন। বলেন, “আমি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।” সেনারা তাকে বাইরে আসতে বলে। কিন্তু সাদ্দাম বলেন, “আমি এখান থেকে বের হব না। তোমরা আমাকে বের না করলে আমি বের হব না। আত্মহত্যাও করব না। কারণ, আমি ইসলামের পথে আছি।”’
ওয়েলির দাবি, ওই আত্মীয় আবারো বিশ্বাসঘাতকতা করেন। তিনি একটি গর্তের দিকে ইঙ্গিত করে মার্কিন সেনাদের বলেন, সেখানে বাতাস চলাচলের একটি পথ রয়েছে। এরপর ওই পথ দিয়ে গ্যাস ঢোকানো হয়। এতে শ্বাসরুদ্ধ হয়ে পড়েন সাদ্দাম। পরে তাকে সেখান থেকে বের করে আনা হয়। এভাবেই তাকে আটক করা হয়েছিল বলে দাবি করেন ওয়েলি।
তবে সাদ্দামকে আটক করার বিষয়ে ওয়েলির এই বর্ণনা তার নিজের দাবি।
বাড়িতে বোমা হামলা, স্ত্রী ও চার দেহরক্ষী নিহত
সাদ্দাম সরকারের পতনের পর ইরাকে নিজেকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেখেন ওয়েলি। তার দাবি, একবার তার বাড়িতে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় স্ত্রী ও চার দেহরক্ষী নিহত হন। তার আশপাশের সাধারণ মানুষ, এমনকি প্রতিবেশীদের শিশুরাও প্রাণ হারায়।
সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে ওয়েলি বলেন, ‘তারা আমার বাড়িতে এসেছিল। আমাকে জিজ্ঞেস করেছিল, “তুমি কি আমাদের সাথে থাকবে? নাকি কারাগারে যাবে?” আমি বলেছিলাম, “আমি তোমাদের সাথে থাকব।” আমি কারাগারে যাওয়ার সিদ্ধান্ত নিইনি।’
তিনি বলেন, ‘ইরাকে আমার বাড়িতে হামলা চালানো হয়। সেখানে আমার স্ত্রী শহীদ হন। আমার ৩৬ জন দেহরক্ষী ছিল। তাদের চারজনও শহীদ হন। প্রতিবেশীদের শিশুরাও মারা যায়। আমি যেখানে যেতাম, সেখানেই বোমা বিস্ফোরিত হতো। ছোট ছোট শিশুরা মারা যাচ্ছিল।’
ওয়েলি জানান, ২০১৩ সালের ৫ নভেম্বর ইরাক ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু দেশ ছাড়ার আগেও তাকে লক্ষ্য করে হামলা চলেছে। সাদ্দামের সাথে কাজ করার কারণে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তাকে নিশানা করত। তিনি বলেন, ‘আমি যেখানেই যেতাম, বিস্ফোরণ ঘটত। মানুষ মারা যাচ্ছিল। সন্ত্রাসী গোষ্ঠীগুলো বলত, “তুমি সাদ্দামের সাথে কাজ করতে।” তারা আমাকে অপহরণও করেছিল।’
ওয়েলির দাবি, জঙ্গিগোষ্ঠী আইএস তাকে অপহরণ করে নির্যাতন চালায়। এ সময় তার আঙুলও কেটে দেয়া হয়েছিল।
তিনি বলেন, ‘আমি মৃত্যুকে ভয় পেতাম না। কিন্তু যেখানেই যেতাম, আমার কারণে সেখানে হামলা হতো এবং মানুষ মারা যেত। এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত।’
তুরস্কে আশ্রয়, নতুন করে জীবন শুরু
ইরাকে একের পর এক হামলা ও নির্যাতনের শিকার হয়ে ২০১৩ সালের ৫ নভেম্বর দেশ ছাড়েন ওয়েলি। প্রথমে ইস্তাম্বুলে পৌঁছান। পরে তাকে সিভাসে পাঠানো হয়। সেখানে প্রায় আড়াই বছর কাটান তিনি।
ওয়েলি জানান, পাঁচটি ভাষায় কথা বলতে পারেন তিনি। সিভাসে থাকার সময় দোভাষী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি একটি পর্দা তৈরির প্রতিষ্ঠানে কাজ নেন। সেখানকার মালিকের সাথে তার বন্ধুত্বও হয়। নিজের উপার্জনের টাকা দিয়ে একটি কম্পিউটার কিনেছিলেন বলে জানান তিনি।
২০১৭ সালে বিয়ে করে আবার ইস্তাম্বুলে ফিরে আসেন ওয়েলি। তুরস্কের নাগরিকত্ব পাওয়ার পাশাপাশি নিজের নামও পরিবর্তন করেন। খুদুরের বদলে নতুন নাম রাখেন ফাতিহ।
একসময় অধীনে ছিল এক হাজার সেনা, এখন ধুয়ে দেন গাড়ি
ইরাকে জেনারেল ও পাইলট হিসেবে দায়িত্ব পালন করা ওয়েলি এখন ইস্তাম্বুলের একটি গাড়ি ধোয়ার প্রতিষ্ঠানে কাজ করেন। গাড়ি ধোয়ার পাশাপাশি পালিশ ও ওয়াক্সিংয়ের কাজও করেন তিনি। একসময় যে পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেছেন, সেসব এখন ধূসর অতীত।
তার অধীনে এক হাজার সেনা ও ৩৬ জন দেহরক্ষী থাকার কথা স্মরণ করিয়ে দিলে ওয়েলি বলেন, বর্তমান কাজ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং যা পেয়েছেন, তা নিয়েই সন্তুষ্ট।
তুরস্কের মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। ওয়েলি বলেন, ‘তুরস্কের জনগণের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তারা কখনো আমাকে বিদেশি বলে মনে করেনি। সিভাসে প্রায় আড়াই বছর ছিলাম। সেখানে একজন স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি আমার খুব যত্ন নিয়েছেন। নিরাপত্তাকর্মীরাও অনেক সহযোগিতা করেছেন। সত্যি বলতে, সবাই আমার জন্য তাদের দরজা খুলে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘আমি দোভাষীর কাজ করেছি। একজন পর্দা তৈরির কারিগরের সাথে কাজ করতাম। তখন একটি কম্পিউটার কিনেছিলাম। তার সাথে বন্ধুত্ব হয়। দোভাষীর কাজ করে টাকা আয় করতাম। এখন এখানে গাড়ি ধোয়ার কাজ শিখেছি। পাশাপাশি গাড়ি পালিশ ও ওয়াক্সিং করি।’
ইস্তাম্বুলে আসার শুরুর দিনগুলোর কথা জানিয়ে ওয়েলি বলেন, ‘কিরকুক থেকে প্রথম আতাতুর্ক বিমানবন্দরে নেমেছিলাম। ইস্তাম্বুলে কাউকে চিনতাম না। প্রায় ছয় মাস এখানে ছিলাম। এরপর আমাকে সিভাসে পাঠানো হয়। সেখানে প্রায় দুই বছর একটি পর্দা তৈরির প্রতিষ্ঠানে কাজ করেছি। ২০১৭ সালে বিয়ে করে ইস্তাম্বুলে ফিরে আসি। গাড়ি ধোয়া, পালিশ ও ওয়াক্সিং করে আয় করেছি। আল্লাহর রহমতে ভালো আছি।’
একসময় জেনারেল ও পাইলট ছিলেন, এখন গাড়ি ধোয়ার কাজ করছেন—এ নিয়ে কোনো অস্বস্তি আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন এই কাজ করতে আমার একটুও খারাপ লাগে না। আল্লাহই জানেন আমাদের ভাগ্যে কী লেখা আছে। আমি আল্লাহর ওপর সন্তুষ্ট। সব সময় শুকরিয়া আদায় করি। একসময় এক হাজার সেনা আমার কথায় চলত। আমার ৩৬ জন দেহরক্ষী ছিল। আল্লাহর রহমতে এখনো শ্বাস নিতে পারছি। তুরস্কের জনগণের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। সবাই আমার জন্য দরজা খুলে দিয়েছেন। শুধু আমার জন্য নয়, সবার জন্যই তারা দরজা খুলে দিয়েছেন।’
যুদ্ধ, স্বজন হারানো, নির্যাতন আর দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে বদলে গেছে ওয়েলির জীবন। একসময় যে মানুষটি সেনাবাহিনীর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, আজ তিনি নিজের শ্রমে ইস্তাম্বুলে জীবিকা নির্বাহ করছেন। তাতেই খুঁজে নিয়েছেন নতুন জীবনের স্বস্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








