
ধনী দেশগুলোতে অভিবাসীর সংখ্যা দ্রুত কমছে। যুক্তরাষ্ট্রসহ একের পর এক দেশ অভিবাসন নীতিতে কঠোর হচ্ছে। এর প্রভাব পড়ছে কাজের সন্ধানে বিদেশে যেতে চাওয়া মানুষ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাওয়া শিক্ষার্থী এবং শরণার্থীদের ওপর। একই সাথে অভিবাসন কমে যাওয়ায় নতুন করে চাপে পড়ছে এসব দেশের অর্থনীতি। বিশেষ করে দ্রুত বয়স্ক হয়ে ওঠা জনগোষ্ঠীর পেনশন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তার ব্যয় সামাল দেয়া কঠিন হয়ে উঠতে পারে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) জানিয়েছে, ২০২৫ সালে সংস্থাটির ৩৭টি সদস্য দেশের মধ্যে ২৫টিতে স্থায়ী অভিবাসন কমেছে। আশ্রয়ের আবেদনও উল্লেখযোগ্যভাবে কমেছে। কমেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমনও। অর্থাৎ, ধনী দেশগুলোতে অভিবাসন কমার প্রবণতা এখন প্রায় সর্বত্র।
এর সাত বছর আগে ভেনেজুয়েলার গ্যাং সহিংসতা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন ফেলিপা সেদেনো। কিন্তু শেষ পর্যন্ত সেখানে পৌঁছানো হয়নি তার।
দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা দুর্গম ও বিপজ্জনক দারিয়েন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় ২০২৩ সালে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায় ৫২ বছর বয়সী এই নারীর। সুস্থ হয়ে ওঠার পর দেখেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের কারণে সেখানে যাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেছে।
তবে মেক্সিকো সিটিতে এখন বৈধভাবে বসবাস করা সেদেনোর এ নিয়ে বিশেষ আক্ষেপ নেই। ১৫ বছর বয়সী ছেলের নামকরা একটি বেসরকারি স্কুলে বৃত্তি পেয়েছে। শহরের পূর্বাঞ্চলে ছোট একটি দোকানে ভেনেজুয়েলার জনপ্রিয় খাবার এমপানাদা বিক্রি করেন তিনি। কাছেই একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন। সেদেনো বলেন, ‘এখানেই থেকে যাওয়ার পরিকল্পনা।’
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি সবচেয়ে কঠোর হলেও এ পথে হাঁটছে না শুধু দেশটি। বিশ্বের অনেক ধনী দেশই দ্রুত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে। চলতি দশকের শুরুর দিকে এমন পরিস্থিতি কল্পনা করাও কঠিন ছিল। কিন্তু গত দুই বছরে এসব দেশে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির কাঠামোতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।
অনেক দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানোর প্রধান উৎস এখন অভিবাসন। বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় সরকারি কোষাগারে যে চাপ তৈরি হচ্ছে, অভিবাসীরা তা কিছুটা সামাল দিচ্ছেন। পরিচর্যার মতো জরুরি অথচ কম বেতনের কাজে অভিবাসীদের জুড়ি নেই। একই সাথে বিশ্বের অনেক উদ্ভাবনী ও উচ্চপ্রযুক্তির প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তারা।
এ কারণে অভিবাসন ভিসা ও নতুন অভিবাসীদের সমাজে অন্তর্ভুক্ত করার নীতি শুধু উৎপাদনশীলতার জন্য নয়, নতুন অভিবাসী, আগে থেকে বসবাস করা মানুষ এবং নিজ দেশে থাকা অভিবাসীদের পরিবারের জীবনমানের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অভিবাসন কমার নতুন প্রবণতা
প্যারিসভিত্তিক ওইসিডি চলতি মাসে প্রকাশিত প্রতিবেদনে অভিবাসন কমার ব্যাপক চিত্র তুলে ধরেছে। স্থায়ী অভিবাসন বলতে এমন বিদেশি নাগরিকদের আগমন বোঝানো হয়েছে, যারা এমন ভিসা নিয়ে আসেন, যার মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়। ২০২৫ সালে ওইসিডির ৩৭টি দেশের মধ্যে ২৫টিতে এ ধরনের অভিবাসন কমেছে।
যুক্তরাজ্য, জার্মানি ও কানাডার মতো ঐতিহ্যগতভাবে অভিবাসীদের প্রধান গন্তব্য দেশগুলোতে পতন সবচেয়ে বেশি। অন্যদিকে স্পেন, পর্তুগাল ও ইতালির মতো দক্ষিণ ইউরোপের দেশগুলোতে অভিবাসন বেড়েছে। জনসংখ্যা কমে যাওয়ার প্রভাব সামাল দিতে এসব দেশ কাজের উদ্দেশ্যে অভিবাসীদের আসতে উৎসাহিত করছে। এই তিন দেশ বাদ দিলে ২০২৫ সালে ওইসিডিভুক্ত দেশগুলোতে স্থায়ী অভিবাসন কমেছে ৮ শতাংশ।
২০২৫ সালে ওইসিডিভুক্ত দেশগুলোতে স্থায়ী অভিবাসন আগের বছরের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় বছর অভিবাসন কমল। ২০২৪ সালে কমেছিল প্রায় ৫ শতাংশ।
ওইসিডির আন্তর্জাতিক অভিবাসন বিভাগের প্রধান জ্যঁ-ক্রিস্তফ দুমোঁ বলেন, ‘এটি বড় ধরনের পতন। কোভিডের পর থেকে আমরা যে প্রবণতা দেখে আসছিলাম, তার পুরো উল্টো চিত্র এখন দেখা যাচ্ছে। আমরা নতুন এক সময়ে প্রবেশ করেছি।’
করোনার মহামারির পর অভিবাসন হঠাৎ বেড়ে গিয়েছিল। শ্রমিকের ঘাটতি মেটাতে বিভিন্ন দেশ বৈধ অভিবাসনের সুযোগ বাড়ায়। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আর্থিক অবস্থা সামাল দিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়ায়। সিরিয়ার যুদ্ধের মতো মানবিক সঙ্কটের কারণে বৈধ ও অবৈধ পথে মানুষের আগমনও বেড়ে যায়। বর্তমান পরিস্থিতি সেই উল্লম্ফনের বিপরীত।
অভিবাসন কমার পেছনে বিশ্বজুড়ে নিয়োগের গতি কমে যাওয়া এবং কয়েকটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিস্থিতির তুলনামূলক স্থিতিশীল হওয়ার ভূমিকা রয়েছে। তবে বিভিন্ন দেশের নতুন করে আরোপ করা কঠোর বিধিনিষেধও বড় কারণ।
যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই এমন ব্যক্তিদের জন্য অধিকাংশ ভিসার পথ বন্ধ করে দেয়া হয়েছে। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার সময়সীমাও অনেক বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়া ও কানাডা বিদেশি শিক্ষার্থীসহ অন্যান্য অস্থায়ী অভিবাসীদের ওপর নিয়ন্ত্রণ জোরদার করছে।
ইউরোপের বিভিন্ন সরকার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর সংখ্যা বাড়িয়েছে। একই সাথে শরণার্থীর মর্যাদা আরো সাময়িক ও শর্তসাপেক্ষ করার নীতি নিয়েও কাজ করছে তারা।
এসব পদক্ষেপের প্রভাব অবৈধ পথে অভিবাসনের ক্ষেত্রেও পড়ছে। ওইসিডির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাদে অন্য দেশগুলোতে ২০২৫ সালে আশ্রয়ের আবেদন আগের বছরের তুলনায় এক-পঞ্চমাংশের বেশি কমেছে। ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত সীমান্ত পারাপার শনাক্তের সংখ্যাও কমেছে প্রায় এক-তৃতীয়াংশ।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমনও কমেছে। ওইসিডিভুক্ত দেশগুলোতে ২০২৩ সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ২১ লাখে পৌঁছেছিল। পরে তা কমে ১৬ লাখে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার মতো ইংরেজিভাষী দেশগুলোতে নতুন বিধিনিষেধের কারণে এই পতন ঘটেছে।
এ দেশগুলো দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষাকে রফতানি খাত হিসেবে দেখেছে। বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার পাশাপাশি পড়াশোনা শেষে মেধাবীদের দেশে রেখে দেয়ার চেষ্টা করেছে তারা। এসব শিক্ষার্থীর অনেকে পরবর্তী সময়ে অত্যাধুনিক প্রযুক্তির প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
তবে সব বিশ্লেষকই মনে করছেন না, বিশ্ব দীর্ঘস্থায়ী অভিবাসন সংকোচনের যুগে প্রবেশ করেছে। কারও কারও মতে, মহামারির পর অভিবাসনের অস্বাভাবিক উল্লম্ফন এখন স্বাভাবিক পর্যায়ে ফিরছে। অনেক দেশে অভিবাসীর সংখ্যা এখনো মহামারির আগের সময়ের চেয়ে বেশি।
পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের জ্যেষ্ঠ গবেষক মাইকেল ক্লেমেন্স বলেন, ‘মহামারির পর অভিবাসন বৃদ্ধির ঘটনাটি ছিল ইতিহাসের এক ব্যতিক্রমী ঘটনা। তখন হঠাৎ করে অনেক মানুষ এসেছিলেন। পরে সেই ঢেউ অনেকটাই কমেছে। সরকারের নীতিগত বিরোধিতার কারণে তা আরো কমেছে।’
কিন্তু স্পেনে জনসমর্থন বাড়ছে জনতুষ্টিবাদী দল ভক্সের প্রতি। ফ্রান্সে কট্টর ডানপন্থী নেতা মারিন লে পেন জনমত জরিপে এগিয়ে আছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও অভিবাসনবিরোধী এক কট্টর নেতার চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারগুলো অভিবাসন নীতি শিথিল করার ঝুঁকি নেবে বলে মনে করছেন না অনেক বিশ্লেষক।
গত কয়েক সপ্তাহে অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থী ও ব্যাকপ্যাকারদের জন্য আরো কঠোর নিয়ম ঘোষণা করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী তিন বছর অভিবাসনের লক্ষ্যমাত্রা শিথিল করা হবে না।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, শ্রমিকদের অবাধ চলাচলের সুযোগসহ ইউরোপীয় ইউনিয়নে আবার যুক্ত হওয়ার বিষয়ে তিনি আগ্রহী। তবে একই সাথে এমন কিছু সংস্কারেও সমর্থন জানিয়েছেন, যার ফলে অনেক অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি কিংবা নাগরিকত্ব পেতে ১০ বছর বা তারও বেশি অপেক্ষা করতে হবে।
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বক্তব্যেও রয়েছে পরস্পরবিরোধিতা। মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খাওয়ার পর তিনি স্বীকার করেছেন, অভিবাসন নিয়ে তার কঠোর অবস্থান ভোটারদের কাছে ‘মাত্রাতিরিক্ত কঠোর’ মনে হয়ে থাকতে পারে। আবার কঠোরতম অভিবাসন নীতির স্থপতি স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ নিয়োগ করেছেন। অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকোর ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকিও দিয়েছেন।
বার্ধক্যের অর্থনৈতিক চাপ সামাল দিতে অভিবাসন
অভিবাসনের প্রবাহ কখন বাড়বে, কখন কমবে, তা আগে থেকে অনুমান করা কঠিন। অর্থনৈতিক পরিস্থিতি কিংবা ভূরাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর নির্ভর করে এর গতি বদলায়। কিন্তু বিশ্ব যদি দীর্ঘদিনের জন্য সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল কমে যাওয়ার যুগে প্রবেশ করে, তাহলে ধনী দেশগুলোতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।
ব্রুকিংস ইনস্টিটিউটের অর্থনীতিবিদদের ধারণা, ২০২৫ ও ২০২৬ সালে অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নিট অভিবাসন নেতিবাচক হয়ে থাকতে পারে। অর্থাৎ, নতুন করে আসা মানুষের চেয়ে দেশ ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা বেশি হতে পারে। তাদের ধারণা, বৈধ কাগজপত্র নেই এমন অনেক অভিবাসী বহিষ্কারের ভয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাজ্যের অভিবাসনবিষয়ক পরামর্শক কমিটির সাবেক প্রধান অর্থনীতিবিদ অ্যালান ম্যানিং যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির সমালোচনা করে বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশাল, জনবিরল ও ধনী একটি দেশ। ইংরেজিভাষী দেশটিকে মাথাপিছু জিডিপি নয়, মোট জিডিপির ভিত্তিতে বিশ্বশক্তি হিসেবে টিকে থাকতে হবে। অথচ দেশটি অভিবাসনের ক্ষেত্রে ভয়াবহ রকমের কঠোর হচ্ছে।’
অক্সফোর্ড ইকোনমিকসের বিশ্লেষকেরা অভিবাসন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার একটি কাল্পনিক পরিস্থিতি নিয়ে গবেষণা করেছেন। তাদের হিসাবে, এমন হলে ধনী দেশগুলোতে শ্রমিকের সরবরাহ ‘ভয়াবহ দ্রুতগতিতে’ কমে যাবে।
জাতিসঙ্ঘের পূর্বাভাস অনুযায়ী, অভিবাসন না থাকলে ২০৬০ সাল নাগাদ ফ্রান্স, স্পেন ও জার্মানির কর্মক্ষম জনগোষ্ঠী বর্তমান প্রবণতার ভিত্তিতে তৈরি করা পূর্বাভাসের তুলনায় ১০ শতাংশের বেশি কমে যাবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই ঘাটতি হবে প্রায় ২০ শতাংশ। কানাডায় তা ৩০ শতাংশেরও বেশি হতে পারে। ফলে বয়স্ক জনগোষ্ঠীর কারণে সরকারি অর্থব্যবস্থায় যে চাপ তৈরি হবে, তা সামাল দিতে সরকারগুলোকে আরো দ্রুত ও ব্যাপক পদক্ষেপ নিতে হবে।
অবশ্য অভিবাসন দিয়ে বার্ধক্যের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। অভিবাসীরাও একসময় বয়স্ক হন। তখন তারাও সরকারি পেনশন ও স্বাস্থ্যসেবার সুবিধা নেন। তবে সাধারণত কর্মক্ষম বয়সে মানুষ অন্য দেশে যান। ফলে আয় কম হলেও জীবনের প্রথম কয়েক বছর তারা সরকারি সুবিধা নেয়ার চেয়ে কর দেন বেশি।
তুলুজ স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক এমানুয়েল অরিওল সম্প্রতি এক গবেষণাপত্রে লিখেছেন, অভিবাসন ‘সরকারি অর্থব্যবস্থার অবনতির গতি কমায়, করের আওতা বাড়ায় এবং পেনশন ও উৎপাদনশীলতা সংস্কারের জন্য সরকারকে সময় দেয়।’
অক্সফোর্ড ইকোনমিকসের পল মরোজ ও মার্কো সান্তানিয়েলো বলছেন, তাদের গবেষণার শূন্য অভিবাসনের পরিস্থিতি একটি চরম কাল্পনিক অনুশীলন, বাস্তবে এমন হওয়ার সম্ভাবনা কম। তবে এর মধ্য দিয়ে বোঝা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং বয়স্ক জনগোষ্ঠীর চাহিদা মেটাতে ধনী দেশগুলো কতটা অভিবাসীদের ওপর নির্ভরশীল।
মরোজ বলেন, ‘যে বিশ্বে অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে কোনো আশা করা যায় না, সেটি ভয়ংকর। শূন্য অভিবাসনের বিশ্বে আমাদের জীবদ্দশাতেই এমন পরিস্থিতি দেখা যেতে পারে।’
বাস্তবে অভিবাসন পুরোপুরি বন্ধ না হয়ে শুধু কমে গেলেও যেসব দেশ বাধা তৈরি করছে, সেসব দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও কর আদায়ের প্রবৃদ্ধি সীমিত হয়ে পড়বে। তবে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এতে মাথাপিছু জিডিপির কী হবে? মানুষের জীবনমান বোঝার ক্ষেত্রে এটি মোট জিডিপির চেয়ে ভালো সূচক।
২০১১ সালে মাইকেল ক্লেমেন্স যুক্তি দিয়েছিলেন, অভিবাসন নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারগুলো বিপুল অর্থনৈতিক সম্ভাবনা নষ্ট করছে। অভিবাসীরা নিজেদের দেশের ভোটারদের লাভবান করছেন, নাকি ক্ষতিগ্রস্ত করছেন, তা নিয়ে বিতর্কে ব্যস্ত থাকতে গিয়ে বিশ্ব অর্থনীতিতে তাদের অবদানের বিপুল সম্ভাবনা উপেক্ষা করা হচ্ছে। তার ভাষায়, সরকারগুলো যেন ফুটপাতে পড়ে থাকা ‘লক্ষ কোটি ডলারের নোট’ কুড়িয়ে নিচ্ছে না।
তাত্ত্বিকভাবে অভিবাসনের ফলে সবাই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। কারণ, মানুষ এক দেশ থেকে অন্য দেশে গেলে যার যে দক্ষতা, তা সবচেয়ে বেশি কাজে লাগানো সম্ভব এমন জায়গায় ব্যবহার করা যায়।
উচ্চশিক্ষিত অভিবাসীরা প্রকৌশল, চিকিৎসা ও প্রযুক্তি খাতের কর্মীর ঘাটতি পূরণ করেন। অনেকে উদ্যোক্তা হিসেবেও সফল হন। আবার পরিচর্যা ও পরিচ্ছন্নতার মতো কম বেতনের কাজেও অভিবাসীদের বড় ভূমিকা রয়েছে। অধ্যাপক অরিওলের মতে, এসব কাজে অভিবাসীরা যুক্ত থাকায় উচ্চশিক্ষিত নারীদের জন্যও চাকরি ধরে রাখা সহজ হয়।
তবে বাস্তবে উৎপাদনশীলতার ওপর অভিবাসনের প্রভাব সব সময় ইতিবাচক হয় না। খুব দ্রুত বিপুলসংখ্যক অভিবাসী এলে স্বল্প মেয়াদে মাথাপিছু জিডিপি কমে যাওয়ার ঘটনাও দেখা যায়।
এর একটি কারণ, অভিবাসন অর্থনীতির কাঠামো বদলে দিতে পারে। অভিবাসীদের অনেকে কম বেতনের খাতে কিংবা কম বেতন দেয় এমন প্রতিষ্ঠানে কাজ করেন। এতে এসব খাত অর্থনীতিতে যতটা বড় হয়ে ওঠে, স্থানীয় শ্রমিকের ওপর নির্ভর করতে হলে কিংবা স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বিনিয়োগ করতে হলে হয়তো ততটা বড় হতো না।
অনেক অভিবাসী নিজেদের যোগ্যতার তুলনায় নিচু পদের কাজ করতে বাধ্য হন। ভিসার শর্তের কারণেও ভালো চাকরির সুযোগ পেলেও সেখানে যাওয়ার পথ বন্ধ থাকে।
ম্যানিংয়ের মতে, জনসংখ্যা বাড়ার সাথে তাল মিলিয়ে আবাসন, পরিবহন ও অন্যান্য জনসেবায় বিনিয়োগ না হলে সামগ্রিক অর্থনীতির উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
কানাডায় এর প্রভাব দেখা গেছে। মহামারির পর শ্রমিকের ঘাটতি মেটাতে দেশটি বিপুলসংখ্যক অস্থায়ী অভিবাসী ও শিক্ষার্থীকে আসার সুযোগ দিয়েছিল। কিন্তু এর রাজনৈতিক মূল্যও দিতে হয়েছে।
২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে কানাডার জিডিপি বেড়েছে প্রায় ১৩ শতাংশ। কিন্তু মাথাপিছু উৎপাদন বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ।
কানাডার সিডি হাউ ইনস্টিটিউটের গবেষক ক্রিস ওরউইক বলেন, শিক্ষার্থীদের কাজের সময়সীমা তুলে দেয়ার পর অভিবাসীর সংখ্যা ‘নাটকীয়ভাবে’ বেড়ে যায়। এতে আবাসন ও স্বাস্থ্যসেবার ওপর চাপ তৈরি হয়। অভিবাসনের পক্ষে আগে যে রাজনৈতিক ঐকমত্য ছিল, তাতেও ফাটল ধরে।
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একসময় স্থায়ী অভিবাসীর সংখ্যা প্রায় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। কিন্তু ২০২৪ সালে হঠাৎ নীতি পরিবর্তনের ঘোষণা দেন তিনি। এ সময় জনসংখ্যা বৃদ্ধির ‘বেবি বুম’ বা অস্বাভাবিক উল্লম্ফনের জন্য ‘ভুয়া কলেজ ও বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে’ দায়ী করেন। এসব প্রতিষ্ঠান ভিসার সুযোগ বাড়ানোর জন্য তদবির করেছিল বলে অভিযোগ করেন তিনি।
ওরউইক বলেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, অভিবাসন যে সামগ্রিকভাবে ভালো, এ নিয়ে আমাদের মধ্যে বেশ বিস্তৃত রাজনৈতিক ঐকমত্য ছিল। এখন বিষয়টি নিশ্চিতভাবেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে।’
বিদেশে পড়াশোনার স্বপ্নেও অনিশ্চয়তা
একসময় অভিবাসন নিয়ে সবচেয়ে কম বিতর্কের ক্ষেত্র ছিল উচ্চশিক্ষা। কিন্তু বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার পর নিম্নমানের কোর্স, বাড়িভাড়া বৃদ্ধি এবং কম বেতনের কাজে ঢোকার পথ হিসেবে শিক্ষার্থী ভিসার ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে উচ্চশিক্ষাও এখন অভিবাসন নীতির সবচেয়ে কঠিন বিতর্কগুলোর একটি।
ওইসিডিতে অভিবাসীদের উৎসদেশের তালিকায় ভারতের অবস্থান সবার ওপরে। কিন্তু দেশটির তরুণদের এখন শিক্ষার্থী ও পড়াশোনা শেষে কাজের ভিসার নিয়মে ঘন ঘন পরিবর্তনের সাথে তাল মেলাতে হচ্ছে। বিদেশে পড়াশোনার পেছনে পরিবারের সঞ্চয় বিনিয়োগ করলে আদৌ লাভ হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মুম্বাইয়ের ২০ বছর বয়সী বায়োমেডিক্যাল শিক্ষার্থী টিয়া কামাথ ছোটবেলা থেকেই বিদেশে পড়াশোনা ও বসবাসের স্বপ্ন দেখেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ছিল তার পছন্দের তালিকার শীর্ষে। কিন্তু এখন বাড়তি খরচ, ভিসার বিধিনিষেধ ও অভিবাসীবিরোধী মনোভাবের কারণে বিকল্প দেশ খুঁজছেন তিনি।
সম্প্রতি শিক্ষার্থী নিয়োগবিষয়ক এক অনুষ্ঠানে ফিন্যান্সিয়াল টাইমসকে কামাথ বলেন, ‘কাজের সুযোগ পেলেই আমি যেকোনো দেশে যেতে রাজি।’
আয়ারল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ডসের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে খাদ্যপ্রযুক্তি বিষয়ে পড়ার সুযোগ খুঁজছেন তিনি। পরে খাদ্য ও পানীয় শিল্পের গবেষণা ও উন্নয়ন বিভাগে চাকরি পাওয়ার আশা তার।
কামাথ বলেন, ‘এসব দেশে শিল্প খাতে কাজের সুযোগ আমার ভালো লাগে। বিশেষ করে নেদারল্যান্ডসে।’ তবে পড়াশোনা ও থাকা-খাওয়ার খরচ মিলিয়ে তার মোট ব্যয় ৮০ লাখ রুপি বা ৮৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। তাই বিকল্প পথও খোলা রাখছেন তিনি। খাদ্যপ্রযুক্তি বিষয়ে পড়তে চান, যাতে বিদেশে কাজের সুযোগ না পেলে ভারতে ফিরে নিজের পছন্দের ক্ষেত্রেই কাজ করতে পারেন।
মেধাবীদের জন্য এক দরজা, অন্যদের জন্য কঠোরতা
রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সামাল দিতে অনেক সরকার এখন একদিকে অনিয়মিত ও স্বল্প দক্ষতার অভিবাসীদের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, অন্যদিকে উচ্চ আয়ের মেধাবীদের আকৃষ্ট করতে বিশেষ ধরনের দ্রুত ভিসার ব্যবস্থা করছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ম্যাডেলিন সাম্পশন মনে করেন, বয়স্ক জনগোষ্ঠীর কারণে সরকারি অর্থব্যবস্থায় চাপ নিয়ে উদ্বিগ্ন সরকারগুলোর লক্ষ্য জনসংখ্যা বাড়ানো হওয়া উচিত নয়। বরং যেসব অভিবাসী সবচেয়ে বেশি কর দেবেন, তাদের আকৃষ্ট করা উচিত। অর্থাৎ, সরকারি অর্থব্যবস্থায় সবচেয়ে বেশি অবদান রাখতে পারবেন এমন মানুষদের অগ্রাধিকার দিতে হবে।
অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থী ও তথাকথিত ব্যাকপ্যাকার ভিসার ক্ষেত্রে কঠোর হচ্ছে। তবে দেশটির ভিসা ফি থেকে আয় কয়েক বছরের মধ্যে দ্বিগুণ হয়ে ৬০০ কোটি অস্ট্রেলীয় ডলারে পৌঁছেছে। সরকারের সাবেক উপদেষ্টা হেনরি শেরেল এ তথ্য জানিয়েছেন।
ওইসিডির ভারপ্রাপ্ত কর্মসংস্থানবিষয়ক পরিচালক মার্ক পিয়ারসন বলেন, ‘সবাই উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসী শ্রমিক চায়।’
তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যতিক্রম। ট্রাম্প প্রশাসন অভিবাসী কৃষিশ্রমিকদের মজুরির নিয়ম শিথিল করেছে এবং অন্যান্য স্বল্প দক্ষতার শ্রমিকদের ভিসার কোটা বাড়িয়েছে। কিন্তু একই সাথে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের অনেক বড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের কর্মজীবনের শুরুতে সহায়তা করা এইচ-১বি ভিসার ফি অস্বাভাবিকভাবে বাড়ানো এবং যাচাই-বাছাই কঠোর করার প্রস্তাব দিয়েছে। পড়াশোনা শেষে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে কাজ পাওয়ার পথও কঠিন করা হচ্ছে।
ক্লেমেন্স বলেন, ‘এই মানুষরাই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলছেন, এআই প্রযুক্তি তৈরি করছেন। যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে পিএইচডিধারীদের এক-তৃতীয়াংশ শুধু বিদেশে জন্মেছেন তা নয়, তারা যুক্তরাষ্ট্রেই ডিগ্রি অর্জন করেছেন।’
তার মতে, শিক্ষার্থীদের ওপর বিধিনিষেধ আরোপের ফলে ‘একটি প্রজন্মজুড়ে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হবে।’
যুক্তরাষ্ট্রের এই ক্ষতি অন্য দেশের লাভ হতে পারে। ইংরেজিভাষী বড় গন্তব্যগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় ইতালি, জার্মানি ও আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। জার্মানির মতো দেশ এর ফলে লাভবান হতে পারে। কারণ, ভাষাগত বাধার কারণে সেখানে দক্ষ অভিবাসী আকৃষ্ট করা কঠিন। অথচ ইংরেজিতে কাজ করার সুযোগ থাকলে এসব মানুষকে আকৃষ্ট করা তুলনামূলক সহজ হতো।
মেক্সিকোর জন্য নতুন সম্ভাবনা
ট্রাম্প প্রশাসনের বহিষ্কার নীতির কারণে শুধু যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোও কিছু ক্ষেত্রে লাভবান হতে পারে। দেশটির দরিদ্র রাজ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই অভিবাসীদের ফিরে আসা প্রথমে অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। তবে তারা যদি দেশে ফিরে নতুন অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বসতি গড়েন, তাহলে পরিস্থিতি বদলাতে পারে।
মেক্সিকো সিটির ভায়েহো অভিবাসী শিবিরে এখন এমন অনেক মানুষ রয়েছেন, যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা ছেড়ে মেক্সিকোতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রেললাইনের পাশে অস্থায়ী আশ্রয় তৈরি করে বসবাস করছেন তারা। কেউ বাজারে অনানুষ্ঠানিক কাজ করছেন, কেউ ছোট ব্যবসা গড়ে তুলছেন।
নাগরিক সমাজের সংগঠন ইমুমির পরিচালক গ্রেচেন কুনার বলেন, আগে যেসব সংগঠন অভিবাসীদের উত্তরে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রায় সহায়তা করত, এখন তারা মেক্সিকোতে নতুন করে বসতি গড়তে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা ছেড়ে দেয়া মানুষ বিভিন্ন শহর ও রাজ্যে ছড়িয়ে পড়ছেন।
কুনারের ভাষ্য অনুযায়ী, তরুণদের অনেকে কল সেন্টারে কাজ করছেন, বাজারে অনানুষ্ঠানিকভাবে জীবিকা চালাচ্ছেন কিংবা ছোট ব্যবসা শুরু করছেন। আর যারা বৈধভাবে বসবাসের অনুমতি পাচ্ছেন, তারা খুচরা ব্যবসার মতো আনুষ্ঠানিক খাতে কাজ করছেন।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের এক বিশ্লেষণে বলা হয়েছে, মেক্সিকোর দ্রুত বয়স্ক হয়ে ওঠা জনসংখ্যার প্রেক্ষাপটে ‘ফিরে আসা অভিবাসীদের নতুন ঢেউ দেশটির জনসংখ্যাগত সুবিধা কমে যাওয়ার গতি ঠেকাতে সহায়তা করতে পারে।’ ব্যাংকটির অর্থনীতিবিদদের হিসাবে, বহিষ্কৃত অভিবাসীদের ফিরে আসা ২০২৮ সাল নাগাদ মেক্সিকোর মাথাপিছু জিডিপি সর্বোচ্চ ২ শতাংশীয় পয়েন্ট বাড়াতে পারে।
সেদেনো সম্প্রতি জানতে পেরেছেন, যুক্তরাষ্ট্রে উবার চালানো তার এক বন্ধুকে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) সদস্যরা আটক করেছেন। এখন তার মনে হয়, সীমান্তের ভুল পাশে আটকে পড়ার হাত থেকে ঈশ্বরই তাকে বাঁচিয়েছেন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার বদলে মেক্সিকোতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন আর কোনো আফসোস নেই তার। সেদেনোর কথায়, ‘ওভাবে বেঁচে থাকা? সব সময় পালিয়ে বেড়ানো, ভয়ে থাকা? না মা, ওটা কোনো জীবন নয়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








