
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন রোমান গোফমান। দায়িত্ব নেয়ার পর পরই সংস্থাটির শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। একের পর এক অভিজ্ঞ কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পদে বেসামরিক ব্যক্তিদের এনে বসান হয়েছে। সবচেয়ে বড় কথা, ইরানে সরকার পরিবর্তনের নীলনকশা নিয়ে সংস্থাটির ভেতরে অসন্তোষ বাড়ছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে মোসাদ বলেছে, সংবাদমাধ্যমে ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে বাস্তবতার সাথে সম্পর্কহীন সঙ্কটের ছবি আঁকা হচ্ছে।
ইসরাইলি ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট রোববার (১৫ নভেম্বর) এ খবর জানায়। সংবাদমাধ্যম এন১২-এর এক প্রতিবেদনে মোসাদের সাবেক ১০ জন জ্যেষ্ঠ কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে সংস্থাটির অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরা হয়। তবে জেরুজালেম পোস্টকে দেয়া এক বিবৃতিতে মোসাদ এন১২-এর প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট, বিকৃত ও ভুল তথ্যে ভরা’ বলে দাবি করেছে।
শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেয়া
প্রায় ছয় মাস আগে দায়িত্ব নেন গোফমান। তারপরই মোসাদের তিনজন সাবেক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন বলে আগেই জানিয়েছিল জেরুজালেম পোস্ট। তবে এন১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তার সংখ্যা চার। এ ছাড়া সংস্থাটির কম্পট্রোলার এবং একটি বিভাগের প্রধানও চলতি মাসের মধ্যে পদত্যাগ করতে পারেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপপ্রধান এ, যাকে মোসাদের পরবর্তী প্রধান হওয়ার স্বাভাবিক দাবিদার মনে করা হতো। রয়েছেন গোয়েন্দা বিভাগের প্রধান কে, ইরান বিভাগের প্রধান ওয়াই এবং অভিযান বিভাগের প্রধান ডি। সাবেক কর্মকর্তাদের ভাষ্য, এত অল্প সময়ে এভাবে একের পর এক শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেয়া নজিরবিহীন।
মোসাদের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই বলেন, গোফমান সংস্থাটির ভেতর থেকে উঠে আসেননি। তিনি শিন বেতের বিভিন্ন পদে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেননি। এমনকি ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগেও কাজ করেননি। অথচ দায়িত্ব নেয়ার পর সংস্থাটির অভিজ্ঞ নেতৃত্ব ও বিশেষজ্ঞদের বড় অংশকে সরিয়ে দেয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, কোনো প্রতিষ্ঠানের কাজের ধরন না জানলে নতুন প্রধানের উচিত অভিজ্ঞদের পাশে রাখা এবং তাদের কাছ থেকে শেখা। মোসাদ কি গোফমানের বাবার সম্পত্তি যে তিনি নিজের ইচ্ছামতো সবকিছু করবেন?
অন্য এক সাবেক কর্মকর্তা এস বলেন, মোসাদ যদি দুর্বল অবস্থায় থাকত, উদ্যোগের অভাব দেখা দিত কিংবা অভিযান পরিচালনার সক্ষমতা হারাত, তাহলে ব্যাপক রদবদলের যুক্তি থাকতে পারত। কিন্তু সংস্থাটি যখন পেজার ও ওয়াকিটকি অভিযানসহ অসংখ্য সফল অভিযান চালিয়েছে, তখন নতুন প্রধানের নিজের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তোলা উচিত।
তবে মোসাদের দাবি, নতুন প্রধান হিসেবে গোফমান নিজের পছন্দের নেতৃত্ব দল গড়ে তুলতে চান। যেকোনো প্রতিষ্ঠানে নতুন প্রধান দায়িত্ব নেয়ার পর শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা স্বাভাবিক।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, আগের কর্মকর্তাদের ইরানে সরকার পরিবর্তনের নীলনকশা ব্যর্থ হওয়াও এই রদবদলের একটি কারণ। গোফমান মনে করেন, পুরোনো নকশাকে আর আগেনর মতো কার্যকর করা সম্ভব নয়। সেগুলোতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, অথবা নতুন ভাবে পুরোপুরি ঢেলে সাজাতে হবে।
গোপন বৈঠকে বেসামরিক ব্যক্তিরা
মোসাদের গুরুত্বপূর্ণ ও অত্যন্ত গোপনীয় বৈঠকে বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণ নিয়েও উদ্বেগ রয়েছে। এন১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, গোফমান এমন কিছু ব্যবসায়ীকে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত করেছেন, যাদের কয়েকজন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এবং ডানপন্থী হিসেবে পরিচিত। তাদের কেউ কেউ গাজায় ব্যর্থ কয়েকটি উদ্যোগের সাথেও যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে জিএইচএফের ত্রাণ কার্যক্রম এবং রাফাহর মানবিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ।
মোসাদের সাবেক কর্মকর্তা টি বলেন, বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া এক বিষয়, আর তাদের বিভাগীয় প্রধানদের গোপন বৈঠকে তাদেরকে বসতে দেয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। ব্যবসায়ী ব্যক্তিরা নিজেদের অন্য স্বার্থের কারণে সংস্থার অতি গোপন তথ্যের সংস্পর্শে আসছেন। অতীতে কোনো মোসাদপ্রধান এমনটি করেননি।
তবে মোসাদের বক্তব্য, বাইরের উপদেষ্টারা সংস্থাটির কাজে নতুন দৃষ্টিভঙ্গি ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ জ্ঞান যোগ করছেন। তাদের যথাযথ নিরাপত্তা যাচাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন দেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী এবং নিজ নিজ দক্ষতার ক্ষেত্রেই তারা নির্দিষ্ট আলোচনায় অংশ নেন।
গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার উদ্যোগ
গাজা থেকে ফিলিস্তিনিদের কথিত স্বেচ্ছা অভিবাসনের পরিকল্পনা নিয়েও মোসাদের ভেতরে অস্বস্তি বাড়ছে বলে জানিয়েছে এন১২। এ উদ্যোগের সমন্বয়ের দায়িত্ব দিতে গোফমান ওয়াই নামের মোসাদের এক সাবেক কর্মকর্তাকে ফিরিয়ে এনেছেন। সাবেক প্রধান ডেভিড বার্নিয়ার সময়ে ওই কর্মকর্তা সংস্থা ছেড়েছিলেন। এখন তিনি গাজাবাসীকে আশ্রয় দিতে রাজি এমন দেশ খুঁজে বের করার কাজ করছেন। পাশাপাশি মোসাদের বিভাগীয় প্রধানদের জ্যেষ্ঠ ফোরামেও তিনি রয়েছেন।
মোসাদের এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিভাগীয় প্রধানদের মধ্যে এ উদ্যোগের ঘোর বিরোধিতা রয়েছে। কেউ কেউ একে সংস্থার জন্য ‘কালো পতাকা’ হিসেবে দেখছেন। তার মতে, ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের মতো বিতর্কিত বিষয়ে মোসাদের জড়িয়ে পড়া উচিত নয়।
সংস্থাটির সাবেক বন্দি ও নিখোঁজ ব্যক্তিবিষয়ক বিভাগের প্রধান রামি ইগ্রা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্বেচ্ছা অভিবাসনের ধারণা সামনে এনেছিলেন, তা ছিল অবাস্তব। এখনো তা অবাস্তবই রয়ে গেছে। তিনি প্রশ্ন তোলেন, গাজাবাসী কোথায় যাবে? জর্ডানে? এমন একটি দেশে, যার সাথে দীর্ঘ ও বিপজ্জনক সীমান্ত রয়েছে? গাজাবাসী নিউইয়র্কে যেতে চাইলে আপত্তি নেই। কিন্তু সোমালিয়ায় যেতে রাজি এমন একজন গাজাবাসী খুঁজে দেখান। বিষয়টি যেন তেল আবিবের কোনো বাসিন্দাকে গাজায় চলে যাওয়ার প্রস্তাব দেয়ার মতো।
তবে জেরুজালেম পোস্ট বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রকল্পে গোফমানের নেতৃত্ব নিয়ে আগে প্রকাশিত বিভিন্ন দাবির পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। মোসাদের দাবি, আগের প্রধানের আমলেই বৃহত্তর প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে এ কাজে সংস্থাটি যুক্ত হয়েছিল। প্রকল্পটির সমন্বয় ও নেতৃত্ব দিচ্ছে জাতীয় নিরাপত্তা পরিষদ। শিন বেতসহ অন্যান্য সংস্থাও এ বিষয়ে কাজ করছে। মোসাদ আন্তসরকার বৈঠকে অংশ নিলেও প্রকল্পটির নেতৃত্বে নেই।
এ ছাড়া গাজা থেকে বিপুলসংখ্যক মানুষের অভিবাসনের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
ইরান নিয়ে নতুন নীলনকশা
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সরকার উৎখাতে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে কাজে লাগানোর গোফমানের পরিকল্পনা নিয়েও সমালোচনা করেছেন সাবেক কর্মকর্তারা।
এন১২-কে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্য সম্পর্কে যার ন্যূনতম ধারণা আছে, সে এমন পরিকল্পনা করতে পারে না। এটি বাস্তবায়নের সম্ভাবনা আধা শতাংশও নেই। মোসাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা গোফমানকে পরিকল্পনাটি এগিয়ে নিতে বললেও শেষ পর্যন্ত তাকে সরে যেতে হয়েছে।
ইরানে আবার যুদ্ধ শুরু করা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন গোফমান। এর আগে নেতানিয়াহু আবার ইরানে হামলার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছিলেন বলে জানিয়েছিল অ্যাক্সিওস। গত ৩১ অক্টোবর ফোনালাপে দুই নেতার মধ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়েও কথা হয়। নেতানিয়াহু মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলার পক্ষে চাপ দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। তবে ট্রাম্প তখন কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন।
জেরুজালেম পোস্টের আগের প্রতিবেদন অনুযায়ী, গোফমানও মনে করেন, কুর্দিদের ব্যবহার করে ইরানে বিদ্রোহ ঘটানোর পুরোনো পরিকল্পনা আর নতুন করে কার্যকর করা যাবে না। দ্রুত নতুন পরিকল্পনা তৈরি করতে হবে। তবে তার সামনে বড় চ্যালেঞ্জ হলো, স্বল্পমেয়াদে ইরানে গোপন হামলা ও গুপ্তচরবৃত্তির মতো অভিযান চালানো এবং দীর্ঘমেয়াদে সরকার পরিবর্তনের পরিকল্পনা এগিয়ে নেয়ার মধ্যে ভারসাম্য রাখা।
২০২৬ সালের শুরুর দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে দ্রুত সরকার পরিবর্তনের পরিকল্পনা এগিয়ে নিয়েছিল। এতে দ্রুত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে একই ধরনের উদ্যোগের ওপর বাড়তি নজরদারি থাকবে। ট্রাম্প প্রশাসনের একাংশসহ ইসরাইলের মিত্রদের মধ্যেও শিগগির আবার এমন উদ্যোগ নেয়ার বিরোধিতা থাকতে পারে।
গোফমানের কাজের ধরন নিয়ে প্রশ্ন
মোসাদের ভেতরে গোফমানের কাজের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। সাবেক কর্মকর্তা টি বলেন, মোসাদের কর্মকর্তাদের কাছে যেসব বিষয় সম্পূর্ণ নিষিদ্ধ, গোফমানের কাছে সেগুলোও অনেকটা গ্রহণযোগ্য। কী করা যাবে, কী করা যাবে না কিংবা লক্ষ্য অর্জনে কোন পদ্ধতি ব্যবহার করা ন্যায়সংগত—এসব বিষয়ে তার দৃষ্টিভঙ্গি আলাদা।
এন১২ জানিয়েছে, নেতানিয়াহু কেন তাকে মোসাদের প্রধান হিসেবে বেছে নিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে গোফমান বলেছিলেন, ‘কারণ আমি একজন কৌশলী।’
তবে মোসাদ এই বৈশিষ্ট্যকে ইতিবাচক হিসেবেই দেখছে। সংস্থাটির এক মুখপাত্রের ভাষ্য, কেউ কেউ এমন একজন প্রধানকে মেনে নিতে পারছেন না, যিনি ভিন্নভাবে চিন্তা করেন, সৃজনশীল এবং আক্রমণাত্মক মানসিকতার অধিকারী। প্রথাগত গোয়েন্দা কাঠামোর বাইরে থেকে এসে গোফমান শুধু বিদেশি এজেন্ট ব্যবহারের ওপর নির্ভর না করে নিজস্ব সক্ষমতায় অভিযান পরিচালনা এবং আরো কয়েকটি দেশের সাথে জোট গড়ার ওপরও গুরুত্ব দিচ্ছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








