
ইসরাইলের চলমান গণহত্যায় বিধ্বস্ত গাজার এক মা সন্তানকে বুকের মধ্যে আগলে রেখেছেন। ছবির ওপরের স্তরে দেখা যায়, শিশু যিশুকে কোলে নিয়ে বসে আছেন মাতা মেরি। খ্রিষ্টধর্মে মাতা মেরির এমন মাতৃরূপের চিত্রকর্ম ‘ম্যাডোনা’ নামে পরিচিত। কিন্তু ছবির ওপরের স্তরটি সরিয়ে দিতেই ফুটে ওঠে গাজার সেই মায়ের বাস্তব ছবি। যেন শতাব্দীর পর শতাব্দী ধরে আঁকা মাতৃত্বের পবিত্র প্রতীকের আড়াল থেকে বেরিয়ে আসে যুদ্ধের নির্মম বাস্তবতা। দুই সময়ের, দুই জগতের দুই মায়ের এই বেদনাবিধুর ছবি পাশাপাশি এনেছেন ইতালির শিল্পী এদুয়ার্দো কাস্তালদো।
গত ১১ নভেম্বর ইতালির নেপলস শহরের পাপ্পাকোদা চ্যাপেলে ‘হোলি মাদার্স অব গাজা’ শিরোনামে শিল্পকর্মটি উন্মোচন করেন কাস্তালদো। আল জাজিরা ও হিন্দুস্তান টাইমস ১৫ নভেম্বর এ খবর জানিয়েছে। গাজার মায়ের ছবিটি তুলেছেন ফিলিস্তিনি আলোকচিত্রী ওমর এল কাত্তা।
মাতা মেরি ও শিশু যিশুর প্রচলিত ধর্মীয় চিত্রকর্মের সাথে গাজার এক মা ও তার সন্তানের বাস্তব ছবির এই সংযোগ যুদ্ধের মানবিক বিপর্যয়, বিশেষ করে নারী ও শিশুদের ওপর এর প্রভাব তুলে ধরেছে। ধর্মীয় শিল্পে মাতৃত্বের যে চিরায়ত রূপ দেখা যায়, তার সাথে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মায়েদের বাস্তব জীবনের অভিজ্ঞতাকে মিলিয়ে দিয়েছেন শিল্পী।
নিউইয়র্কভিত্তিক সাময়িকী ইউপি ম্যাগাজিনকে দেয়া বক্তব্যে কাস্তালদো বলেন, ‘ধর্মীয় প্রতীকের ছবিতে এই ছিঁড়ে যাওয়াটা হয়ে ওঠে প্রয়োজনীয় শোকের প্রকাশ। এ ক্ষতই আমাদের সারিয়ে তোলে, এক করে এবং সহমর্মিতার দিকে নিয়ে যায়।’
নেপলসের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় এ ধরনের আরো কয়েকটি শিল্পকর্ম নিয়ে বৃহত্তর একটি আয়োজনের অংশ ‘হোলি মাদার্স অব গাজা’। নেপলস শহরকে ‘জায়নবাদবিরোধী’ বলে বর্ণনা করেছেন কাস্তালদো।
আলোকচিত্র থেকে পথশিল্পে
নেপলসভিত্তিক এদুয়ার্দো কাস্তালদো একজন স্বনামধন্য আলোকচিত্রী। তিনি ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কারও পেয়েছেন। মধ্যপ্রাচ্যে আলোকচিত্রী হিসেবে কাজ করার পর নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশের নতুন মাধ্যম হিসেবে পথশিল্পকে বেছে নেন তিনি। খ্রিষ্ট ধর্মীয় মডোনার চিত্রকর্মের সাথে বাস্তব আলোকচিত্র মিলিয়ে শিল্পকর্ম তৈরি করেই বিশেষ পরিচিতি পেয়েছেন কাস্তালদো।
২০১২ সালে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় স্পট নিউজ বিভাগে তৃতীয় পুরস্কার পান তিনি। ‘ডন অব আ রেভল্যুশন’ শিরোনামের ওই ছবির গল্পে তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে মিসরের গণ-অভ্যুত্থান তুলে ধরেছিলেন।
আরব বসন্তের সময় কায়রো ও ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের মধ্যে পশ্চিমা আলোকচিত্রী হিসেবে নিজের ভূমিকা নিয়ে অস্বস্তির কথা আগেও বলেছেন কাস্তালদো। তিনি বলেন, ‘নিজের অবস্থান নিয়ে সব সময়ই আমার সংশয় ছিল। মনে হতো, আমি একজন পশ্চিমা মানুষ। মধ্যপ্রাচ্যের মানুষের ছবি তুলছি, আর সেসব ছবি পশ্চিমা সংবাদপত্রে বিক্রি হচ্ছে। এমন এক বয়ান তৈরিতে অংশ নিচ্ছি, যার সাথে আমি একমত নই। আমার সব সময় মনে হতো, মানুষের সবচেয়ে অসহায় মুহূর্ত ও অভিজ্ঞতার ছবি তুলে অন্যদের কাছে বিক্রি করছি।’
ইসরাইলি দখলদারিত্বের মধ্যে ফিলিস্তিনিদের জীবনযাপনও কাস্তালদোর আগের বেশ কিছু শিল্পকর্মের বিষয় ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ওয়েলকাম টু বেথলেহেম’।
ওই পথশিল্পের ভিত্তি ছিল তার তোলা কয়েকটি আলোকচিত্র। ছবিগুলোতে দেখা যায়, কাজের জন্য জেরুজালেমে যেতে ইসরাইলি সামরিক চেকপোস্টে অপেক্ষা করছেন ফিলিস্তিনি শ্রমিকেরা। পরে ছবিগুলো জুড়ে পথশিল্পের একটি কোলাজ তৈরি করেন তিনি।
মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী, এত অসহায় অবস্থায় থাকা মানুষের ছবি প্রকাশ করতে শুরুতে অস্বস্তি বোধ করেছিলেন কাস্তালদো। আলোকচিত্র থেকে পথশিল্পে আসার মধ্য দিয়ে পুরোনো অভিজ্ঞতাগুলো নতুন করে তুলে ধরার এবং ভিন্ন মাধ্যমে মানুষের গল্প বলার সুযোগ পেয়েছেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








