গুপ্তচরবৃত্তি, হানিট্রাপ,  মধু হই হই, বিষ খাওয়াইলা, মাতাহারি, স্যামসন, ডেলায়লা, আলিয়া রোজা,
আলিয়া রোজা। সংগৃহীত

স্যামসনের চোখে তখন ঘুম। মাথা ডেলায়লার কোলে। দিনের পর দিন অনুনয়, অভিমান আর ভালোবাসার কথা শুনিয়ে অবশেষে তিনি জেনে নিয়েছেন স্যামসনের সবচেয়ে বড় গোপন রহস্য। তাঁর অসাধারণ শক্তির উৎস কী? কেন কোনো শত্রুই তাঁকে পরাস্ত করতে পারে না? স্যামসন শেষ পর্যন্ত জানিয়েছেন, জন্ম থেকেই ঈশ্বরের উদ্দেশে উৎসর্গীকৃত তিনি। কখনো চুল কাটেননি। চুল কেটে ফেললে হারাবেন শরীরের সব শক্তি।

Advertisement

ডেলায়লা আর অপেক্ষা করেননি। খবর পাঠিয়েছেন ফিলিস্তিনিদের শাসকদের কাছে। তাঁরা অর্থের প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্যামসন যখন ডেলায়লার কোলে ঘুমিয়ে, তখন ডাকা হলো একজনকে। কেটে নেয়া হলো তাঁর চুল। ঘুম ভেঙে স্যামসন বুঝতে পারলেন না, তাঁর জীবনের সবচেয়ে বড় বিপদটি কোথা থেকে এলো। যাঁকে বিশ্বাস করেছিলেন, সেই মানুষটিই তাঁকে শত্রুর হাতে তুলে দিয়েছেন। বাইবেলের বিচারকর্তৃগণের পুস্তকের ১৬ অধ্যায়ে বর্ণিত এই কাহিনি হানিট্রাপ বা মধুফাদের প্রাচীনতম পরিচিত উদাহরণগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে।


এনডিটিভি শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে তুলে ধরেছে আধুনিক গোয়েন্দা দুনিয়ায় এই কৌশলের নানা দিক। সাবেক রুশ গোয়েন্দা হিসেবে পরিচয় দেয়া আলিয়া রোজা জানিয়েছেন, একজন মানুষকে প্রেমের ফাঁদে ফেলার আগেই শুরু হয় দীর্ঘ প্রস্তুতি। তাঁর পছন্দ-অপছন্দ, উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিগত দুর্বলতা, ঘনিষ্ঠজন—সবকিছু খুঁটিয়ে দেখা হয়। তারপর তৈরি হয় কাছে যাওয়ার পরিকল্পনা। এনডিটিভির সাংবাদিক অঙ্কিত ত্যাগীর সাথে এক সাক্ষাৎকারে রোজা নিজের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কথা বলেছেন।

অ্যালিস হুয়াংকে দেখা যাচ্ছে

প্রেমের সম্পর্কের আড়ালে গোপন তথ্য সংগ্রহ, কাউকে নিজের প্রভাববলয়ে আনা কিংবা তাঁর সিদ্ধান্ত বদলে দেয়ার এই কৌশলই পরিচিত হানিট্রাপ নামে। ইংরেজি ‘হানিট্রাপ’ শব্দটির আক্ষরিক অর্থ মধুর ফাঁদ। কিন্তু এর মিষ্টি আবরণের ভেতরে লুকিয়ে থাকে অন্য উদ্দেশ্য। লক্ষ্যবস্তু হয় এমন মানুষ, যাঁদের কাছে পৌঁছানো সহজ নয়, অথচ যাঁদের কাছ থেকে পাওয়া তথ্য বা প্রভাব কাজে লাগতে পারে রাষ্ট্র, গোয়েন্দা সংস্থা কিংবা কোনো প্রতিষ্ঠানের।

প্রাচীন গুপ্তচরদেরও ছিল প্রলোভনের কৌশল

ডেলায়লা-স্যামসনের কাহিনি একমাত্র উদাহরণ নয়। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তাতেও মানুষের ব্যক্তিগত জীবন ও দুর্বলতাকে কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের কৌশলের উল্লেখ রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে গুপ্তচরদের নানা ছদ্মবেশে নিয়োগের কথা বলা হয়েছে। সেখানে নারী, পরিচারিকা, নর্তকী, গায়িকা ও গণিকাদেরও গুপ্তচর হিসেবে ব্যবহারের বিবরণ আছে। তাঁদের কেউ কেউ রাজকর্মকর্তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন। গ্রন্থটির পঞ্চম খণ্ডে সতী নারীর ছদ্মবেশে গণিকাদের বিদ্রোহীদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদের ফাঁদে ফেলার কৌশলও বর্ণিত হয়েছে। আধুনিক হানিট্রাপের নাম সেখানে নেই, কিন্তু প্রলোভন ও ব্যক্তিগত সম্পর্ককে হাতিয়ার করার মিলটি স্পষ্ট।

'শীতল যুদ্ধের সময় পূর্ব জার্মানির

গোয়েন্দা সংস্থা স্টাসি এক অভিনব কৌশল নিয়েছিল। পশ্চিম

জার্মানির সরকারি দপ্তর,

রাজনীতি ও গোয়েন্দা সংস্থায়

কাজ করা নারীদের

কাছে
পাঠানো হতো সুদর্শন,

শিক্ষিত ও মার্জিত পুরুষ গুপ্তচর।

তাঁদের বলা হতো ‘রোমিও স্পাই’

চীনা সমরবিশারদ সান জুর প্রায় আড়াই হাজার বছর আগের দ্য আর্ট অব ওয়ার গ্রন্থেও গুপ্তচরবৃত্তি নিয়ে আলাদা অধ্যায় রয়েছে। ত্রয়োদশ অধ্যায়ে তিনি গুপ্তচরদের পাঁচটি শ্রেণিতে ভাগ করেছেন। এর মধ্যে রয়েছে শত্রুপক্ষের ভেতরের লোক, শত্রুর গুপ্তচরকে নিজেদের পক্ষে টেনে আনা এবং গোপন তথ্য সংগ্রহ করে ফিরে আসা এজেন্ট। প্রেমের ফাঁদ বা হানিট্রাপের সরাসরি উল্লেখ সেখানে নেই। তবে শত্রুর আস্থাভাজন মানুষের মাধ্যমে তার অন্দরমহলে প্রবেশের গুরুত্ব তিনি বুঝিয়েছেন।

সময়ের সাথে এই কৌশল আরো সংগঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ডসের নৃত্যশিল্পী মাতাহারির নাম জড়িয়ে যায় গুপ্তচরবৃত্তির সাথে। ফ্রান্সের অভিযোগ ছিল, জার্মানির হয়ে কাজ করতে গিয়ে তিনি সামরিক কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলেন। ১৯১৭ সালে ফ্রান্সে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ নিয়ে পরে গুরুতর প্রশ্ন উঠেছে। এমনকি তাঁর আকর্ষণকে কাজে লাগিয়ে গোপন তথ্য আদায়ের বহুল প্রচলিত গল্পেরও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। ফলে মাতাহারির কাহিনি হানিট্রাপের নিশ্চিত উদাহরণ নয়, বরং গুপ্তচরবৃত্তি ঘিরে তৈরি হওয়া এক ঐতিহাসিক রহস্য।

পশ্চিম জার্মানির নারীদের প্রেমের ফাঁদে ফেলেছিল পুরুষ গুপ্তচরেরা

শীতল যুদ্ধের সময় পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসি এক অভিনব কৌশল নিয়েছিল। পশ্চিম জার্মানির সরকারি দপ্তর, রাজনীতি ও গোয়েন্দা সংস্থায় কাজ করা নারীদের কাছে পাঠানো হতো সুদর্শন, শিক্ষিত ও মার্জিত পুরুষ গুপ্তচর। তাঁদের বলা হতো ‘রোমিও স্পাই’। পূর্ব জার্মানির গোয়েন্দা বিভাগের প্রধান মার্কুস উলফের পরিকল্পনায় এই অভিযান পরিচালিত হতো।

এসব পুরুষের কাজ ছিল প্রথমে আকস্মিক পরিচয়ের মাধ্যমে নারীদের সাথে সম্পর্ক গড়ে তোলা। পরে প্রেমের সম্পর্ক গভীর হলে তাঁদের কাছ থেকে গোপন নথি ও রাষ্ট্রীয় তথ্য সংগ্রহ করা। পশ্চিম জার্মানির সরকারি দপ্তরে কর্মরত অনেক নারীই তাঁদের প্রেমিকের কাছে সংবেদনশীল তথ্য পৌঁছে দিতেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রকাশিত বিবরণে এই অভিযানকে হানিট্রাপের উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ ফাঁদ পাততে সব সময় নারীদেরই ব্যবহার করা হয়েছে, এমন নয়।

আধুনিক সময়েও একই কৌশলের অভিযোগ উঠেছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন চীনা নাগরিক ফ্যাং ফ্যাং, যিনি ক্রিস্টিন ফ্যাং নামেও পরিচিত। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ ছিল, তিনি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে রাজনৈতিক যোগাযোগ তৈরি করছিলেন। তাঁর যোগাযোগের তালিকায় ছিলেন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলসহ বেশ কয়েকজন রাজনীতিক। রাজনৈতিক তহবিল সংগ্রহ, পরিচিতি বাড়ানো এবং ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তিনি প্রভাবশালী মহলে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে মার্কিন কর্মকর্তারা মনে করেন। এফবিআই ২০১৫ সালে সোয়ালওয়েলকে সতর্ক করেছিল। তিনি ফ্যাংয়ের সাথে যোগাযোগ বন্ধ করেন এবং তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ ওঠেনি। মার্কিন কর্মকর্তারা মনে করেননি যে ফ্যাং গোপন রাষ্ট্রীয় তথ্য পেয়েছিলেন বা তা পাচার করেছিলেন।

জেনসেন হুয়াং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফাঁদ পাতার আগে লক্ষ্যবস্তুর জীবন খুঁটিয়ে দেখা হয়

আলিয়া রোজা এনডিটিভিকে জানান, তাঁর গোয়েন্দা দুনিয়ায় প্রবেশ ঘটে পারিবারিক সূত্রে। তাঁর বাবা তখন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। তিনিই মেয়েকে অপরাধ তদন্ত বিভাগের কাজের সাথে পরিচয় করিয়ে দেন। ওই বিভাগ মানব পাচার ও মাদক পাচারবিরোধী অভিযান পরিচালনা করত। পরে তাঁকে হানিট্রাপের ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্ত করা হয়। সেখানে প্রলোভন দেখানো, কাউকে রাজি করানো, প্রভাব বিস্তার এবং যোগাযোগের নানা কৌশল শেখানো হয়েছিল বলে দাবি করেন তিনি।

রোজার ভাষায়, কোনো লক্ষ্যবস্তুর কাছে যাওয়ার আগে তার সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হয়। সে কী পছন্দ করে, জীবনে কী অর্জন করতে চায়, কারা তার ঘনিষ্ঠজন, কোন বিষয়গুলো তাকে আবেগতাড়িত করে এবং কোথায় তার দুর্বলতা—সবই জানতে হয়। কারণ, কাউকে প্রভাবিত করতে হলে আগে বুঝতে হবে তার চিন্তাভাবনা ও আচরণ কীভাবে কাজ করে।

এ জন্য প্রশিক্ষণে মনস্তাত্ত্বিক কৌশলের ওপর জোর দেয়া হয়। এর মধ্যে রয়েছে প্ররোচনা, আবেগকে কাজে লাগানো এবং ‘অ্যাংকরিং’ কৌশল। সহজ করে বললে, কোনো বিশেষ অনুভূতি বা অভিজ্ঞতার সাথে একজন মানুষের মনে নির্দিষ্ট প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা। বিভিন্ন পরিস্থিতিতে তিনি কীভাবে প্রতিক্রিয়া জানান, সেটি বুঝে ধীরে ধীরে তাঁর সাথে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়ানো হয়।

কাছে যাওয়ার পথটিও গুরুত্বপূর্ণ। একেবারে অপরিচিত কেউ হঠাৎ বন্ধুত্ব করতে চাইলে সন্দেহ হতে পারে। তাই লক্ষ্যবস্তুর পরিচিত বা বিশ্বস্ত কারো মাধ্যমে পরিচিত হওয়ার চেষ্টা করা হয়। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব, ব্যবসায়িক যোগাযোগ কিংবা ব্যক্তিগত সম্পর্ক। এভাবে আস্থা তৈরি হলে একসময় সেই সম্পর্কের মধ্য দিয়েই প্রভাব বিস্তারের সুযোগ আসে।

এনভিডিয়ার জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গেও কথা বলেছেন রোজা। অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে চীনের গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক পরিচালক। প্রতিষ্ঠানটির উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ কেনাবেচায় কয়েক বিলিয়ন ডলারের লেনদেনের সংশ্লিষ্টতা ছিল বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘মধু হই হই, বিষ খাওয়াইলা’—হানিট্রাপের কৌশলের সাথে

যেন অদ্ভুতভাবে মিলে যায়। মধুর মতো মিষ্টি সম্পর্কের আড়ালেই যে বিষ

লুকিয়ে থাকতে পারে, গোয়েন্দাদের এই

খেলায় সেটিই সবচেয়ে বড় বিপদ'

রোজার দাবি, অ্যালিসের স্বামী কাঙ ওয়েইয়ের মাধ্যমে জেনসেন হুয়াংয়ের সাথে তাঁর পরিচয় হয়েছিল। এরপর ব্যবসায়িক যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। রোজার মতে, পরিচিত ও বিশ্বস্ত কারো মাধ্যমে একজন ক্ষমতাবান ব্যক্তির কাছে পৌঁছানো, তারপর ব্যবসায়িক ও আবেগঘন সম্পর্ক তৈরি করা—হানিট্রাপের পরিকল্পিত কৌশলের সাথে মিলে যায়। তাঁর প্রশ্ন, ব্যক্তিগত ঘনিষ্ঠতার সুযোগে দুজনের মধ্যে কী ধরনের কথাবার্তা হয়েছে, আর তা থেকে কোনো সংবেদনশীল তথ্য পাওয়া সম্ভব হয়েছিল কি না।

তবে এখানে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এগুলো রোজার অভিযোগ ও নিজস্ব মূল্যায়ন। অ্যালিস হুয়াং চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন, এমন প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। চীনও অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি তদন্তাধীন।

ব্যবসায়ীরা কেন গোয়েন্দাদের লক্ষ্য

রোজার মতে, বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা গোয়েন্দাদের কাছে আকর্ষণীয় লক্ষ্য হতে পারেন। তাঁদের হাতে থাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য, প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ এবং বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। তাঁদের কাছ থেকে তথ্য আদায়ই একমাত্র উদ্দেশ্য নয়। দীর্ঘদিনের সম্পর্ক তৈরি করে তাঁদের চিন্তাভাবনা ও সিদ্ধান্তেও প্রভাব বিস্তারের সুযোগ খোঁজা হতে পারে।

রোজা এখন নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করপোরেট নির্বাহীদের এ ধরনের প্রতারণা ও মনস্তাত্ত্বিক প্রভাব সম্পর্কে সচেতন করার কাজ করেন বলে জানিয়েছেন। তাঁর সতর্কবার্তা, গুপ্তচরবৃত্তি সব সময় চুরি করা নথি, গোপন সংকেত কিংবা অন্ধকার ঘরের বৈঠক দিয়ে শুরু হয় না। কখনো শুরু হয় একটি সাধারণ কথোপকথন দিয়ে। তারপর পরিচিত কারো মাধ্যমে পরিচয়, বন্ধুত্ব কিংবা প্রেম। একসময় সেই সম্পর্কের ভেতরেই এমনভাবে জড়িয়ে পড়েন লক্ষ্যব্যক্তি, যে সন্দেহ করার সুযোগ থাকলেও প্রশ্ন তোলার সাহস হারিয়ে ফেলেন।

চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান ‘মধু হই হই’-এর স্রষ্টা আবদুর রশীদ মাস্টার প্রেম ও বিচ্ছেদের অভিজ্ঞতা থেকে গানটি লিখেছিলেন। গানটির পরিচিত পঙক্তি—‘মধু হই হই, বিষ খাওয়াইলা’—হানিট্রাপের কৌশলের সাথে যেন অদ্ভুতভাবে মিলে যায়। মধুর মতো মিষ্টি সম্পর্কের আড়ালেই যে বিষ লুকিয়ে থাকতে পারে, গোয়েন্দাদের এই খেলায় সেটিই সবচেয়ে বড় বিপদ।

একজন মানুষ যখন কাউকে বিশ্বাস করেন, তখন তাঁর সামনে নিজের জীবনের অনেক দরজাই খুলে দেন। হানিট্রাপের খেলায় সেই বিশ্বাসই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান চাবি। আর যে মানুষটি চাবি তুলে দেন, তিনি অনেক সময় বুঝতেও পারেন না—নিজের অজান্তেই খুলে দিয়েছেন এমন এক দরজা, যার ওপাশে অপেক্ষা করছে ফাঁদ।