
‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’—রবীন্দ্রসংগীতের এই পঙ্ক্তি মনে পড়তে পারে ভারতের সাম্প্রতিক এক ঘটনায়। দেশের সরকার যখন নিজের আইন ও সরকারি ক্রয়নীতি পাশ কাটিয়ে ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ফোন হ্যাকিং ও নজরদারির প্রযুক্তি কেনার পথ তৈরি করে, তখন প্রশ্ন জাগে, দেশটি আসলে কোন পথে হাঁটছে? নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার দায়িত্ব যে রাষ্ট্রের, সেই রাষ্ট্রই যখন নাগরিকের ফোন, ব্যক্তিগত কথোপকথন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এমনকি ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির তথ্যেও প্রবেশের সক্ষমতা বাড়ায়, তখন উদ্বেগের কারণ তৈরি হয়।
ভারতের নজরদারির সক্ষমতা এখন শুধু মোবাইল ফোনের তথ্য কপি করা কিংবা পাসওয়ার্ড ছাড়াই ফোনে ঢোকার মধ্যে সীমাবদ্ধ নেই। ইনস্টাগ্রাম ও টিন্ডারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ক্লাউডে সংরক্ষিত তথ্য এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের তথ্যেও ঢুকতে পারছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। এসব প্রযুক্তি কেনার সুযোগ করে দিতে ভারত নিজের সরকারি ক্রয়নীতিই শিথিল করেছে। ইসরাইলি একটি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দেয়ার জন্যই নেয়া হয়েছে এই পদক্ষেপ। মোদি সরকারের এমন তৎপরতায় উদ্বেগ ও সমালোচনা জানিয়েছেন মানবাধিকারকর্মী ও ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।
আল জাজিরা বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানায়, ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) নামের একটি ডিজিটাল অধিকার সংগঠনের অনুসন্ধানে দেখা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় সরকারি কেনাকাটার নিয়ম শিথিলের অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী শাহের এই অনুমোদনের ফলে দেশটির সরকারি ফরেনসিক (ডিজিটাল যন্ত্র থেকে তথ্য উদ্ধার ও পরীক্ষা করে অপরাধ তদন্তের প্রযুক্তি) প্রতিষ্ঠানগুলো অন্তত ৪২২ ধরনের বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ পেয়েছে। এসব পণ্যের মধ্যে ইসরাইলি প্রতিষ্ঠান সেলেব্রাইটের তৈরি প্রযুক্তিও রয়েছে।
তবে শুধু মোদির কেন্দ্রীয় সরকার কিংবা তাঁর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোই এসব প্রযুক্তি কিনছে না। বিরোধী দল কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটকও একই ধরনের ফোন থেকে তথ্য সংগ্রহ এবং ফোনের তথ্য কপি করার প্রযুক্তি কিনেছে।
নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের নজরদারির সক্ষমতা ফোনের তথ্য কপি করা কিংবা পাসওয়ার্ড ছাড়াই ফোন থেকে তথ্য হাতিয়ে নেয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ইনস্টাগ্রাম, এক্স ও টিন্ডারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ক্লাউডে রাখা তথ্যও সংগ্রহ করতে পারে এসব প্রযুক্তি। একইভাবে অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রের তথ্যও বের করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রচলিত আইনে এ ধরনের ব্যাপক নজরদারি ঠেকানোর কার্যকর সুরক্ষা নেই। ফলে তথ্য সংগ্রহের এসব কর্মকাণ্ড আইনের ধূসর এলাকায়ই থেকে যাচ্ছে।
ডিজিটাল অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কাজ করা সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা ভান্ডারি বলেন, ‘ভারতে নজরদারির সক্ষমতা যে বাড়ছে, তা স্পষ্ট। এর পরিধি যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি গভীরতাও বাড়ছে।’
তিনি আলজাজিরাকে বলেন, ‘এখন নির্দিষ্ট কোনো ব্যক্তির ওপর লক্ষ্যভিত্তিক নজরদারির চেয়ে ব্যাপক পরিসরে নজরদারি চালানো সহজ হয়ে উঠেছে। একই সঙ্গে মানুষের ব্যক্তিগত জীবনে আরো গভীরভাবে প্রবেশ করাও সম্ভব হচ্ছে। এখন নজরদারির মাধ্যমে একজন মানুষের জীবন সম্পর্কে অনেক বেশি বিস্তারিত ধারণা পাওয়া যায়।’
ইনস্টাগ্রাম থেকে টিন্ডার : ক্লাউডের তথ্যেও নজরদারি
আইএফএফ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জানুয়ারির একটি চিঠি পর্যালোচনা করেছে। আলজাজিরার কাছেও ওই চিঠির একটি অনুলিপি রয়েছে। এতে দেখা যায়, ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় সরকারি কেনাকাটার নিয়ম এক বছরের জন্য শিথিল করার অনুমোদন দেন অমিত শাহ। এর ফলে ভারতের সরকারি তদন্ত সংস্থাগুলো অন্তত ৪২২ ধরনের বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ পায়। এসব সরঞ্জাম দিয়ে জব্দ করা মোবাইল ফোন ও কম্পিউটার থেকে তথ্য উদ্ধার, মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার, পাসওয়ার্ডের বাধা এড়িয়ে তথ্য সংগ্রহ এবং ডিজিটাল যোগাযোগের নানা সূত্র পরীক্ষা করা যায়।
‘মেক ইন ইন্ডিয়া’ নীতিতে সরকারি কেনাকাটার ক্ষেত্রে বিদেশি সরবরাহকারীদের তুলনায় যোগ্য ভারতীয় উৎপাদকদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন নিয়ে এ নিয়মে ছাড় দেয়ার সুযোগও রয়েছে।
২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি চিঠিতে দেখা যায়, ইসরাইলি প্রতিষ্ঠান সেলেব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ কেনার অনুমতি পেয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তিন বছরের লাইসেন্সের জন্য এর দাম প্রায় পাঁচ কোটি রুপি বা ৫ লাখ ২৯ হাজার ৯৪৭ ডলার।
সরকারি দরপত্রে প্রযুক্তির সক্ষমতা সম্পর্কে যেসব শর্ত দেয়া হয়েছে, সেখানেও নজরদারির বিস্তৃত চিত্র পাওয়া যায়। জব্দ করা মোবাইল ফোন বা কম্পিউটার থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে ১০০টির বেশি ক্লাউডভিত্তিক সেবায় প্রবেশ করতে সক্ষম হতে হবে সংশ্লিষ্ট সফটওয়্যারকে। লগইন টোকেন হলো এক ধরনের ডিজিটাল চাবি। এর মাধ্যমে ব্যবহারকারীকে বারবার পাসওয়ার্ড না দিয়েও অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দেয়া হয়।
কোনো প্রতিষ্ঠানকে নিয়মের বাইরে বিশেষ ছাড় দেয়া হয়েছে মানেই তার প্রতিটি পণ্য সরকারি কোনো সংস্থা কিনেছে, এমন নয়। তবে এই ছাড়ের ফলে ভারতীয় সংস্থাগুলোর জন্য কী ধরনের ফরেনসিক প্রযুক্তি কেনার সুযোগ তৈরি হয়েছে, তা বোঝা যায়।
৪২২টি পণ্যের তালিকা থেকে আইএফএফ ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিক বিভাগের ১১৮টি পণ্য শনাক্ত করেছে। এর মধ্যে রয়েছে সেলেব্রাইটের তৈরি পাথফাইন্ডার, ইনসেইয়েটস অন-প্রেম প্রো এবং ইনসেইয়েটস অফলাইন। সার্বিয়া, জর্ডান, কেনিয়া ও রাশিয়ার মতো দেশে সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে সেলেব্রাইটের প্রযুক্তি ব্যবহারের নজির রয়েছে।
তালিকায় বিদেশি আরো কয়েকটি ডিজিটাল ফরেনসিক প্রতিষ্ঠানের প্রযুক্তিও রয়েছে। এর মধ্যে ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের তৈরি সরঞ্জাম উল্লেখযোগ্য। পাশাপাশি ওপেন সোর্স থেকে তথ্য সংগ্রহ, ডার্ক ওয়েবের ওপর নজরদারি এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত তদন্তের সফটওয়্যারও রয়েছে।
আলজাজিরা দিল্লি পুলিশের একটি দরপত্রের নথিও খতিয়ে দেখেছে। পুলিশের ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবরেটরির জন্য ওই দরপত্র আহ্বান করা হয়েছিল। ল্যাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত ইন্ডিয়ান সাইবারক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের অধীনে কাজ করে।
দরপত্রে চাওয়া সফটওয়্যারের সক্ষমতার তালিকাটি বেশ বিস্তৃত। অ্যাপলের ম্যাকওএস, মাইক্রোসফটের উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ডের বাধা এড়িয়ে তথ্য সংগ্রহ করতে হবে। ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ব্রাউজারের হিস্ট্রি ও মুছে ফেলা ফাইল উদ্ধার করতে হবে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহারের চিহ্নও শনাক্ত করতে হবে। এ ছাড়া ফোন বা কম্পিউটারের স্ক্রিন লক খুলে পুরো ফাইল সিস্টেমের তথ্য সংগ্রহ, ব্যাকআপের সাংকেতিক সুরক্ষা ভেঙে তথ্য বের করা এবং মেসেজিং অ্যাপ থেকে তথ্য উদ্ধারের সক্ষমতাও থাকতে হবে।
দিল্লি পুলিশ ১০০টির বেশি ক্লাউডভিত্তিক সেবায় প্রবেশের জন্য আরেকটি ‘অল-ইন-ওয়ান’ ব্যবস্থা চেয়েছে। গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ও ডিসকর্ডের পাশাপাশি টিন্ডার, গ্রিন্ডার ও ওকেকিউপিডের মতো ডেটিং প্ল্যাটফর্মেও প্রবেশ করতে পারবে এই ব্যবস্থা। স্ল্যাক ও অনলি ফ্যানসের মতো প্ল্যাটফর্মের তথ্যও সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে জব্দ করা ফোন বা অন্য যন্ত্র থেকে পাওয়া অ্যাকাউন্টের তথ্য কিংবা লগইন টোকেন ব্যবহার করা হবে। ড্রোন, পরিধানযোগ্য ইলেকট্রনিক যন্ত্র এবং অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো যন্ত্র থেকে তথ্য সংগ্রহের সক্ষমতাও চাওয়া হয়েছে।
এ বিষয়ে আলজাজিরা জাতীয় তদন্ত সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিরোধী দলশাসিত হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার স্বরাষ্ট্র দফতরের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিল। দিল্লি পুলিশও অমিত শাহের মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কেউই জবাব দেননি।
‘আমার ফোনে ঢুকল কীভাবে?’
ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারির সক্ষমতা নিয়ে স্বচ্ছতার অভাব অনেকের কাছেই নিছক তাত্ত্বিক উদ্বেগ নয়। এর বাস্তব অভিজ্ঞতাও রয়েছে।
গত মাসে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছিলেন। এ সময় মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি বিক্ষোভে যোগ দিতে নয়াদিল্লিতে আসেন।
বিক্ষোভের দিন সকালে বাড়িতে থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাকে আটক করে। তাঁর ফোনটিও নিয়ে নেয় পুলিশ। পরে একটি পডকাস্টে রাঠি বলেন, ইসরাইলি প্রতিষ্ঠান সেলেব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তাঁর আইফোনের তথ্য কপি করার চেষ্টা করেছিল বলে তিনি মনে করেন। তবে সেই চেষ্টা সফল হয়নি বলে তাঁর ধারণা। কারণ, ফোনটিতে আইওএস অপারেটিং সিস্টেমের অপেক্ষাকৃত নতুন সংস্করণ থাকায় সেলেব্রাইটের প্রযুক্তি দিয়ে সেটির নিরাপত্তাব্যবস্থা এড়ানো সম্ভব হয়নি।
রাঠির এই বক্তব্য আলজাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে একই ধরনের সন্দেহের কথা জানিয়েছেন আরো অনেকে।
দিল্লির সংবাদপত্র সিয়াসাত ডেইলির সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসাইন আল জাজিরাকে বলেন, ১০ অক্টোবর নয়াদিল্লিতে এক ক্যামেরাপারসনের সাথে তাকেও আটক করা হয়েছিল। ঘটনাস্থলেই তাঁর ফোন জব্দ করে পুলিশ।
হুসাইন বলেন, ‘সেদিন সন্ধ্যায় ফোনটি ফেরত পাওয়ার পর দেখি, আমাদের সংবাদ সংগ্রহের সময় ধারণ করা সব ভিডিও বেছে বেছে মুছে ফেলা হয়েছে।’ তিনি স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডচালিত গ্যালাক্সি এস২৪ ব্যবহার করেন। ফোনটিতে প্যাটার্ন লক ও আঙুলের ছাপের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা ছিল।
ফোনের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে পুলিশ কী প্রযুক্তি ব্যবহার করেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি হুসাইন। তবে তিনি বলেন, ‘এ ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠেছে, কিন্তু সেগুলোর উত্তর দেয়ার কেউ নেই। তারা আমার ফোনের ভেতরে ঢুকল কীভাবে?’
নরেন্দ্র মোদির শাসনামলে সাংবাদিক, অধিকারকর্মী, আইনজীবী ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে উন্নত প্রযুক্তির নজরদারি সফটওয়্যার ব্যবহারের অভিযোগ উঠেছে ভারত সরকারের বিরুদ্ধে।
২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় সাংবাদিক সিদ্ধার্থ ভারাদারাজন ও আনন্দ মাঙ্গনালের ফোনে পেগাসাসের সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। কিন্তু অনুমতি ছাড়া নজরদারি চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার।
বৃন্দা ভান্ডারি বলেন, ব্যাপক নজরদারির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রেও বড় সমস্যা রয়েছে। কারণ, কে নজরদারির শিকার হয়েছেন, তা শনাক্ত করাই কঠিন। তাঁর ভাষায়, ‘যার ওপর নজরদারি চালানো হচ্ছে, তিনি তো অনেক সময় জানতেই পারেন না। তাহলে তিনি করবেন কী?’
নজরদারিতে বাধা কোথায়?
ডিজিটাল অধিকার সংগঠন আইএফএফ ভারতের আইনি কাঠামোয় যে বড় ঘাটতির কথা তুলে ধরেছে, তা হলো—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা মোবাইল ফোনের লক জোর করে খোলা কিংবা ফোনের সব তথ্য বের করার বিষয়ে দেশটিতে সুনির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা নেই।
ফৌজদারি আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন জিনিসপত্র জব্দ করার ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু পাসকোডের বাধা এড়িয়ে ফোনে প্রবেশ, পুরো ফাইল সিস্টেমের অনুলিপি তৈরি, লগইন টোকেন সংগ্রহ করে ক্লাউড অ্যাকাউন্টে ঢোকা কিংবা সংগ্রহ করা তথ্য কত দিন সংরক্ষণ করা হবে এবং কখন মুছে ফেলতে হবে—এসব বিষয়ে আইনে স্পষ্ট নির্দেশনা নেই।
২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেন। ওই রায়ে বলা হয়, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের পেছনে আইনি ভিত্তি থাকতে হবে। সেই হস্তক্ষেপের উদ্দেশ্য হতে হবে রাষ্ট্রের বৈধ স্বার্থসংশ্লিষ্ট এবং গৃহীত পদক্ষেপ হতে হবে সেই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ও আনুপাতিক।
তাই প্রশ্নটা শুধু ইসরাইলি প্রযুক্তি কেনা কিংবা ভারতের নজরদারির সক্ষমতা বাড়ানোর নয়। আসল প্রশ্ন, এই নজরদারির ওপর নিয়ন্ত্রণ থাকবে কার? নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত করবে কে?
ভান্ডারি আল জাজিরাকে বলেন, ‘সরকারি সংস্থাগুলো যখন যথাযথ ও অর্থবহ তদারকি ছাড়াই এসব প্রযুক্তি ব্যবহার করে, তখন নজরদারির জাল আরো বিস্তৃত ও গভীর হয়। এতে আরো অনেক মানুষ আক্রান্ত হন। অথচ আইনসভা, সংসদ কিংবা বিচার বিভাগের কোনো তদারকি থাকে না।’
তিনি বলেন, যুক্তরাজ্য ও জার্মানির মতো কিছু দেশে নজরদারির ওপর সংসদীয় কিংবা বিচার বিভাগীয় তদারকির ব্যবস্থা রয়েছে। কিন্তু ভারতে নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনাই একমাত্র তদারকি ব্যবস্থা।
ভান্ডারির ভাষায়, ‘নজরদারির ওপর তদারকি রাখার মূল উদ্দেশ্যই হলো এতে কিছু বাধা তৈরি করা, যাতে সরকার চাইলেই সহজে যে কাউকে লক্ষ্যবস্তু করতে না পারে।’
তিনি বলেন, ‘বর্তমান আইনি কাঠামো সেই সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।’
গণতন্ত্রে রাষ্ট্রের ক্ষমতারও সীমা থাকে, নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তারও সুরক্ষা থাকে। কিন্তু সেই সুরক্ষা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা না থাকলে রাষ্ট্রের নজরদারিই হয়ে উঠতে পারে নাগরিকের স্বাধীনতার জন্য হুমকি। রবীন্দ্রসংগীতের সেই প্রশ্নটিই তখন ফিরে আসে—‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।’ দেশের মানুষের ব্যক্তিগত জীবনের দরজা খুলে দেয়ার চাবি শেষ পর্যন্ত কার হাতে থাকবে, আর সেই ক্ষমতার জবাবদিহি করবে কে?
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








