যুক্তরাষ্ট্র, গুপ্তচর ও সাইবার সংস্থা,  আত্মহত্যা, উদ্বেগ, উৎকণ্ঠা,
মার্কিন সাইবার কমান্ডের সেনারা ডিস পাতছে। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও  সাইবার কমান্ডের অন্তত ১১ জন কর্মী গত এক বছরে আত্মহত্যা করেছেন। আগে জানা সংখ্যার চেয়ে এই সংখ্যা অনেক বেশি। ধারাবাহিক এসব মৃত্যুর ঘটনায় হোয়াইট হাউস ও কংগ্রেসের কর্মকর্তারা সংস্থা দুটির শীর্ষ নেতৃত্বের কাছে ব্যাখ্যা চেয়েছেন। কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ কমানো এবং মানসিক স্বাস্থ্যসেবা বাড়াতে সামরিক কর্তৃপক্ষও উদ্যোগ নিয়েছে।

Advertisement

ব্লুমবার্গের বরাত দিয়ে টাইমস অব জাপান বুধবার (১১ নভেম্বর) জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর ওপর ইলেকট্রনিক নজরদারি ও সাইবার হামলা পরিচালনাকারী এই দুই সংস্থায় আত্মহত্যার অস্বাভাবিক প্রবণতা দেখা দিয়েছে। গত বছরের জুনের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে এনএসএ ও সাইবার কমান্ডের পাঁচজন কর্মী আত্মহত্যা করেন। বিষয়টি সামরিক কর্তৃপক্ষের নজরে এলে মৃত্যুগুলোকে ‘সুইসাইড ক্লাস্টার’ বা আত্মহত্যার ধারাবাহিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়। আগস্টে এ বিষয়ে অবগত ব্যক্তিরা বিষয়টি প্রকাশ করেন।

এরপর গত সেপ্টেম্বরে আত্মহত্যা করেন ২১ বছর বয়সী এক নারী সেনাসদস্য এবং এনএসএর ৫৯ বছর বয়সী এক বেসামরিক কর্মী। মৃত্যুসংক্রান্ত নথি ও তাঁদের চাকরির বিষয়ে অবগত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও  সাইবার কমান্ডের  দফতরের একাংশ

গত সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে মেরিল্যান্ডের ফোর্ট মিডের আশপাশে এনএসএ ও সাইবার কমান্ডের ১০ জন এবং জর্জিয়ায় এনএসএর একটি স্থাপনার কাছে একজন আত্মহত্যা করেন। তাঁদের মধ্যে সামরিক সদস্য, বেসামরিক কর্মী ও ঠিকাদার ছিলেন। জুন-জুলাইয়ের পাঁচজনসহ এই ১১ জনের মৃত্যুর হিসাব আগে প্রকাশ করা হয়নি। ফোর্ট মিডেই সংস্থা দুটির সদর দপ্তর।

এনএসএ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হ্যারি কোকার জুনিয়র বলেন, ‘এখন এনএসএ ও সাইবার কমান্ড—দুই জায়গাতেই কাজের গতি অসহনীয় হয়ে উঠতে পারে। প্রচুর মানসিক চাপের বিষয়টি আমরা অনেক সময় উপেক্ষা করি। কারণ, সাইবার কার্যক্রমকে আমরা যুদ্ধক্ষেত্র থেকে দূরের কাজ বলে মনে করি। শারীরিকভাবে তা ঠিক হলেও মানসিক ও আবেগের দিক থেকে মোটেও ঠিক নয়।’

*পেন্টাগনের এক মুখপাত্র গত কয়েক বছরের আত্মহত্যার সংখ্যা জানাতে পারেননি। তাঁর ভাষ্য, সামরিক বাহিনী সেনাবাহিনী বা নৌবাহিনীর মতো বাহিনীর ভিত্তিতে পরিসংখ্যান প্রকাশ করে, নির্দিষ্ট কোনো কমান্ড বা সংস্থার ভিত্তিতে নয়। পেন্টাগনের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে প্রতি এক লাখ সামরিক সদস্যের মধ্যে ২৩ জনের বেশি আত্মহত্যা করেন। এই হার যুক্তরাষ্ট্রের সাধারণ জনসংখ্যার প্রায় দ্বিগুণ। ওই প্রতিবেদনে সাইবারস্পেস কার্যক্রমে চারটি এবং সিগন্যাল গোয়েন্দা কার্যক্রম ও ইলেকট্রনিক যুদ্ধে ১৪টি আত্মহত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। তবে এসব শ্রেণির সঙ্গে এনএসএ ও সাইবার কমান্ডের কর্মীদের সম্পর্ক কতটা, তা স্পষ্ট নয়।

গোয়েন্দা দফতর দুটোয় ঢোকার পথ

জুন-জুলাইয়ের মৃত্যুর পর সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর তদারকির দায়িত্বে থাকা কংগ্রেসের কমিটিগুলো এনএসএ ও সাইবার কমান্ডের শীর্ষ কর্মকর্তাদের কাছে এ বিষয়ে ব্রিফিং চায় এবং তা পায়। কর্মীদের মানসিক স্বাস্থ্যসেবার সমস্যাও আলোচনায় আসে। আগস্টে এনএসএর উপপরিচালক টিম কোসিবা হোয়াইট হাউসে গিয়ে কর্মকর্তাদের এ বিষয়ে ব্রিফ করেন। হোয়াইট হাউসের একজন প্রতিনিধিও সাইবার কমান্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সমবেদনা ও সহায়তার কথা জানান।

সব মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন। স্থানীয় পুলিশ ও বিভিন্ন সামরিক বাহিনীর তদন্তকারীরা কয়েকটি ঘটনা খতিয়ে দেখছেন। এনএসএ ও সাইবার কমান্ডের কর্মকর্তারা ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, প্রত্যেকের আত্মহত্যার পেছনে আলাদা ও জটিল কারণ ছিল। কারও ক্ষেত্রে ব্যক্তিগত সমস্যা, কারও ক্ষেত্রে আর্থিক সংকট ভূমিকা রেখেছে।

সেপ্টেম্বরে আত্মহত্যা করা ২১ বছর বয়সী নারী সেনাসদস্য ২০২৪ সালে মিনেসোটার একটি হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে যোগ দেন। পরে ফোর্ট মিডেতে সিগন্যাল গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ শুরু করেন। একটি পদকও পেয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুসংবাদে প্রকাশিত স্মৃতিচারণায় তাঁকে দুঃসাহসী তরুণী হিসেবে বর্ণনা করা হয়েছে। পড়তে ভালোবাসতেন।  আর অবসর কাটাতেন নর্ডিক স্কিইংয়ে।বরফের ওপর দিয়ে স্কি ও পোলের সাহায্যে দীর্ঘ পথ পাড়ি দেয়ার এক ধরনের শীতকালীন খেলা হলো নর্ডিক স্কিইং। তাঁর হাসি ছিল প্রাণবন্ত। হাসির শব্দ দিয়েই তাকে সহজেই চেনা যেত। পরিবারের এক সদস্য প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে না চাওয়ায় ব্লুমবার্গ তাঁর নাম প্রকাশ করেনি।

‘আমার ভাইয়ের খোঁজ নেননি কেন?’

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতে, আত্মহত্যার পেছনে সাধারণত একটিমাত্র কারণ থাকে না। গত জুনে আত্মহত্যা করা বিমানবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা টেকনিক্যাল সার্জেন্ট কেভিন স্টলিংসের শেষ বার্তায় উঠে এসেছে একাধিক সংকটের কথা। তিনি লিখেছিলেন ঋণের বোঝা, দাম্পত্য জীবনের অবসান, নিজের সামরিক ইউনিটে আগের একটি আত্মহত্যার ঘটনা এবং পোষা কুকুর স্কাডের মৃত্যুর কথা। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। মৃত্যুর আগে কী ঘটেছিল এবং সামরিক বাহিনী তাঁকে বাঁচাতে আরো কিছু করতে পারত কি না, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে পরিবারের।

গোপনীয় কর্মস্থলে কেভিন ছিলেন শান্ত, পরিশ্রমী এবং সহকর্মীদের দক্ষতা বাড়াতে সাহায্যকারী একজন বিশ্লেষক। তার সাবেক কমান্ডার টি. গুইডন ওভেন বলেন, 'আমাদের কর্মপরিবেশে সবচেয়ে কঠিন, স্বীকৃতিহীন ও অবহেলিত অথচ গুরুত্বপূর্ণ কাজগুলোর কয়েকটি কেভিন নিজের কাঁধে তুলে নিত। তাঁকে কখনো এ নিয়ে একবারও নালিশ করতে শুনিনি।'

পুলিশের নথি অনুযায়ী, ১৭ জুন অ্যাপয়েন্টমেন্টের কথা বলে ফোর্ট মিডের কর্মস্থল থেকে আগেভাগে বেরিয়ে যান কেভিন। পরদিন নির্ধারিত সময়ে কাজে না ফেরায়ও তাঁর খোঁজ নেয়ার বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। ২২ জুন বিকেলে বিমানবাহিনীর এক কর্মকর্তা উদ্বিগ্ন হয়ে পুলিশকে ফোন করেন। পুলিশ তাঁর অ্যাপার্টমেন্টে গিয়ে বিমানবাহিনীর কর্মকর্তাদের সাথে ভেতরে ঢোকে। সেখানে কেভিনের লাশ পাওয়া যায়।

 

'পেন্টাগনের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে প্রতি এক লাখ

সামরিক সদস্যের মধ্যে ২৩ জনের বেশি আত্মহত্যা করেন। এই হার যুক্তরাষ্ট্রের

সাধারণ জনসংখ্যার প্রায় দ্বিগুণ।

ওই প্রতিবেদনে সাইবারস্পেস কার্যক্রমে চারটি এবং

সিগন্যাল গোয়েন্দা

কার্যক্রম ও ইলেকট্রনিক যুদ্ধে

১৪টি আত্মহত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

তবে এসব শ্রেণির সঙ্গে এনএসএ ও সাইবার কমান্ডের

কর্মীদের সম্পর্ক কতটা, তা স্পষ্ট নয়'

 

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবাহিনীর নিয়ম অনুযায়ী, কোনো সদস্য কাজে না ফিরলে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে কমান্ডারদের তাঁর বাসায় গিয়ে খোঁজ নেয়ার কথা। তবে পুলিশ জানায়, লাশের অবস্থা দেখে মনে হয়েছে, উদ্ধারের অন্তত ১০ ঘণ্টা আগে কেভিনের মৃত্যু হয়েছিল। কাজে অনুপস্থিত থাকার পর লাশ উদ্ধারের আগ পর্যন্ত চার দিনে তাঁর সহকর্মীরা কী করেছিলেন, সে প্রশ্নের জবাব দেয়নি বিমানবাহিনী বা তদন্তকারীরা।

কেভিনের ভাই অ্যাডাম স্টলিংস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ঘটনা আমাকে ভীষণ ভাবে রাগিয়ে তোলে। আপনারা আমার ভাইয়ের খোঁজ নেননি কেন?’ তাঁর বাবা জেমস স্টলিংস দ্বিতীয়, যিনি নিজেও বিমানবাহিনীর সাবেক সদস্য, বলেন, ‘এ হলো দায়িত্বে চরম অবহেলা।’

ভার্জিনিয়ায় বেড়ে ওঠা কেভিন ছোটবেলায় শান্ত স্বভাবের ছিলেন। নিজের শোবার ঘরের ছাদে অন্ধকারে জ্বলে ওঠা তারার ছবি লাগিয়েছিলেন। রাতে কম্বলের নিচে টর্চ জ্বালিয়ে বই পড়তেন। সামরিক গোয়েন্দা সংস্থায় গোপন দায়িত্ব পালনের সময়ও তিনি ছিলেন অত্যন্ত অন্তর্মুখী। নিজের সমস্যার কথা কাউকে জানাতেন না। তাঁর বাবা ও ভাই দুজনেই জানান, কেভিনের মৃত্যুর পর তাঁরা প্রথম জানতে পারেন, বিষণ্নতার চিকিৎসায় তাঁকে ওষুধ দেয়া হয়েছিল।

মৃত্যুর আগে লেখা চিঠিতে সামরিক কমান্ডারদের কাছে মাফ চেয়েছিলেন কেভিন। লিখেছিলেন, তারা তার নিজের আত্মহত্যা ঠেকাতে পারতেন না। তার মৃত্যু তাদের চাকরির রেকর্ডে ‘দাগ’ ফেলবে—এটিও তিনি চাননি। ব্লুমবার্গের হাতে আসা ওই বার্তায় তিনি লিখেছিলেন, ‘এমন কিছু হলে আমি কখনো কারও কাছে সাহায্য চাইতে যেতাম না।’

কর্মঘণ্টা কমানোর উদ্যোগ

এনএসএ ও সাইবার কমান্ডের কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বহুদিনের। নিরাপত্তাবেষ্টিত জানালাবিহীন স্থাপনায় দীর্ঘ সময় একাকী কাজ করতে হয় তাঁদের। এর ওপর ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত এবং হ্যাকিংয়ে ক্রমেই দক্ষ হয়ে ওঠা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি মোকাবিলার চাপ পরিস্থিতিকে আরো কঠিন করেছে।

গত মার্চে এনএসএ ও সাইবার কমান্ডের দায়িত্ব নেয়া জেনারেল জশুয়া রাড এপ্রিল মাসে সাইবার কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ১ কোটি ১০ লাখ ডলার বরাদ্দ চান। কর্মীদের মধ্যে অবসাদ এবং সামগ্রিক কর্মক্ষমতা কমে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি এ অর্থের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অক্টোবরে মার্কিন আইনপ্রণেতারা এ বরাদ্দ অনুমোদনের জন্য দুটি পৃথক চিঠি দেন।

মেরিল্যান্ডের ডেমোক্র্যাট প্রতিনিধি সারাহ এলফ্রেথ, যিনি ওই দুটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন, বলেন, ‘এত সামরিক সদস্য ও বেসামরিক কর্মীর আত্মহত্যার ঘটনা প্রতিরক্ষা দফতরের অনেকের চোখ খুলে দিয়েছে। আমার মনে হয়, এই মুহূর্তে যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন, তা তাঁরা বুঝতে পেরেছেন।’

গ্রীষ্মের আত্মহত্যার ঘটনাগুলোর পর জেনারেল রাড নির্দেশ দেন, প্রতি ২৪ ঘণ্টায় সাইবার কর্মীদের অন্তত আট ঘণ্টা নিরবচ্ছিন্ন বিশ্রাম নিশ্চিত করতে হবে। বিশেষ অনুমতি ছাড়া টানা ১২ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না।

এনএসএ ও সাইবার কমান্ড নিজেদের মধ্যে চিকিৎসাসেবা ভাগাভাগির ব্যবস্থাও সম্প্রসারণ করেছে, যাতে বেসামরিক ও সামরিক কর্মীরা উভয় সংস্থার স্বাস্থ্যসেবা পেতে পারেন। এ ছাড়া পেন্টাগন বৃহত্তর সামরিক পুনর্গঠনের কিছু পদক্ষেপ স্থগিত রেখেছে। ওই পুনর্গঠনের ফলে কোনো কোনো সাইবার কর্মীর বার্ষিক প্রণোদনা সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা ছিল।

সাইবার কমান্ডের ওপর কংগ্রেসের নজর পড়েছে

নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার জটিল প্রক্রিয়ার কারণে সাইবার কমান্ডে পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ করাও কঠিন হয়ে পড়েছে। এ প্রক্রিয়ায় পলিগ্রাফ পরীক্ষা ও বিস্তারিত পটভূমি যাচাই করতে হয়। এতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রতিরক্ষা স্বাস্থ্য সংস্থার সাথে কাজ দ্রুত করেছে কমান্ড। এর ফলে যাচাই করা মানসিক স্বাস্থ্যকর্মীদের সহায়তা বাড়ানোর পাশাপাশি একজন মনোবিজ্ঞানী, একজন ক্লিনিক্যাল সমাজকর্মী ও দুজন ধর্মীয় পরামর্শক যুক্ত করা হয়েছে।

এনএসএ ও সাইবার কমান্ডের মুখপাত্ররা জানিয়েছেন, নিরাপত্তাবেষ্টিত কর্মস্থলেই মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং কর্মীদের আত্মহত্যা প্রতিরোধ ও সংকট মোকাবিলার দক্ষতা বাড়াতে সামরিক বাহিনীর অন্যান্য শাখার সাথে কাজ করছেন তাঁরা।

এদিকে, ওয়াল্টার রিড আর্মি ইনস্টিটিউট অব রিসার্চ সাইবার কমান্ডের কর্মপরিবেশ পর্যালোচনা করছে। এনএসএ ও সাইবার কমান্ডের কর্মীদের মানসিক স্বাস্থ্যসেবা দিতে কতজন বিশেষজ্ঞ প্রয়োজন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কংগ্রেস সদস্য সারাহ এলফ্রেথ স্বীকার করেন, ‘আমরা যুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানি। কিন্তু ইলেকট্রনিক যুদ্ধ মানুষের মনোজগৎ ও মানসিক স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে, সে বিষয়ে আমাদের জ্ঞান খুবই সীমিত।’