রাজনৈতিক জাগরণ, জেন-জি, বিশ্বজুড়ে, বিক্ষোভ-তরঙ্গ,
বাংলাদেশে জুলাই আন্দোলনের একটি দৃশ্য। দ্য গার্ডিয়ান

ব্রাজিল থেকে বাংলাদেশ, ভারত থেকে ফ্রান্স—কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তরুণ প্রজন্ম। তাদের আন্দোলনে বদলে যাচ্ছে বিশ্বের রাজনৈতিক দৃশ্যপট।

Advertisement

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত ‘অ্যা গ্লোবাল পলিটিক্যাল অ্যাওয়েকেনিং : হাউ জেন-জি প্রোটেস্টস আর সুইপিং দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্বজুড়ে জেন-জির রাজনৈতিক জাগরণ : বিক্ষোভের ঢেউ কীভাবে ছড়িয়ে পড়ছে’ শীর্ষক নিবন্ধে এই প্রজন্মের আন্দোলনের বিস্তার, নেপথ্যের কারণ ও প্রভাব বিস্তারিত তুলে ধরেছেন পত্রিকাটির দুই সাংবাদিক আশিফা কাসসাম ও লেক্স ম্যাকমেনামিন।

তারা লিখেছেন, ব্রাজিলে লাখ লাখ তরুণ অনলাইনে সংগঠিত হয়ে ভিডিও শেয়ার করেছেন, ছড়িয়ে দিয়েছেন নানা মিম। সার্বিয়ায় তরুণেরা নিজেদের দাবি বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সাইকেল চালিয়ে ইউরোপ পাড়ি দিয়েছেন। এমনকি অংশ নিয়েছেন আল্ট্রাম্যারাথন দৌড়েও।
হার্ভার্ড কেনেডি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানী এরিকা চেনোওয়েথ বলেন, ‘জেন-জি জেগে উঠছে। এটা এখন একেবারেই স্পষ্ট যে, এই প্রজন্মের উল্লেখযোগ্য একটি অংশ তাদের রাজনৈতিক ব্যবস্থা যখন তাদের হতাশ করছে, তখন আর নীরব দর্শক হয়ে থাকতে চাইছে না।’

২০২৫ সালে অস্ট্রিয়ায় সার্বিয়ার শিক্ষার্থীরা। দেশে চলমান বিক্ষোভের কথা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সাইকেল চালিয়ে তারা স্ট্রাসবুর্গ যাচ্ছিলেন। তারই একটি পর্যায়ের ছবি

গবেষকেরা বিশ্বের অন্তত ২৫টি বিক্ষোভের তথ্য নথিবদ্ধ করেছেন, যেখানে ১৪ থেকে ২৯ বছর বয়সী তরুণেরা ভূমিকা রেখেছেন। বাংলাদেশ থেকে বেলজিয়াম, ইতালি থেকে ভারত—বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্বকারী এই প্রজন্ম যেন এবার নিজেদের কণ্ঠ খুঁজে পেয়েছে। সাম্প্রতিক এক প্রবন্ধে চেনোওয়েথ লিখেছেন, ‘জেন-জি হয়তো বিশ্বজুড়ে এক রাজনৈতিক জাগরণের মধ্য দিয়ে যাচ্ছে।’

প্রথম দিকে আলোচনায় আসা অনেক বিক্ষোভই হয়েছিল এশিয়া ও আফ্রিকায়। ২০২৪ সালে বাংলাদেশের ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। তাদের আন্দোলনকে বর্ণনা করা হয়েছিল জেন-জির নেতৃত্বে বিশ্বের প্রথম সফল বিপ্লব হিসেবে।

তরুণদের রাস্তায় নামার কারণ অবশ্য সব দেশে এক নয়। কোথাও দুর্নীতি ও অসম প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিবাদ, কোথাও শিক্ষায় আরো বিনিয়োগ, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা কিংবা জলবায়ু সঙ্কট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবি তাদের রাস্তায় নামিয়েছে।

বাংলাদেশে আন্দোলনের সূত্রপাত হয়েছিল একটি কোটা আইনকে কেন্দ্র করে। কিন্তু দ্রুতই তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষে রূপ নেয়। দুই মাস পর পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালান হাসিনা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ভাষায়, তরুণ বিক্ষোভকারীরা তাকে ‘ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছিলেন’।

গত মাসের শেষ দিকে সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলন রাজপথ থেকে ক্ষমতার কেন্দ্রেও পৌঁছে যায়। নির্বাচনে আলেক্সান্দার ভুচিচকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় তারা। এর মধ্য দিয়ে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা তার দলের শাসনের অবসান ঘটে।

তবে পরিবর্তনের দাবিতে আন্দোলনে শিক্ষার্থী ও তরুণদের ভূমিকা নতুন নয়। বিশ্লেষক কেইট ডালেয়ার ও সেবাস্তিয়ান ডিটগেন সম্প্রতি এক লেখায় বলেছেন, দীর্ঘদিন ধরেই পরিবর্তনের আন্দোলনের সামনের সারিতে রয়েছেন শিক্ষার্থী ও তরুণেরা। এ প্রসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন এবং ২০১১ সালের আরব বসন্তের কথা উল্লেখ করেছেন।

রোমে লাখো মানুষের বিক্ষোভে একটি দৃশ্য। সরকারের নীতি, সামরিক ব্যয় বৃদ্ধি ও জীবনযাত্রার বাড়তি খরচের প্রতিবাদে রাজপথে নামেন মানুষ

তাদের মতে, বর্তমান আন্দোলনের বিশেষত্ব হলো মানুষকে সংগঠিত করার নতুন কাঠামো। টিকটক ও এক্স মানুষের ক্ষোভকে আরো ছড়িয়ে দিচ্ছে এবং দ্রুত তীব্র করে তুলছে। ডিসকর্ড সার্ভার ও গ্রুপ চ্যাটের মাধ্যমে বিকেন্দ্রীভূতভাবে আন্দোলনের পরিকল্পনা করা যাচ্ছে। ইন্টারনেট বন্ধ করে দেয়া হলেও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এবং একই কনটেন্টের বিকল্প কপি ব্যবহার করে আয়োজকেরা সেই বাধা এড়িয়ে যেতে পারছেন।

ব্রাজিলে গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রত্যাবর্তন ও বিজয়ের পেছনেও তরুণদের রাজপথের আন্দোলন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের এই শক্তিশালী সমন্বয় বড় ভূমিকা রেখেছিল। প্রথম দফার ভোটে ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর দেশটির বামপন্থী শিবিরে হতাশা নেমে আসে।

সেই পরিস্থিতি বদলে দেন ফ্লুমিনেন্স ফেডারেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লুলার সমর্থনে মিছিল বের করেন। সেই মিছিল থেকেই দেশজুড়ে একই ধরনের কর্মসূচির ঢেউ ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পর লুলার ঘনিষ্ঠ মিত্র ও কংগ্রেস সদস্য আন্দ্রে জানোনেস (৪২) ‘লুলার বাহিনী’ নামে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লুলার পক্ষে প্রচার জোরদার করতে আগ্রহী কয়েক মিলিয়ন মানুষ এতে যুক্ত হন।

এর দুই বছর পর, চার হাজার মাইল দূরে সার্বিয়াতেও আরেকটি বিপ্লবের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা। এমন এক সরকারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ান, যে সরকার ক্রমেই সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ জোরদার করছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের অনুগত লোকজন বসাচ্ছিল।

নির্বাচনে জয়ের রাতে তরুণদের এই ভূমিকার কথা স্বীকার করেন লুলা। তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় রাজপথে নেমে আসা ব্রাজিলের তরুণদের উদারতা ও অবদানের জন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

কিছু রাজনীতিক অবশ্য শুরু থেকেই জেন-জিকে কাছে টানার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশলী ব্যবহার এবং প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবীর একটি বিশাল বহর ছিল, যার কেন্দ্রে ছিলেন তরুণেরা। নিউইয়র্ক টাইমস লিখেছে, মামদানির প্রচারণায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা তরুণ নিউইয়র্কবাসীর জন্য একধরনের স্বস্তির উপলক্ষ হয়ে উঠেছিল। কারণ, এই প্রচারণা শুধু মানুষকে সংগঠিত করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগ ও মেলামেশার সুযোগও তৈরি করেছিল।

এর মধ্য দিয়ে জেন-জির বেড়ে ওঠার সময়কার বৈশ্বিক বাস্তবতারও প্রতিফলন ঘটেছে। ইসরাইল-গাজা যুদ্ধের মতো সংঘাত, ক্রমবর্ধমান জলবায়ু সঙ্কট এবং জাতীয়তাবাদের উত্থানে বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে। একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক ব্যবস্থা পরিচালনায় যেসব নিয়ম ও নীতি ভূমিকা রেখে এসেছে, সেগুলোও ক্রমে দুর্বল হয়ে পড়ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপজুড়েও তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে স্কুলশিক্ষার্থীরা কাজের পরিবেশ উন্নত করার দাবিতে আন্দোলন করেছে। স্পেনে সাশ্রয়ী আবাসনের দাবিতে তাঁবু খাটিয়ে বিক্ষোভ করেছেন তরুণেরা। জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ এবং শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু খাতে আরো বিনিয়োগের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। ‘জেন-জি রেগেল্ট!’ বা ‘জেন-জিই সব সামলে নেবে’—এই নামে একটি সংগঠনের উদ্যোগে বিক্ষোভের আয়োজন করা হয়।

ব্রাজিলের বেলো হরিজন্তেতে তরুণদের বিক্ষোভের এক সমাবেশে ‘এক্সপ্লোড’ শব্দটি ফুটিয়ে তোলা হয়েছে

বিক্ষোভগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে পেতে দেরি করেননি বিশ্লেষকেরা। প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিন আরানচা গনজালেস ইতালির দৈনিক কোরিয়েরে দেল্লা সেরাকে বলেন, ‘বিক্ষোভগুলোর কারণ ভিন্ন হতে পারে, কিন্তু সবগুলোর পেছনে একই স্ফুলিঙ্গ কাজ করছে। তা হলো, রাষ্ট্র ও সমাজের মধ্যে বিদ্যমান সামাজিক চুক্তির ভেঙে পড়া।’ তিনি আরো বলেন, ‘ইউরোপে অর্থনীতি মানুষের কল্যাণ ও সামাজিক সমতা নিশ্চিত করে—এই ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে।’

ভারতের ‘ককরোচ’ আন্দোলনেও একই ধরনের হতাশার প্রতিফলন দেখা যাচ্ছে। অনলাইনে ব্যঙ্গ-বিদ্রূপের মধ্য দিয়ে শুরু হওয়া এই আন্দোলন ক্রমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদে রূপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তিতে এগিয়ে চলা এবং গণতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত এই আন্দোলনের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে গত গ্রীষ্মে। ককরোচ আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির শিক্ষামন্ত্রী।

তবে আন্দোলনের বিরুদ্ধে ভারতের নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নও সমানভাবে দৃশ্যমান। হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, ছোড়া হয়েছে কাঁদানে গ্যাসের শেল, লাঠি দিয়ে পেটানো হয়েছে বিক্ষোভকারীদের। অক্টোবরে দিল্লির কেন্দ্রস্থলে তাদের জমায়েত ঠেকাতে কর্তৃপক্ষ চরম পদক্ষেপ নেয়। বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয়, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও গণপরিবহন।

তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা বিক্ষোভের আরেকটি বৈশিষ্ট্যও এতে স্পষ্ট হয়েছে। গবেষণায় দেখা গেছে, এসব আন্দোলনে অন্য বিক্ষোভের তুলনায় রাষ্ট্রীয় দমন-পীড়নের মাত্রা বেশি থাকে। অথচ সহিংসতার আশ্রয় নেয়ার প্রবণতা অন্যদের তুলনায় তাদের বেশি নয়।

ফ্রান্সে আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, পুলিশের অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন কিশোর এমনভাবে আহত হয়েছে, যেন তারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছে। ২০২৪ সালে বাংলাদেশের বিক্ষোভের পর জাতিসঙ্ঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর হাতে। গুরুতর আহত হয়েছেন আরো হাজার হাজার মানুষ। তাদের অনেকের আঘাত ছিল এমন, যা জীবনকে স্থায়ীভাবে বদলে দিয়েছে।

বিশ্বজুড়ে নাগরিক অধিকার ও স্বাধীনতা পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা সিভিকাস সাম্প্রতিক এক বিশ্লেষণে বলেছে, ‘অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার বণ্টন নিয়ে প্রশ্ন তোলার কারণে জেন-জির নেতৃত্বে গড়ে ওঠা বিক্ষোভগুলো বরাবরই রাষ্ট্রীয় সহিংসতার শিকার হয়েছে।’ তরুণ বিক্ষোভকারীদের ওপর চালানো সহিংসতার সাথে দীর্ঘদিন ধরে সাধারণভাবে মেনে নেয়া ক্ষমতার কাঠামো, ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রশ্নবিদ্ধ করার যোগসূত্রও তুলে ধরেছে সংস্থাটি।

মরক্কোয় ২০২৫ সালে ‘জেন-জি ২১২’ নামে পরিচিত একটি আন্দোলনে দুর্নীতি, অবহেলিত জনসেবা এবং সুযোগের অভাব নিয়ে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এর জেরে দুই হাজারের বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাদের অনেককে কঠোর কারাদণ্ড দেয়া হয়। কয়েক সপ্তাহ পর মেক্সিকোয় দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ হয়। পুলিশের সাথে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এ ঘটনায় গ্রেপ্তার হন কয়েক ডজন মানুষ।

এই দুই আন্দোলনের পরিণতি দেখিয়ে দেয়, জেন-জির বিক্ষোভ সব জায়গায় সমান সফলতা পায় না। তবে কখনো কখনো একটি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া ভিত্তি থেকেই জন্ম নেয় নতুন আন্দোলন। যুক্তরাষ্ট্রে আজকের তরুণদের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী আন্দোলনের বড় প্রভাব রয়েছে। ওই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল; অনেককে বহিষ্কার ও সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ক্যাম্পাসে শিক্ষার স্বাধীনতা খর্ব করার বৃহত্তর প্রবণতার অংশ হিসেবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বিক্ষোভবিরোধী নীতিও চালু করে।

তবে পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেমে থাকেনি। গত মাসে নর্থ ক্যারোলাইনায় ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপনের অনুমতি না দেয়ার প্রতিবাদে শত শত শিক্ষার্থী প্রচণ্ড গরমের মধ্যে মিছিল করে ভোটকেন্দ্রে যান। অন্যদিকে, কর্নেল সেভেন মামলা ঘিরে দেশজুড়ে হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন, বিক্ষোভ এবং বিভিন্ন ভবন দখল করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

হার্ভার্ড কেনেডি স্কুলের চেনোওয়েথের মতে, তরুণদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের এই ঢেউ বিশ্বব্যবস্থায় ‘প্রজন্মগত এক গভীর পরিবর্তনের’ সূচনা হতে পারে। এমন পরিবর্তন বিশ্বজুড়ে গণতন্ত্রের ক্রমাগত পশ্চাৎযাত্রা ঠেকানোর শক্তি হয়ে উঠতে পারে।

তবে শেষ পর্যন্ত বিষয়টি আরো মৌলিক এক সত্যের দিকে ইঙ্গিত করে, যা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে উপেক্ষিত হয়ে আসছে। প্যারিসের উত্তরের এক শহরতলির ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থী বিলাল নারজিসি সম্প্রতি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ কথা বলেন। ইউরোপজুড়ে তরুণদের আন্দোলনের বিস্ফোরণ সেই সত্যকেই সামনে এনেছে।

তিনি বলেন, ‘একটি বিষয়ে আমরা সবাই একমত। তরুণদের সাথে শিশুদের মতো আচরণ করা হয়, বড্ড বেশি। অথচ তাদের কথা যথেষ্ট মনোযোগ দিয়ে শোনা হয় না।’