
ইউরোপের বন্য পাখিদের মধ্যে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়ায় ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘অফিসিয়াল জার্নাল’-এ প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়েছে, ফ্রান্স তাদের মূল ভূখণ্ডে বার্ড ফ্লুর ঝুঁকির মাত্রা ‘মাঝারি’ থেকে বাড়িয়ে ‘উচ্চ’ পর্যায়ে উন্নীত করেছে। এই নতুন পদক্ষেপ শুক্রবার থেকে কার্যকর হবে।
ফরাসি নিয়ম অনুযায়ী, ‘উচ্চ ঝুঁকি’ হলো তিনটি স্তরের মধ্যে সর্বোচ্চ পর্যায়। এই পর্যায়ে পৌঁছালে বাড়তি নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো গৃহপালিত হাঁস-মুরগির মধ্যে ভাইরাসটির ছড়িয়ে পড়া রোধ করা।
ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী কয়েকটি দেশে বন্য পাখিদের মধ্যে এই রোগের প্রকোপ বেড়েছে এবং ফ্রান্সের ওপর দিয়ে যাওয়া পরিযায়ী পাখিদের যাত্রাপথেও ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্সের কয়েকটি অঞ্চলে গৃহপালিত হাঁস-মুরগির খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অঞ্চলগুলোর মধ্যে রয়েছে- জিরোন্দে, সেইনে-ম্যারিটাইম এবং হাঁস উৎপাদনের প্রধান কেন্দ্র ল্যান্দেস বিভাগ।
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








