রাশিয়ার একটি সামরিক বিমান
রাশিয়ার একটি সামরিক বিমান। সংগৃহীত ছবি

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি এএন-১২ মডেলের সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ১৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ উল্লেখ করা হয়েছিল।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি কেমেরোভোর একটি জনশূন্য এলাকায় আছড়ে পড়ে। বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সংবাদমাধ্যম ‘ইজভেস্তিয়া’র প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। এরপর সেটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, ওই অঞ্চলের ইয়াগুনোভো জেলায় একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলেও জানান।

পরবর্তীতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি