
গত দুই দিনে প্রায় দুই হাজার ২০০ জন অভিবাসী নৌযানে করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। গত রোববার (১৫ নভেম্বর) দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।
উত্তর-পশ্চিম আফ্রিকার অদূরে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জটি অভিবাসীদের জন্য স্পেনে প্রবেশের একটি প্রধান পথ। মূলত পশ্চিম আফ্রিকা থেকে আসা অভিবাসীরা ঝুঁকিপূর্ণ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অস্থায়ী নৌযানে করে এখানে পৌঁছানোর চেষ্টা করেন।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত সমুদ্রপথে স্পেনে ২৮ হাজারেরও বেশি মানুষ এসেছেন। এর মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিবাসী আগমনের হার বেড়ে যাওয়ায় মঙ্গলবার দ্বীপপুঞ্জটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। বিশেষ করে সাব-সাহারান আফ্রিকা থেকে অভিবাসীদের আগমনের হার বেড়েছে। দুই সপ্তাহ পরেই দেশটিতে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, তারা ১৪টি ছোট নৌযানে থাকা এক হাজার ৩২৪ জনকে সহায়তা করেছে। এদের বেশিভাগই ‘এল হিয়েরো’ দ্বীপে পৌঁছেছেন। দ্বীপটির মোট জনসংখ্যা ১২ হাজার। ২০২০ সালের ৭ নভেম্বর এই পথে একদিনে সর্বোচ্চ এক হাজার ৪৬১ জনকে উদ্ধারের রেকর্ড রয়েছে।
টেনেরিফেতে রেড ক্রসের জরুরি সমন্বয়কারী ডাসিল লিওন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই-কে জানিয়েছেন, রেড ক্রসের কর্মীরা বন্দরে অভিবাসীদের শুকনো কাপড়, খাবার ও পানি সরবরাহ করেন এবং তাদের আগমনের তথ্য নথিভুক্ত করেন।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত আটলান্টিক পাড়ি দেয়ার পথটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুট। যদিও দ্বীপগুলো আফ্রিকার নিকটতম উপকূল থেকে প্রায় ৬৫ মাইল দূরে অবস্থিত, তবুও অনেক অভিবাসী নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে দীর্ঘ পথ বেছে নেন। মৌরিতানিয়া থেকে ছেড়ে আসা এসব নৌযানে করে যাত্রা সম্পন্ন করতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এর আগে, গত জুলাই মাসে মাত্র দুই দিনের ব্যবধানে হাজার হাজার মানুষ মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান অঞ্চল সেউতাতে প্রবেশ করে। এই ঘটনায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে অভিবাসন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। এই যাত্রাপথে ১৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
সূত্র : এপি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








