
সার্বিয়ার ছাত্র-সমর্থিত রাজনৈতিক আন্দোলন সংগঠন গাজায় ইসরাইলি কর্মকাণ্ডকে ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
গত মাসে অনুষ্ঠিত আগাম সংসদীয় নির্বাচনে বিজয়ের পর তাদের ঘোষণা করা বৃহত্তর পররাষ্ট্রনীতির অংশ হিসেবে এ প্রতিশ্রুতি দেন তারা।
এই সংগঠন ‘স্টুডেন্ট প্ল্যান’ শিরোনামে একটি নথিতে তাদের অবস্থান তুলে ধরেছে। এতে ফিলিস্তিন ইস্যু, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, ইউরোপীয় সংহতি এবং রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্কের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, ‘আমাদের জনগণ ভালোভাবেই জানে যে গণহত্যা ও জাতিগত নিধনের শিকার হওয়ার অর্থ কী।’
এতে আরো বলা হয়েছে, শক্তিশালী দেশগুলোর দ্বারা দুর্বল জাতিগুলোর ওপর চালানো নিপীড়নের বিরোধিতা করা উচিত সার্বিয়ার। সুতরাং, গাজায় ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করার জন্য ইসরাইল যে সুপরিকল্পিত প্রচেষ্টা চালাচ্ছে, তাতে আমরা কোনোভাবেই অংশীদার হব না।
এছাড়াও জীবন বাঁচানো এবং হতাহতের সংখ্যা কমানোর লক্ষ্যে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ছাত্র-সমর্থিত রাজনৈতিক আন্দোলনটি।
এই নথিতে এমন এক পররাষ্ট্রনীতির প্রতিফলন ঘটেছে, যেখানে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের পাশাপাশি সার্বিয়ার জাতীয় স্বার্থের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি বসনিয়া ও হার্জেগোভিনা এবং কসোভোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
সূত্র : ডেইলি সাবাহ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








