মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি
মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি। সংগৃহীত ছবি

অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের ছবি ও ভিডিও ব্যবহার করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা।

Advertisement

ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি স্মার্টফোন ব্যবহারকারীর ছবি ও ভিডিওতে তাদের প্রবেশাধিকার রয়েছে। এই বিষয়টি ব্যবহারকারীদের যথাযথভাবে জানায়নি মেটা।

এ ঘটনায় মেটাকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইতালির কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ করতে হবে এবং ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে অনুমতি নিতে হবে। 

ফিচারটি চালু থাকলে ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দেয়া হয়।

কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ইতালির কোনো কর্তৃপক্ষের আরোপ করা জরিমানার মধ্যে এটি অন্যতম বৃহত্তম।

মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।

ফেসবুক পুরো অ্যাপের জন্য একটি সাধারণ অনুমতির মাধ্যমেই ব্যবহারকারীদের ফটো গ্যালারিতে প্রবেশের অনুরোধ জানাত। ইতালির নিয়ন্ত্রক সংস্থার মতে, আগে দেয়া বিজ্ঞপ্তিতে এটি স্পষ্ট ছিল না যে, এই অনুমতির ফলে ফেসবুক ব্যবহারকারীর গ্যালারিতে থাকা ছবিগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন পরামর্শ তৈরি করতে পারবে।

জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর বিপুল সংখ্যা এবং মেটার অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তাদের ভাষ্য, যারা এখনো অ্যাপটি আপডেট করেননি এবং যারা ইতোমধ্যে ফিচারটি ব্যবহারের সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রেও বিষয়টি চলমান রয়েছে। 

এদিকে মেটা এসব বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছে, ‘এটি একটি সাধারণ ফিচার, যা ব্যবহারকারীদের ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করতে সহায়তা করে। এটি কার্যকর হওয়ার আগে ব্যবহারকারীদের অবশ্যই তাদের ডিভাইসে অনুমতি দিতে হয় এবং তারা যেকোনো সময় সেটিংসের মাধ্যমে এই অনুমতি পরিবর্তন করতে পারেন।’

ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকও মেটা। গত মাসে মেটা তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য ইতিহাসের সবচেয়ে বড় জরিমানার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক মার্কিন বিচারক প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেন। 

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য কিভাবে পরিচালনা করা হয়, সে বিষয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণকে বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র : বিবিসি