
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে কৃষ্ণসাগর। চলতি বছর সেখানে হামলায় অন্তত ৪০ জন নাবিক নিহত হয়েছেন। হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে নাবিক নিহত হওয়ার নিশ্চিত সংখ্যা ২৪।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এনটিটিভি বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ খবর জানায়। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, চলতি বছর কৃষ্ণসাগরে ৫৭০টির বেশি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসেই আক্রান্ত হয়েছে প্রায় ৩৮৭টি জাহাজ। আগের তিন মাসের তুলনায় এ সংখ্যা পাঁচ গুণেরও বেশি।
অ্যামব্রের হিসাব বলছে, তৃতীয় প্রান্তিকে কৃষ্ণসাগরে প্রতিদিন গড়ে চারটির বেশি হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে হামলার ১২০টি ঘটনা নথিভুক্ত করেছে আইএমও। তবে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, দুই অঞ্চলেরই হামলার তথ্য অসম্পূর্ণ। ফলে প্রকৃত সংখ্যা ঠিক করা কঠিন।
কৃষ্ণসাগরে দুই পক্ষই বাণিজ্যিক জাহাজকে নিশানা করছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের খাদ্যপণ্য রফতানিবাহী জাহাজে হামলা চালাচ্ছে রাশিয়ার বাহিনী। অন্যদিকে, কৃষ্ণসাগরের অপর পাশে রাশিয়ার জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। অ্যামব্রের হিসাব অনুযায়ী, গত ৪৫ দিনের হামলার প্রায় ৯০ শতাংশের জন্য দায়ী রাশিয়া।
হামলা এখন ন্যাটোর সদস্যদেশগুলোর পানিসীমার কাছাকাছি পৌঁছে গেছে। গত ১৫ অক্টোবর রোমানিয়ার উপকূলে রাসায়নিকবাহী ট্যাংকার ‘ওয়াইন ট্রেডার’-এ বারবার ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটির সাতজন নাবিক নিখোঁজ হন। ২৩ অক্টোবর রোমানিয়ার উপকূলে ডুবে যায় পণ্যবাহী জাহাজ ‘খোরিভ’। এতে একজন নাবিক নিহত এবং তিনজন নিখোঁজ হন।
অ্যামব্রে বলছে, হামলার লক্ষ্য এখন উন্মুক্ত সমুদ্র এবং ন্যাটোর সদস্যদেশগুলোর একান্ত অর্থনৈতিক অঞ্চল। এতে সামরিক জোটটির ওপর চাপ বাড়ছে। ওয়াল স্ট্রিট জার্নাল পরিস্থিতিকে ন্যাটোর জন্য নতুন পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে।
ইরান যুদ্ধ অষ্টম মাসে গড়ানোয় জ্বালানি ও নৌবাণিজ্যের আলোচনায় হরমুজ প্রণালীই এত দিন প্রধান গুরুত্ব পেয়েছে। কিন্তু ইউক্রেনের গমসহ অন্যান্য খাদ্যপণ্য রপ্তানির জন্য কৃষ্ণসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সহিংসতা বাড়তে থাকায় নাবিকদের জীবন, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ববাজারে খাদ্যশস্যের সরবরাহ হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাহাজ চলাচল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এই বিপদের সবচেয়ে বড় বোঝা বইতে হচ্ছে নাবিকদের। কোন জাহাজে, কোন পথে তাদের পাঠানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তাদের খুবই কম। উত্তেজনা কমার কোনো লক্ষণ না থাকায় নাবিক, জাহাজমালিক ও বিমা প্রতিষ্ঠানগুলোর কাছে কৃষ্ণসাগর এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নৌপথগুলোর একটি হয়ে উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








