বন্দী মুক্তি, বড় মানবিক উদ্যোগ, চূড়ান্ত, মস্কো,  ট্রাম্পের দূতেরা, জ্যারেড কুশনার, স্টিভ উইটকফ
জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। আনদুলু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ বৃহস্পতিবার মস্কো যাচ্ছেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন তারা। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শেষে এই সফরে যাচ্ছেন দুই মার্কিন দূত।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা বুধবার (১১ নভেম্বর) জানায়, আলোচনায় বন্দীদের মুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন কুশনার। সাংবাদিকদের তিনি বলেন, ‘ইতিবাচক দিকগুলোর একটি হলো, আমরা বন্দীদের সবচেয়ে বড় মানবিক উদ্যোগের বিষয়ে একমত হয়েছি। বৃহস্পতিবার এ উদ্যোগের আওতায় কতজন বন্দী মুক্তি পাবেন, সেই সংখ্যা চূড়ান্ত করা হবে।’

মস্কো সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করে কুশনার বলেন, আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনা পর্যালোচনা করবেন তারা। সেখানে সমঝোতায় পৌঁছানোর কিছু নতুন সুযোগ ও সম্ভাবনা দেখা যাচ্ছে।

রাশিয়া সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো শান্তি আলোচনার পরিসর আরো বিস্তৃত করা। এ জন্য ইউরোপীয় দেশগুলোকে আলোচনায় যুক্ত করতে চায় ওয়াশিংটন। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি বহুপক্ষীয় কাঠামো গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।

কুশনার জানান, আলোচনা থেকে উঠে আসা প্রস্তাবগুলো নিয়ে আরো কথা বলতে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার অগ্রগতি জানাতে পরে ডাবলিন যাবেন দুই মার্কিন দূত।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। গত ফেব্রুয়ারিতে জেনেভায় আলোচনার পর এবারই প্রথম তিন পক্ষ সরাসরি শান্তি আলোচনায় বসে।